গলফ দুনিয়ায় বড় ধাক্কা। ১৫টি মেজর জয়ী এবং নিজের প্রজন্মের অন্যতম সেরা গলফার টাইগার উডস সাময়িকভাবে গলফ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর সময়টা ভালো যাচ্ছে না টাইগার উডসের (Tiger Woods)। ৮ ঘণ্টা শ্রীঘরে থাকার পর জামিনে মুক্ত হয়েছিলেন তিনি। এবার জানা যাচ্ছে, গলফ থেকেও সরে দাঁড়াচ্ছেন উডস।
জানা গিয়েছে, চিকিৎসা সংক্রান্ত কারণে ১৫ বারের মেজর চ্যাম্পিয়ন উডস মাস্টার্স খেলতে পারবেন না। তিনি নিজেই এ কথা জানিয়েছেন। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, 'বর্তমান পরিস্থিতির গুরুত্ব আমি বুঝতে পারছি। নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে এবং প্রয়োজনীয় চিকিৎসা নিতে কিছুদিনের জন্য আমি সরে দাঁড়াচ্ছি।' তিনি আরও জানান, পুরোপুরি সেরে ওঠার জন্য এই সিদ্ধান্ত জরুরি। তিনি ব্যক্তিগত ও পেশাগত জীবনে আরও শক্তিশালী হয়েই ফিরতে চান। ৫০ বছর বয়সি এই গলফার তাঁর ব্যক্তিগত গোপনীয়তার রক্ষার আবেদন জানান।
এদিকে, তাঁর এই ঘোষণার পরই অগাস্টা ন্যাশনাল গলফ ক্লাবের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন সপ্তাহে বছরের প্রথম মেজর প্রতিযোগিতা দ্য মাস্টার্স টুর্নামেন্টে পাঁচবারের চ্যাম্পিয়ন উডস অংশ নেবেন না। ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এই সিদ্ধান্তের ফলে গলফ মহলে উডসের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার ফ্লোরিডার জুপিটার দ্বীপে স্থানীয় সময় বিকেলে একটি ট্রেলারকে টপকাতে গিয়ে পিছন থেকে ধাক্কা মারে উডসের রেঞ্জ রোভার। তারপরই উডসের গাড়িটি পালটি খেয়ে যায়। পুলিশের দাবি, দুর্ঘটনার পর নিজেই বেরিয়ে আসেন। পুলিশের বক্তব্য, তিনি ‘কোনও রকম ড্রাগের নেশায়’ গাড়ি চালাচ্ছিলেন। তবে তাঁর গাড়িতে কোনও মাদকদ্রব্য পাওয়া যায়নি। উডস নিজেও মূত্রপরীক্ষা দিতে রাজি হননি। তাঁর বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, সম্পত্তি ক্ষতি করা ও আইনের সঙ্গে অসহযোগিতার অভিযোগ আনা হয়। পরে সেদিন রাতেই জামিনে মুক্তি পান উডস। এবার জানা গেল, গলফ থেকে সাময়িকভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন উডস।
