Advertisement
স্মৃতিদের সঙ্গে খেলতে চান! বোর্ডকে 'উদারতা'র শিক্ষা পুরুষ থেকে মহিলা হওয়া বাঙ্গার-কন্যার
'আগে শিক্ষিত হন', কাকে তোপ দাগলেন অনয়া বাঙ্গার?
অনয়া বাঙ্গারকে নিয়ে বিতর্ক থামার কোনও লক্ষণ নেই। লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে মেয়ে হওয়া ক্রিকেটার ভারতে খেলতে পারবেন না। তবে অস্ট্রেলিয়ার লিগে খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন। যা নিয়ে প্রবল ক্ষিপ্ত দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার। এবার পালটা দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয়ের বাঙ্গারের সন্তান। তাছাড়া ইচ্ছা ছিল ভারতের মহিলা দলে খেলার। কিন্তু বিসিসিআইয়ের ভূমিকাতেও হতাশ তিনি।
রূপান্তরিত ক্রিকেটারদের মহিলা দলে আদৌ খেলানো উচিত কিনা সেই নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। আইসিসি-সহ একাধিক ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, রূপান্তরকামীদের মহিলা দলে খেলানো যাবে না। অনয়া বারবার বলেছেন, তিনি ক্রিকেটে ফিরতে চান। সেই আবেদনে সাড়া দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাঙ্গার-কন্যার দাবি অজি বোর্ডের টেস্টোস্টেরন লেভেল পাশ করে গিয়েছেন। ফলে বিগ ব্যাশে খেলা সম্ভব।
কিন্তু এই সিদ্ধান্তের প্রতিবাদে সুর চড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার মহিলা দলের ক্রিকেটার মারিজান কাপ। তাঁর তোপ, ‘এটা একেবারে অসহ্য ব্যাপার। এইভাবে রূপান্তরকামীদের মহিলা ক্রিকেট খেলার অনুমতি দেওয়া যায় না। এটা মেনে নেওয়া যায় না।’ তারপরই পালটা দিলেন অনয়া। তিনি বলেন, "যাঁরা এর বিরুদ্ধে কথা বলতে চান, তাঁদের উচিত এই নিয়ে নিজেদের শিক্ষিত করা। আমি ইতিমধ্যে তথ্য দিয়ে জানিয়েছি, কোনও অন্যায় সুবিধা নিইনি।"
অনয়া আরও বলেন, "আমার এখন কাজ অস্ট্রেলিয়ায় গিয়ে নিজেকে প্রমাণ করা। যদি ভালো খেলতে পারি, তাহলে বিগ ব্যাশে সুযোগ পাব। আমি ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। তার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার সমস্ত নীতি মেনে চলেছি।" ইতিমধ্যে অজি ঘরোয়া লিগের ক্লাবের খোঁজ করছেন একসময় যশস্বী জয়সওয়াল, সরফরাজ আহমেদের সতীর্থ। এর পাশাপাশি রূপান্তরিত হওয়ার পর বিসিসিআইয়ের ভূমিকা নিয়েও মুখ খুলেছেন অনয়া।
রূপান্তরের পর ভারতীয় মহিলা দলে সুযোগ চেয়েছিলেন তিনি। সেই জন্য বিসিসিআইয়ের কাছে আবেদনও করেন। কিন্তু কোনও সাড়া পাননি। উত্তর হিসেবে 'নীরবতা' পেয়েছেন। সেই নিয়ে প্রচণ্ড হতাশ অনয়া। তিনি বলেন, "রূপান্তরের সময় নিজেকে বড় একা মনে হয়। যেন আমাকে বোঝার মতো কেউ নেই। অনেকেই আমাকে সমাধান দিতে চেয়েছে। কিন্তু আমি তো জানি, সৎ পথে আছি। খেলার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। অস্ট্রেলিয়া আমাকে সুযোগ দিয়েছে।"
তাঁর সংযোজন, "আশা করব বিসিসিআই বিষয়টা নিয়ে উদার হবে। নতুন নিয়ম আনবে। কারণ এদেশে আমিই এরকম প্রথম ঘটনা ঘটাচ্ছি। দলে সুযোগ পেলে খুশি হব। সত্যি বলতে, এই রূপান্তরের মূল উদ্দেশ্য ছিল নিজের সত্তায় সুখী ও স্বচ্ছন্দ থাকা। তার জন্য এমন পরিস্থিতি হয় যে, পছন্দের ক্রিকেটও আমাকে ছেড়ে দিতে হত।" এদিকে অনয়ার পাশে দাঁড়াচ্ছেন প্রথম ট্রান্স ক্রিকেটার ড্যানিয়েলে ম্যাকগাহে।
আইসিসি’র নিয়ম অনুযায়ী, কেউ যদি পুরুষ হিসেবে বয়ঃসন্ধি কাটান, তাহলে পরে মহিলা হিসেবে খেলতে পারবেন না। একই নিয়ম মেনে চলে বিসিসিআই। ফলে ভারতে বা আন্তর্জাতিক ক্রিকেটে মেয়েদের দলে তাঁর আর খেলা হবে না। অনয়া বারবার বলেছেন, তিনি ক্রিকেটে ফিরতে চান। সেই আবেদনে সাড়া দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের নিয়ম অনুযায়ী ট্রান্সজেন্ডার ক্রিকেটারদের টেস্টোস্টেরন লেভেল 10 nmol/L হতে হয়। অনয়ার দাবি, সেই কঠিন পরীক্ষা তিনি পেরিয়ে গিয়েছেন।
অনয়া ২০২১ সালে লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেন। সেই মতো ‘হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি’ও হয় তাঁর। দীর্ঘ ১০ মাসের প্রক্রিয়া শেষে আরিয়ান থেকে অনয়া হয়েছেন তিনি। কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে থেকে যাওয়ার সময় অনেক লড়াই করতে হয়েছিল। বাবা সঞ্জয় বাঙ্গার নাকি স্পষ্টই বলেছিলেন, ক্রিকেটে তাঁর আর কোনও জায়গা নেই। সেই অনয়াই ফিরছেন ক্রিকেট মাঠে।
Published By: Arpan DasPosted: 08:07 PM Aug 29, 2026Updated: 09:10 PM Aug 29, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
