Advertisement
'ডিডিএলজে' থেকে 'রকি আউর রানি', 'প্রপোজ ডে'তে ফিরে দেখা বলিউডের সেরা দশ প্রেম নিবেদন
প্রেমের সপ্তাহের দ্বিতীয় দিনে অর্থাৎ প্রপোজ ডে'তে দেখে নেওয়া যাক বলিউডের জনপ্রিয় এই ছবিগুলির প্রেম নিবেদনের মুহূর্ত।
শহর জুড়ে এখন শুধুই প্রেমের মরশুম। শুরু হয়েছে ভ্যালেন্টাইন্স উইক। প্রেমের নানা বিশেষ দিন উদযাপিত হবে গোটা এক সপ্তাহ। প্রেমের সেই সপ্তাহের দ্বিতীয় দিনে অর্থাৎ প্রপোজ ডে'তে দেখে নেওয়া যাক বলিউডের জনপ্রিয় এই ছবিগুলির প্রেম নিবেদনের মুহূর্ত।
বলিউডের কোনও ছবির উদাহরণ দিয়ে যদি প্রেমের সংজ্ঞা বোঝাতে হয় তাহলে প্রথম আসে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-এর নাম। ১৯৯৫ সালের এই ছবিতে বিদেশে রাজ-সিমরনের 'পালট মোমেন্ট' থেকে সরষে ক্ষেতে হাঁটু মুড়ে প্রেম নিবেদন সবটাই আজও দর্শকের কাছে বড় চিরসবুজ। তাই প্রপোজ ডে'তে এই ছবির কথা ভুললে চলবে কী করে?
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'জব উই মেট। 'প্রাক্তন' জুটি শাহিদ কাপুর ও করিনা কাপুরের শেষ ছবি হলেও তা আজও অনাবিল আনন্দ দেয় দর্শককে। গীতের প্রাণোচ্ছল মুহূর্ত, হাসি ভরা মুখ আজও দর্শকের মনে এক আলাদা আমেজ আনে। ভুল মানুষের জন্য সমস্য নষ্ট করে নিজেকে গুটিয়ে নেওয়া গীত একটা সময়ে বুঝতে পারে তার সঠিক মনের মানুষ হল 'আদিত্য' শাহিদ কাপুর। এক বর্ণও ব্যয় না করে এই ছবির প্রেম নিবেদন যেন বেশ আলাদা বাকি আর সবকিছুর থেকে।
বলিউডের আরও এক 'প্রাক্তন' জুটি সলমন-ঐশ্বর্যর আইকনিক ছবি 'হাম দিল দে চুকে সনম'। 'সমীর' আর 'নন্দিনী'র প্রেম বিনিময়ের মুহূর্ত 'ঢোলি তারো' গানেই ফুটে উঠেছে। চোখে চোখে কথা আর ইশারায় মন দেওয়া নেওয়ার যে পর্ব চলেছিল। তাই এই এই ছবিও সেই অর্থে যে পর্দার প্রেম নিবেদনের এক আলাদা সংজ্ঞা বহন করে তা বলাই বাহুল্য।
২০০৩ সালে মুক্তি প্রাপ্ত ছবি 'কাল হো না হো'। এই ছবিতেও 'লাভ গুরু' সেই শাহরুখ। 'নয়না'র সঙ্গে 'আমন'-এর অম্লমধুর সম্পর্ক ধীরে ধীরে বদলে যায় ভালোবভাসায়। কিন্তু ভালোবাসলেই যে সেই মানুষকে জীবনে পাওয়া যাবে এমনটা তো নয়। নিয়তির পরিহাসে দু'জনের এক হওয়া হয় না। 'নয়না' প্রীতি জিন্টার সংসার গড়ে ওঠে 'শেখর' সইফের সঙ্গে। কিন্তু এই ছবিতে শেখরের সঙ্গে ভুল বোঝাবুঝির মুহূর্তে ডায়েরি হাতে অব্লীলায় মনের কথা 'নয়না'কে জানানোর মুহূর্তটিও পর্দায় প্রেম নিবেদনের এক অনবদ্য মুহূর্ত তা বলাই বাহুল্য।
'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'র কথা মনে আছে? নিজের খেয়ালে চলা 'বানি'র জীবনে হিমেল হাওয়ার মতো আসে 'নয়না'। প্রথমে পরিচয় তারপর বন্ধুত্ব থেকে প্রেম। যা আমূল পালটে দেয় বানির জীবন। 'নয়না'র বাড়ি পৌঁছে 'বানি'র তাকে প্রেমনিবেদনের মুহূর্তটি সকলের ভীষণ চেনা।
এই তালিকায় জায়গা করে নিয়েছে 'রকি আউর রানি কি প্রেম কাহানি'। বাঙালি ও পাঞ্জাবী পরিবারের দু'টি ছেলেমেয়ের জমাট প্রেমের বুনোটে তৈরি এই ছবির পরতে পরতে যেন ভালোবাসার এক আলাদা রোমাঞ্চ। এই ছবির জনপ্রিয় প্রেম নিবেদনের মুহূর্ত আর সঙ্গে সেই জনপ্রিয় রেট্রো মিউজিক 'আভি না যাও' এক আলাদা আবেগ তৈরি করে প্রত্যেক সিনেপ্রেমীদের মনে। তাই প্রপোজ ডে'তে এই ছবিকে একেবারেই বাদ দিলে চলবে না।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত 'শেরশাহ' ছবিতে গুরুদুয়ারে কিয়ারা ও সিদ্ধার্থের একটি দৃশ্য ছিল যেখানে পর্দার ক্যাপ্টেন বাত্রাকে দেখা গিয়েছিল প্রেমিকার মাথায় তোলা ওড়নার শেষ অংশটুকু ধরে গুরুদুয়ারে প্রদক্ষিণ করতে। যা শেষ হওয়ার পর পর্দায় কিয়ারাকে সিদ্ধার্থ অভিনন্দনও জানান। এর থেকে মিষ্টি প্রেম নিবেদনের মুহূর্ত আর কীই বা হতে পারে?
বহুদিনের বন্ধুত্ব, কিন্তু একে অপরের মন পড়তে বড্ড সময় নিয়ে ফেলেছিল। কোন ছবির কথা হচ্ছে বুঝতে পারছেন? ছবি 'জানে তু ইয়া জানে না'। পর্দায় জেনেলিয়া ডি'সুজা ও ইমরান খানের বন্ধুত্ব, না বলা ভালোবাসা সারা ছবি জুড়ে মন ভালো করে দিলেও, 'কাহানি মে টুইস্ট' আসে এক্কেবারে শেষে। যখন বিমানবন্দরে অদিতিকে প্রেম নিবেদন করে জয়। সেই মুহূর্ত কি আর ভোলার? অনাড়ম্বর প্রেম নিবেদন ঠোঁটের কোণায় অজান্তেই এক চিলতে হাসি ছড়িয়ে দিয়ে যাবে। ছবি: সোশাল মিডিয়া
Published By: Arani BhattacharyaPosted: 02:55 PM Feb 08, 2026Updated: 02:58 PM Feb 08, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
