Advertisement
অমিতাভ থেকে দীপিকা-সলমন, বিনা পারিশ্রমিকে বিগ বাজেট ছবিতে অভিনয় করেছেন আর কারা?
মোটা অঙ্কের পারিশ্রমিক তো দূর। ছবিতে অভিনয় করতে গিয়ে একটি টাকাও নেননি এমন তারকা রয়েছেন অনেক। দেখে নিন সেই তালিকা।
বলিউডের এক একটি মেগাবাজেট ছবির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নেন বলিউডের খান থেকে শুরু করে শাহেনশা। প্রথম সারির অভিনেত্রীদের নামও রয়েছে সেই তালিকায়। মোটা অঙ্কের পারিশ্রমিক তো দূর। ছবিতে অভিনয় করতে গিয়ে একটি টাকাও নেননি এমন তারকাও রয়েছেন অনেক। দেখে নিন কারা রয়েছেন সেই তালিকায়।
সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'ব্ল্যাক'। এই ছবিতে মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল রানি মুখোপাধ্যায় ও অমিতাভ বচ্চনকে। শোনা যায়, এই ছবির জন্য নাকি একটি টাকাও পারিশ্রমিক নেননি অমিতাভ। পরে যদিও অমিতাভ বলেছিলেন, এমন এক ছবি কার্যতই অমূল্য। তাই এর জন্য পারিশ্রমিক নিতে চান না তিনি।
২০১৬ সালে পর্দায় মুক্তি পেয়েছিল বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত ছবি 'ট্র্যাপড'। বলিউড সূত্র মারফত শোনা যায় এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করলেও একটি টাকাও পারিশ্রমিক নেননি রাজকুমার রাও।
২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে দীপিকা পাড়ুকোনের। খান সাহেবের সঙ্গে প্রথম অভিনয় দীপিকা যে জাদু দেখিয়েছিল তা বলাই বাহুল্য। কানাঘুষো শোনা যায় যে, এই ছবিতে অভিনয়ের জন্য কোনও পারিশ্রমিক নেননি দীপিকা। ফারহা খানের ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ ঘটা ও শাহরুখের বিপরীতে প্রথম ছবিতেই অভিনয়ের সুযোগ পেয়েই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন দীপিকা।
এই তালিকায় রয়েছেন সুপারস্টার সলমন খানও। শোনা যায় সিদ্ধার্থ আনন্দের 'পাঠান' ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা গিয়েছিল ভাইজানকে। বলি পাড়া সূত্রে খবর এই চরিত্রে অভিনয়ের জন্য কোনও পারিশ্রমিক নেননি তিনি।
'ভাগ মিলখা ভাগ' ছবির জন্য অসম্ভব শারীরিক পরিশ্রম করেছিলেন ফারহান আখতার। 'অ্যাথলিট' মিলখা সিংয়ের প্রতি এ ছিল ফারহানের শ্রদ্ধা। তাই এই ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে কোটি টাকা নয় বরং ১১ টাকা নিয়েছিলেন ফারহান।
একই পথে হেঁটেছেন তামান্না ভাটিয়াও। 'ও রোমিও' ছবিতে কোনও পারিশ্রমিক না নিয়েই টানা ১২ দিন শুটিং করেছেন অভিনেত্রী। এই খবর প্রকাশ্যে এনেছেন খোদ ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ ।
২০১৪ সালে মুক্তি পেয়েছিল বিশাল ভরদ্বাজের ছবি 'হায়দার'। এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন শাহিদ কাপুর। দায়িত্ববান অভিনেতার মতো নজর রেখেছিলেন যাতে ছবির বাজেট পেরিয়ে গিয়ে অতিরিক্ত খরচ না হয়ে যায়। আর তা ঠিক রাখতেই শাহিদ নিজেই কোনও পারিশ্রমিক নেননি বলেই শোনা যায়।
Published By: Arani BhattacharyaPosted: 06:53 PM Feb 12, 2026Updated: 07:07 PM Feb 12, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
