shono
Advertisement
Pakistan Hockey

ভাঁড়ে মা ভবানী! হোটেলের বিল মেটানোর টাকা নেই, রাস্তায় ঠাঁই পাকিস্তানের খেলোয়াড়দের

বিদেশে গিয়ে প্লেয়াররা জানতে পারেন, হোটেলে তাঁদের জন্য কোনও ঘর বুক করাই নেই। ফের একবার বিশ্বের সামনে লজ্জায় মাথা হেঁট হয়ে গেল পাকিস্তানের। প্রায় কয়েক ঘণ্টা বিদেশের রাস্তায় রাস্তায় ঘুরলেন সেই দেশের খেলোয়াড়রা।
Published By: Arpan DasPosted: 08:48 PM Feb 13, 2026Updated: 08:48 PM Feb 13, 2026

দল চলে গিয়েছে বিদেশে টুর্নামেন্ট খেলতে। অথচ পকেটে নেই হোটেলের বিল মেটানোর টাকা। ফের একবার বিশ্বের সামনে লজ্জায় মাথা হেঁট হয়ে গেল পাকিস্তানের। প্রায় কয়েক ঘণ্টা বিদেশের রাস্তায় রাস্তায় ঘুরলেন সেই দেশের খেলোয়াড়রা। একদিকে যখন ক্রিকেট বিশ্বকাপ নিয়ে মাতামাতি, তখন এই অবস্থা পাকিস্তানের হকি খেলোয়াড়দের।

Advertisement

এফআইএইচ প্রো লিগের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় পাকিস্তান দল। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় নেমে আয়োজক দেশের কাছে হেরেও গিয়েছে পাক বাহিনী। তার আগে যে অস্বস্তিকর ঘটনার সাক্ষী থেকেছে, সেটারই যেন ছাপ পড়ল পাকিস্তানের খেলায়। পাকিস্তান হকি ফেডারেশন টাকা না দেওয়ায় হোটেলের বুকিং ক্যানসেল করে দেওয়া যায়। কারণ তাদের কাছে পর্যাপ্ত টাকা নেই। তাই বেশ কয়েক ঘণ্টা কার্যত রাস্তায় রাস্তায় ঘুরলেন পাকিস্তানের হকি খেলোয়াড়রা।

এই বিষয়ে এক সূত্র বলছেন, "প্লেয়ার ও কর্মকর্তাদের জন্য ক্যানবেরায় ফোর স্টার হোটেল বুক করা হয়েছিল। জানানো হয়েছিল, পাকিস্তান হকি সংস্থা সব টাকা শোধ করে দেবে। কিন্তু গত সপ্তাহে ক্যানবেরায় পৌঁছে প্লেয়াররা জানতে পারেন, ওই হোটেলে তাঁদের জন্য কোনও ঘর বুক করাই নেই। এমনকী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি হকি দলের কোচ।" অতএব বেশ কয়েক ঘণ্টায় রাস্তায় ঘুরে বেড়াতে হল খেলোয়াড়দের।

শেষমেশ স্থানীয় পাকিস্তানি বাসিন্দারা উদ্ধার করতে এগিয়ে আসেন। পরে অবশ্য হোটেলের ব্যবস্থা হয়। তবে তাতেও সমস্যা মেটেনি। ওই সূত্র আরও বলেন, "হোটেলে তখন আর ঘর ছিল না। তাই অল্প সংখ্যক ঘরে সবাইকে থাকতে হয়েছে। একটা ঘরে দুই-তিনজন প্লেয়ারকে থাকতে হয়েছে। আর পরদিন সেখান থেকেই সোজা মাঠে যেতে হয়েছে।" অবশ্য এর আগে আর্জেন্টিনায় গিয়েও প্লেয়ারদের টাকা আটকে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল পাকিস্তানের হকি খেলোয়াড়দের সঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement