ফের হকি ডার্বির রং সবুজ-মেরুন। কলকাতা প্রিমিয়ার হকি লিগের গ্রুপ পর্বের ম্যাচে ইস্টবেঙ্গলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল মোহনবাগান। ফাইনালেও সবুজ-মেরুন আগ্রাসন বজায় থাকল। কলকাতা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল মোহনবাগান। খেতাব জয়ের জন্য সবুজ-মেরুন খেলোয়াড়রা পাচ্ছেন ৪ লক্ষ টাকা। এরমধ্যে ২ লক্ষ টাকা ক্লাবের পক্ষ থেকে। বাকি ২ লক্ষ বাগান সচিব সৃঞ্জয় বোস ব্যক্তিগতভাবে ২ লক্ষ টাকা পুরস্কার মূল্য দেবেন সবুজ-মেরুন হকি খেলোয়াড়দের।
ফাইনালের আগে মোহনবাগান শিবিরে চোট-আঘাতের কোনও সমস্যা ছিল না। ইস্টবেঙ্গলে অবশ্য চোটের জন্য দুই তারকা দেবেন্দ্র বাল্মীকি ও আফফান ইউসুফকে ফাইনালে পায়নি। প্রাথমিকভাবে হকি লিগের ফাইনাল রবিবার করার পরিকল্পনা নিয়েছিল হকি বেঙ্গল। তবে সেদিন আইএসএলে মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি ম্যাচ রয়েছে যুবভারতীতে। তাই একদিন এগিয়ে শনিবার বিকাল চারটে থেকে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
গতবারও হকি লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মেরিনার্সরা। এদিন যুবভারতীর হকি স্টেডিয়ামে সেই ফলাফলেরি পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্য নিয়ে নেমেছিল মোহনবাগান। শনিবার শুরু থেকেই একাধিপত্য বজায় রাখেন ববি সিং ধামি, মহম্মদ রাহিলরা। যার ফলও পায়। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। গোল দু'টি করেন অভ্রান সুদেব এবং অর্জুন শর্মা।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান কমান প্রতাপ লাকরা। তবে ছাড়ার পাত্র ছিল না মোহনবাগানও। মহম্মদ রাহিল ৩-১ ব্যবধানে এগিয়ে দেন মোহনবাগানকে। এরপর দুই দল বেশ কিছু সুযোগ পেলেও তা থেকে গোল হয়নি। দু'দলের গোলকিপারই দুরন্ত কিছু সেভ করেন। শেষ পর্যন্ত খেলার ফলাফল থাকে সেটাই। হকি লিগের ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে স্টেনগান সেলিব্রেশনে মেতে ওঠেন সবুজ-মেরুন ফুটবলাররা। গোটা প্রতিযোগিতায়, কাস্টমস ম্যাচ বাদ দিয়ে, মোহনবাগান অসাধারণ খেলেছে। আক্রমণ থেকে ডিফেন্স সবেতেই প্রতিপক্ষকে টেক্কা দিয়েছেন বাগান খেলোয়াড়রা।
