Advertisement
পুতুল নেবে গো..., বিশ্বকাপ মশলায় নতুন মাত্রা, মেসি-রোনাল্ডোর 'খেলনা' নিয়ে উন্মাদনা তুঙ্গে
নতুন এই সংগ্রহ ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের কেনাকাটার তালিকায় জায়গা করে নিয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। সেই আবহেই নতুন চমক নিয়ে হাজির বিশ্বখ্যাত খেলনা প্রস্তুতকারী সংস্থা লেগো গ্রুপকে। বিশ্ব ফুটবলে চার মহারথীকে ঘিরে একাধিক নতুন সেট বাজারে এনেছে তারা।
এর আগে তারা ব্লক দিয়ে ফিফা বিশ্বকাপ ট্রফির আইকনিক মডেল তৈরি করেছিল। এবার সেই উদ্যোগকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল সংস্থাটি। ফুটবল তারকাদের খেলনা তৈরি করেছে তারা।
ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে তারা হাত মিলিয়েছে চার মহাতারকা লিওলেন মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়স জুনিয়রের সঙ্গে। তাঁরাই প্রমোট করেছেন নতুন 'লেগো এডিশন' সিরিজের।
প্রথমবারের মতো চার তারকাকে মিনি ফিগার আকারে তুলে ধরা হয়েছে। ব্যাপারটা কেমন? সহজভাবে বললে, ছোট আকারে ব্লকের মাধ্যমে জীবন্ত করে তোলা হয়েছে তাঁদের। ভাইরাল এক ভিডিওয় দেখা গিয়েছে, ছোট ছোট ব্লক নিয়ে চার ফুটবলারই 'পাজেল' গেমে শামিল।
বিশ্বকাপকে ঘিরে লেগোর এই উদ্যোগ নতুন নয়। তবে এবারের সংগ্রহটি আরও বেশি সৃজনশীল। এর আগে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা এবং প্রায় ১,৫০০ টুকরোর একটি বিশেষ ডিসপ্লে ফুটবল (যার ভিতরে ছিল ক্ষুদ্র স্টেডিয়াম) বাজারে এনে প্রশংসা কুড়িয়েছিল সংস্থাটি।
'ক্রিয়েটিভ সকার কালচার'-এর ভাবনা থেকে তৈরি এই সিরিজ। সেখানে প্রত্যেক ফুটবলারের চেহারাই নয়, বরং তাঁদের কেরিয়ার ও ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলা হয়েছে। সঙ্গে রাখা হয়েছে ভক্তদের জন্য বিশেষ উপহার। এই সংগ্রহে মোট তিন ধরনের সেট রয়েছে। যা শিশু থেকে প্রাপ্তবয়স্ক - সব বয়সের সংগ্রাহকদের জন্যই উপযুক্ত। প্রথমত, 'ফুটবল হাইলাইটস' সেটে প্রত্যেক খেলোয়াড়ের গুরুত্বপূর্ণ মুহূর্তকে সিনেমাটিক ভঙ্গিতে তুলে ধরা হয়েছে।
প্রত্যেক সেটে দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট ফুটবলারকে জাতীয় দলের জার্সি পরিহিত ক্ষুদ্র মডেল রাখা। তাঁদের নামের প্রথম অক্ষর অনুযায়ী বিশেষ ডিজাইনের স্ট্যান্ড। যেমন মেসির জন্য ‘এল’, রোনাল্ডোর জন্য‘আর’, এমবাপের ‘এম’, ভিনিসিয়াসের ‘ভি’ আকৃতির বেস। সঙ্গে থাকছে জার্সি নম্বরও।
২০২২ সালে কাতার বিশ্বকাপের আগে একটি বিজ্ঞাপনে দাবার বোর্ডে মুখোমুখি হয়েছিলেন মেসি-রোনাল্ডো। চার বছর পর ফুটবল বিশ্বকাপের আবহে ফের একসঙ্গে বিজ্ঞাপনের মাঠে হাজির তাঁরা। যদিও এবার দাবা নয়, তাঁদের দেখা যাচ্ছে বিখ্যাত খেলনা প্রস্তুতকারী সংস্থার ব্লকে।
প্রতিটি সেটের সঙ্গে থাকছে সংশ্লিষ্ট ফুটবলারের আদলে তৈরি বিশেষ মিনি ফিগার। যা পুরো অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলছে। ফলে এটি শুধু সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রিয় তারকাদের ব্লক দিয়ে নিজের মতো করে জীবন্ত করে তোলার এক নতুন আনন্দ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা।
Published By: Prasenjit DuttaPosted: 06:35 PM Apr 02, 2026Updated: 01:56 AM Apr 03, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
