হকির এশীয় মঞ্চে সোনালি দিন ভারতের। চিনের ডেরায় গিয়ে তাদের ১-০ গোলে হারিয়ে জুনিয়র মহিলা হকি এশিয়া কাপে টানা তৃতীয় বার চ্যাম্পিয়ন ভারত। একই সঙ্গে বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করল দেশের মেয়েরা। অন্যদিকে, ঝড় তুলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারতের পুরুষ দলও।
২০২৪-এর ফাইনালেও চিনকে হারিয়েই খেতাব জিতেছিল ভারত। সেবার নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর শুটআউটে বাজিমাত করেছিল ভারতীয় দল। এবার অবশ্য ম্যাচের ভাগ্য নির্ধারণ করল একটি গোলই। ১৭ মিনিটে জয়সূচক ফিল্ড গোলটি করেন সানিকা চন্দ্রকান্ত মানে। তাঁর স্টিক থেকে আসা সেই গোলই শেষ পর্যন্ত দু'দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। বাকি সময় আক্রমণের পাশাপাশি রক্ষণেও নিজেদের জমাট রেখে ব্যবধান ধরে রাখে ভারত।
লড়াইটা যে সহজ হবে না, তা আগেই বোঝা গিয়েছিল। তিনবারের চ্যাম্পিয়ন চিন ঘরের মাঠে খেলছিল। তার উপর গোটা প্রতিযোগিতায় তারাও নজরকাড়া পারফরম্যান্স করেছে। কিন্তু ভারতের মেয়েরা শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল। কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে ১৯-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার পর সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন সুপ্রিয়া। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে জাপানকে ৬-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল চিন।
গ্রুপ পর্বেও দাপট দেখিয়েছিল ভারত। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল তারা। একই গ্রুপে গোলপার্থক্যে পিছিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছিল চিন। ফাইনালে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই হল। দুই দলই ট্যাকটিক্যাল গেম খেলেছে। কখনও ভারত আক্রমণে উঠেছে। কখনও চিন। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি আগে পেয়ে যাওয়ায় শেষ হাসি ভারতেরই। গোল করার পর রক্ষণ মজবুত করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে ভারতীয় দল।
মেয়েদের পর দেশকে গর্বিত করল দেশের জুনিয়র পুরুষ দলও। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ভারত। ৯ মিনিটে ভারতকে এগিয়ে দেন অজিত যাদব। চার মিনিটের মধ্যেই আনমল এক্কার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ২১ ও ৫০ মিনিটে প্রভদীপ সিং ও আশু মৌর্যর গোলে স্কোর লাইন হয় ৪-০। ৫৫ মিনিটে লি মিন-হিয়ক দক্ষিণ কোরিয়ার হয়ে ব্যবধান কমালেও ফলাফল বদলায়নি। পুরুষ দলও জুনিয়র এশিয়া কাপে সোনা জয়ের হ্যাটট্রিক করল। এমন কীর্তির পর নারী ও পুরুষ দলের প্রত্যেক খেলোয়াড়কে ৩ লক্ষ টাকা ও প্রত্যেক সাপোর্ট স্টাফের জন্য ১.৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে হকি ইন্ডিয়ার তরফে। এই পুরস্কার দেবে ভারতীয় হকির গভর্নিং বডি।
