shono
Advertisement
Indian Women’s Hockey Team

৫২ বছর পর বিশ্বকাপে সেরা ফল, মহিলা হকি দলকে বিশাল আর্থিক পুরস্কার

সদ্য সমাপ্ত বিশ্বকাপে পঞ্চম স্থানে শেষ করেছে ভারত।
Published By: Prasenjit DuttaPosted: 03:29 PM Aug 29, 2026Updated: 03:32 PM Aug 29, 2026

ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি পেল ভারতীয় মহিলা হকি দল। সদ্য সমাপ্ত বিশ্বকাপে পঞ্চম স্থানে শেষ করেছে ভারত। যা ৫২ বছরে বিশ্বকাপে নিজেদের সেরা ফল। এই সাফল্যের জন্য হকি ইন্ডিয়ার তরফে ভারতীয় দলকে ৫০ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে। 

Advertisement

সালিমা তেতের নেতৃত্বে এবং সোয়ের্ড মারিনের কোচিংয়ে বিশ্বকাপে নেমেছিল ভারত। আমস্টেলভিনে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে অভিযান শেষ করে তারা। ভারতীয় দলের এই সাফল্যের পরেই ৫০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেন হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে। তিনি বলেন, "ভারতীয় মহিলা হকির জন্য এটি ঐতিহাসিক ফল। ৫২ বছর পরে বিশ্বকাপে পঞ্চম স্থানে শেষ করাই প্রমাণ করে এই দলের কঠোর পরিশ্রম, লড়াই করার মানসিকতা এবং দৃঢ়তা।"

তিনি আরও বলেন, "গোটা প্রতিযোগিতায় দল যে পরিশ্রম করেছে, তার জন্য হকি ইন্ডিয়ার পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। আশা করি, এই পুরস্কার খেলোয়াড়দের আরও ভালো পারফরম্যান্স করার অনুপ্রেরণা দেবে।" পুরস্কারের অর্থের মধ্যে ভারতীয় দলের প্রত্যেক খেলোয়াড় পাবেন ২ লক্ষ টাকা করে। দলের সাপোর্ট স্টাফদের দেওয়া হবে ১ লক্ষ টাকা করে। হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলানাথ সিংও দলের প্রশংসা করেছেন। বিশ্বের অন্যতম শক্তিশালী দলগুলির বিরুদ্ধে ভারত যেভাবে লড়াই করেছে, তার প্রশংসা করে তিনি জানান, এই পারফরম্যান্সই দলের ক্রমোন্নতির প্রমাণ।

বিশ্বকাপে ছ'টি ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে ভারত। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা চিন, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র করেছে তারা। দক্ষিণ আফ্রিকাকে আবার উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে। শেষ পর্যন্ত জার্মানিকে হারিয়ে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করে ভারত। ১৯৭৪ সালে আয়োজিত প্রথম মহিলা হকি বিশ্বকাপে চতুর্থ হয়েছিল ভারত। তার পর দীর্ঘ ৫২ বছরের অপেক্ষা। এবার পঞ্চম স্থান দখল করে বিশ্বকাপে দেশের সেরা ফলের নজির গড়লেন ভারতের তনয়ারা। সেই ঐতিহাসিক অভিযানেরই স্বীকৃতি হিসাবে এবার পুরস্কৃত হল ভারতীয় মহিলা হকি দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement