shono
Advertisement
BPCL

ভারতের সড়ক পরিকাঠামোয় নয়া মোড়, জোট বাঁধল বিপিসিএল, শেল এবং টিকি টার

দেশের সড়ক ও পরিকাঠামো ক্ষেত্রের ভোল বদলে দিতে এবার একজোটে ময়দানে নামছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল), শেল ইন্ডিয়া এবং টিকি টার।
Published By: Buddhadeb HalderPosted: 07:35 PM Jun 29, 2026Updated: 07:35 PM Jun 29, 2026

দেশের সড়ক ও পরিকাঠামো ক্ষেত্রের ভোল বদলে দিতে এবার একজোটে ময়দানে নামছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল), শেল ইন্ডিয়া এবং টিকি টার। সোমবার কলকাতায় একটি বিশেষ চুক্তির মাধ্যমে এই তিন সংস্থার যৌথ উদ্যোগের কথা ঘোষণা করা হয়। ২০১৯ সালে গঠিত ‘টিকি টার অ্যান্ড শেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ (টিটিএসআইপিএল)-এর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে হাত মেলাল বিপিসিএল।

Advertisement

এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হল ভারতে উন্নত মানের এবং দীর্ঘস্থায়ী ‘ভ্যালু অ্যাডেড বিটুমিন’ বা উন্নত মানের পিচ তৈরি করা। কেন্দ্রীয় সরকারের ‘ভারতমালা পরিযোজনা’র মতো মেগা প্রকল্পগুলির কারণে দেশে এখন হাইওয়ে ও বিমানবন্দের রানওয়ে তৈরির ধুম লেগেছে। সেখানে সাধারণ পিচের বদলে পলিমার মডিফাইড বিটুমিন ও বিটুমিন ইমালশনের মতো আধুনিক উপাদানের চাহিদা ব্যাপক। এই নতুন জোট সেই চাহিদাই পূরণ করবে। নতুন প্রযুক্তির সাহায্যে সড়ক নির্মাণে কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রেও জোর দেওয়া হবে।

এই জোটে প্রতিটি সংস্থাই নিজেদের সেরা শক্তিকে কাজে লাগাবে। শেল নিয়ে আসবে বিশ্বমানের প্রযুক্তি। টিকি টার তাদের দেশের ছয়টি অত্যাধুনিক কারখানার পরিকাঠামো ব্যবহার করে উৎপাদন সচল রাখবে। আর বিপিসিএল তার বিশাল বিপণন নেটওয়ার্কের মাধ্যমে এই পণ্য সরকারি প্রকল্প ও পিডব্লিউডি-র কাজে পৌঁছে দেবে। বিপিসিএল-এর চেয়ারম্যান সঞ্জয় খন্না জানান, এই জোট দেশের সড়ক নির্মাণে এক নতুন যুগের সূচনা করবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement