চিনে গিয়ে বারবার ফাইনালে উঠেছেন। কিন্তু শেষ ধাপটা কিছুতেই পেরতে পারছিলেন না। এবার আর ভুল হল না। শনিবার শেনঝেনে দুরন্ত প্রত্যাবর্তনে এ সুপার ৭৫০-এর খেতাব জিতে নিলেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। যা নিঃসন্দেহে ভারতীয় ব্যাডমিন্টনের জন্য দুর্দান্ত খবর।
ফাইনালে চিনের হে জি তিং ও রেন শিয়াং ইউ-র বিরুদ্ধে শুরুটা একেবারেই ভালো হয়নি ভারতীয় জুটির। প্রথম গেমে ১১-২১ ব্যবধানে হেরে যান। সেখান থেকেই ঘুরে দাঁড়ান সাত্ত্বিক-চিরাগ। দ্বিতীয় গেমে ২১-১৩ জিতে সমতা ফেরান তাঁরা। তৃতীয় গেমে হয় 'কাঁটে কি টক্কর'। শেষ পর্যন্ত ২১-১৭ জিতে ১ ঘণ্টা ১০ মিনিটের লড়াইয়ে বাজিমাত করে ভারতীয় জুটি।
চিনে এই নিয়ে তৃতীয় বার ফাইনালে উঠেছিলেন সাত্ত্বিক-চিরাগ। ২০২৩ এবং ২০২৫ সালে তীরে এসে তরী ডুবেছিল তাঁদের। দু'বারই রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার আর সেই আক্ষেপ থাকল না। গত বছর সেপ্টেম্বরে কোরিয়ান জুটি সিও সেউং জে এবং কিম ওন হো-র কাছে মাত্র ৪১ মিনিটে হার স্বীকার করেছিল ভারতীয় জুটি। খেলার ফলাফল ছিল ২১-১৯, ২১-১৫। অতীতের বহুল থেকে শিক্ষা নিয়ে প্রাক্তন বিশ্ব র্যাঙ্কিংয়ে চার নম্বরে থাকা হে এবং রেনকে হারিয়ে চিন মাস্টার্সের ট্রফি উঠল তাঁদের হাতে।
চলতি মরশুমে এটি সাত্ত্বিক-চিরাগের দ্বিতীয় খেতাব। এর আগে সিঙ্গাপুর ওপেন সুপার ৭৫০ জিতেছেন তাঁরা। বলাই বাহুল্য সেটা ছিল বদলার ম্যাচ। যে কোরিয়ান জুটির কাছে চায়না মাস্টার্স ফাইনালে হেরে গিয়েছিলেন, তাদের বিরুদ্ধে জিতেছিলেন সাত্ত্বিক-চিরাগ। ৫২ মিনিটের কঠিন লড়াইয়ে ২১-১৯, ২১-১৮ ফলে জয় ছিনিয়ে নেন তাঁরা। এরপর থাইল্যান্ড ওপেন সুপার ৫০০-তেও ফাইনালে উঠেছিলেন ভারতীয় জুটি। ফলে মরশুম যত এগোচ্ছে, ততই ছন্দে ফিরছেন সাত্ত্বিক-চিরাগ।
