shono
Advertisement
Neeraj Chopra

মাত্র .০৯ মিটারের জন্য দ্বিতীয়, এশিয়াডের আগে আত্মবিশ্বাসী নীরজ বলছেন, 'আমি ফিরছি'

কিছুদিন আগে কমনওয়েলথ গেমসে সোনা হাতছাড়া হয়েছিল নীরজ চোপড়ার। এবার লুসান ডায়মন্ড লিগেও সেই দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হবে ভারতের 'সোনার ছেলে'কে।
Published By: Arpan DasPosted: 09:05 AM Aug 22, 2026Updated: 09:05 AM Aug 22, 2026

কিছুদিন আগে কমনওয়েলথ গেমসে সোনা হাতছাড়া হয়েছিল নীরজ চোপড়ার। এবার লুসান ডায়মন্ড লিগেও সেই দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হবে ভারতের 'সোনার ছেলে'কে। প্রথম হয়েছেন সেই শ্রীলঙ্কার রুমেশ থরঙ্গা পাথিরাগে। তবে নীরজ ও সমর্থকদের জন্য স্বস্তির খবর, তারকা জ্যাভলিন থ্রোয়ারের উন্নতি। এদিন ৮৮ মিটারের বেশি ছুড়েও নীরজ দ্বিতীয় হয়েছেন মাত্র .০৯ মিটারের জন্য। পরে নীরজ নিজেও স্বীকার করে নিলেন, "আমি ফিরে আসছি।"

Advertisement

সুইজারল্যান্ডের লুসানে শুরুটা খারাপ করেননি নীরজ। প্রথম থ্রোতেই ৮৩.৫৪ মিটার ছোড়েন। তবে দ্বিতীয় রাউন্ডে চেনা নীরজকেই দেখা গেল। এবার ছুড়লেন ৮৮.০৫ মিটার। যা এই মরশুমে তাঁর সেরা থ্রো। অনেকেই মনে করেছিলেন, হয়তো প্রথম হওয়া নিশ্চিত। কিন্তু আস্তিনে তাস গুটিয়ে রেখেছিলেন পাথিরাগেও। পরের থ্রোতেই তিনি ৮৮.১৪ মিটার ছোড়েন। অর্থাৎ মাত্র ৯ সেন্টিমিটার এগিয়ে ছিলেন শ্রীলঙ্কার থ্রোয়ার। আর সেটাই পার্থক্য গড়ে দিল।

এরপর নীরজ ৮৩.৭২ মিটার ছোড়েন। তারপরেরটা ফাউল হয়। শেষ থ্রোতেও ভারতের জ্যাভলিন তারকা ৮২ মিটার ছোড়েন। ফলে দ্বিতীয় হয়েই থাকতে হবে নীরজকে। ৮৬.৬৯ মিটার ছুড়ে তৃতীয় হয়েছেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। পরে নীরজ বলেন, "আমি প্রথমে বুঝতে পারিনি যে পার্থক্য মাত্র ৯ সেমির। তবে ৮৮ মিটার ছুড়তে পেরে আমি খুশি। আমি নিজের টেকনিক উন্নত করেছি। অনেক পরিশ্রম করেছি। অনেক নিশ্চিন্ত লাগছে। প্রতিটা প্রতিযোগিতায় মনে হচ্ছে, আমি আরও ভালো ফর্মে ফিরছি।"

সেপ্টেম্বর মাসেই এশিয়ান গেমস। চোট-আঘাতের ধাক্কা সারিয়ে নীরজ যেভাবে ফিরে এলেন, তা আশ্বস্ত করবে ভারতের ভক্তদের। তবে চিন্তায় ফেলবেন পাথিরাগে। সাম্প্রতিক সময়ে নীরজকে জোর টক্কর দিচ্ছেন তিনি। কমনওয়েলথে ৮৯.৭৫ মিটার ছুড়ে বাজিমাত করে যান। সেখানে নীরজ ছুড়েছিলেন ৮৫.৮৩ মিটার। ফলে এশিয়াডেও দুই তারকার মধ্যে লড়াই দেখা যেতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement