বিশ্বকাপের প্রথম ম্যাচেই যাচ্ছেতাই পারফরম্যান্স করেছে পাকিস্তান। ইংল্যান্ডের কাছে ১-৪ গোলে হার দিয়ে অভিযান শুরু করেছে পাক হকি দল। এবার জানা গেল, সেই ম্যাচে পেনাল্টি কর্নারের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী না নিয়েই নেমেছিল পাকিস্তান। যার খেসারত দিয়ে ইংরেজদের বিরুদ্ধে গোহারান হারতে হয়েছে তাদের।
ঘটনাটি ঘটে ম্যাচের প্রায় ১৭ মিনিটে। ততক্ষণে ১-০ গোলে এগিয়ে গিয়েছে ইংরেজরা। ইংল্যান্ড পেনাল্টি কর্নার পাওয়ার পর দেখা যায়, পাকিস্তানের খেলোয়াড়দের প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম মাঠে নেই। বাধ্য হয়ে এক খেলোয়াড়কে দ্রুত ড্রেসিংরুমের দিকে ছুটে গিয়ে বড় কালো ব্যাগে করে সেই সরঞ্জাম মাঠে আনতে হয়। এই ঘটনায় ম্যাচে আরও বিড়ম্বনায় পড়ে পাকিস্তান। দেরির জন্য পাকিস্তানের অধিনায়ক আবু বকর মাহমুদকে সবুজ কার্ড দেখান আম্পায়ার। ফলে দু'মিনিট তাঁকে মাঠের বাইরে থাকতে হয়।
ঘটনার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন আখতার তীব্র সমালোচনা করেছেন। তাঁর কথায়, বিশ্বকাপের মতো মঞ্চে এমন ভুল একেবারেই কাম্য নয়। তাঁর কথায়, 'বাহ! পাকিস্তান হকির আরও একটি অনভিপ্রেত রেকর্ড! ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে নাকি পেনাল্টি কর্নারের সুরক্ষা সরঞ্জাম ড্রেসিংরুমেই ভুলে রেখে এসেছিল পাকিস্তান। ফলে অধিনায়ককে সবুজ কার্ড দেখতে হল। আন্তর্জাতিক হকির সবচেয়ে বড় মঞ্চে পেনাল্টি কর্নারের প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ভুলে যাওয়া একেবারেই মেনে নেওয়া যায় না।' পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলেন সলমন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের মন্তব্য, 'বিশ্বকাপ সর্বোচ্চ স্তরের পেশাদারিত্ব দাবি করে। প্রস্তুতি মানে শুধু কৌশল, ফিটনেস আর দক্ষতা নয়। শৃঙ্খলা ও সঠিক ব্যবস্থাপনাও খুব জরুরি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে আরও বেশি পেশাদার হতে হয়। এমন ঘটনা দেখে মনে হচ্ছে, বড় মঞ্চের জন্য পাকিস্তান আদৌ প্রস্তুত তো?'
পাকিস্তান হকির সাম্প্রতিক ইতিহাসে এমন পাকিস্তানের এমন ভুল অবশ্য নতুন নয়। ২০২৬ সালের জুলাইয়ে মাস্কাটে হকি ফাইভসের ম্যাচে ভারতের বিরুদ্ধে পাঁচ জনের বদলে ছ'জন খেলোয়াড় নামিয়ে দিয়েছিল পাকিস্তান। আম্পায়ারদের নজরে পড়তেই শাস্তি পেতে হয় তাদের। ভারত সেই ম্যাচ ৭-৩ গোলে জেতে। যোগাযোগের সমস্যাকেই ওই ভুলের কারণ বলা হয়েছিল। ২০২২ সালের এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বে জাপানের বিরুদ্ধে ১১ জনের বদলে ১২ জন খেলোয়াড় মাঠে থাকায় পাকিস্তানের একটি গোল বাতিল হয়েছিল। ২০২৩ সালের হকি বিশ্বকাপে জায়গা না পেয়ে সেই ভুলের খেসারত দিতে হয়। এবার বিশ্বকাপের মতো মঞ্চে পেনাল্টি কর্নারের প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামই ভুলে আসার ঘটনায় ফের প্রশ্ন উঠেছে, পাকিস্তান দলের ম্যানেজমেন্ট নিয়ে। ইংল্যান্ডের কাছে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা পাকিস্তানের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ১৭ আগস্ট ওয়েলস এবং ১৯ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে খেলবে তারা।
