Advertisement
পর্দায় ঠোঁটঠাসা চুমুতে আপত্তি সলমনের, আর কোন সেলেব রয়েছেন এই তালিকায়?
'নো কিসিং' নীতি ভেঙে যিশুর সঙ্গে চুমুর দৃশ্যে ঝড় তুলেছেন কাজল। সম্প্রতি এক পডকাস্টে তা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।
চরিত্রের প্রয়োজনে অনেক সময়ই বেশ কিছু ত্যাগ শিকার করতেই হয়। একজন পেশাদার শিল্পীর জীবনের এটা অবিচ্ছেদ্য অংশ। দর্শকের দরবারে নিজের চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টায় কোনও ত্রুটি রাখেন না অভিনেতারা। তা সত্ত্বেও অনেকেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে কিছুটা পিছপা হন। রিল লাইফেও ঠোঁটঠাসা চুমুতে আপত্তি রয়েছে অনেকে।
ঠিক যেমন অজয়পত্নী কাজল খুব একটা সাহসী দৃশ্যে অভিনয়ে অভ্যস্ত নন। পর্দায় নায়কের সঙ্গে ঠোঁটঠাসা চুমুতে কিছুটা আপত্তিই ছিল তাঁর। তিন দশকের লম্বা কেরিয়ারে নীতি থেকে একচুলও নড়েননি। তবে সিদ্ধান্ত বদলের পরই যীশু সেনগুপ্তের সঙ্গে অনস্ক্রিন চুমুতে ঝড় তুলেছিলেন অজয়পত্নী।
‘নো কিসিং’ নীতি নিয়ে মুখও খোলেন কাজল। একটি পডকাস্টে অভিনেত্রী বলেন, “দৃশ্যটি হঠাৎ করে সিরিজে যোগ করা হয়নি বরং চরিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এটা শুধু চুম্বন ছিল না, চরিত্রটাকে দর্শকের সামনে উপযুক্ত করে তোলার প্রয়োজনীয় উপাদান। চিত্রনাট্যের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল তাই এই অংশটুকু বাদ দিলে চরিত্রের একটা বড় অংশই বাদ চলে যেত। একজন পেশাদার শিল্পী হিসেবে সিদ্ধান্ত বদলেছি।”
শুটিংয়ের আগের মুহূর্তেও অস্বস্তিতে ছিলেন কাজল। বলেন, “এই বিষয়টা নিয়ে খুবই অস্বস্তিতে ছিলাম। শুটিং ফ্লোরে দাঁড়ানোর আগেও অনিশ্চয়তার মধ্যে ছিলাম। সত্যিই এই দৃশ্যে শট দিতে পারব? শেষ পর্যন্ত এটিকে পেশাদার সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করেছি।” কেরিয়ারের গোড়াতে বেশি ভাবনাচিন্তা না করেই অনেক সিদ্ধান্ত নিয়েছেন। সেগুলো সবসময় সঠিক হত না সেই কথাও অকপটে স্বীকার করেন কাজল।
তাঁর প্রেমিকসুলভ চেহারা বহু তরুণীর মন কেড়ে নেয়। সেই শাহরুখ খানেরও নাকি চুম্বন দৃশ্যে আপত্তি ছিল। ২০১২ সালে অবশ্য নীতি বদল করেন। যশ চোপরার 'যব তক হ্যায় জান' ছবিতে ঘনিষ্ঠ চুম্বন দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে।
কাজলের মতো 'নো কিসিং' পলিসি নিয়েই চলতেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ১৮ বছরের লম্বা কেরিয়ারে এই নীতি মেনে চলেছেন তিনি। তারপর সুজয় ঘোষের 'লাস্ট স্টোরি ২'তে ঠোঁটঠাসা চুমুর দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে। তবে অভিনেত্রী জানান, অযথা জনপ্রিয়তার আশায় নয়, চিত্রনাট্যের কথা মাথায় রেখে সিদ্ধান্ত বদল। তামান্নার আরও দাবি, পরিচালক সুজয় ঘোষের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া করতে চাননি। তাই চুম্বনের দৃশ্যে আপত্তি করেননি।
'নো কিসিং' নীতিতে এখনও বদল আসেনি সলমন খানের। এখনও পর্যন্ত রিল লাইফে ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্যে অভিনয় করেননি তিনি। তার নেপথ্যে অবশ্য রয়েছে একাধিক কারণ। নিজে মুখে সলমন জানান, ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্যে অভিনয় করতে অস্বস্তিবোধ করেন 'ভাইজান'। পরিবারের কথা ভেবেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চান না তিনি।
এখনও পর্যন্ত কোনও ছবিতে ঠোঁটঠাসা চুমুর দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি সোনাক্ষী সিনহাকে। তাঁর দাবি, এই দৃশ্যে অভিনয় করতে অস্বস্তিবোধ করেন। এই সিদ্ধান্তের জন্য কোনও বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হলেও সিদ্ধান্ত থেকে একচুলও নড়বেন না বলেই দাবি অভিনেত্রীর। তবে তিনি বিশ্বাস করেন, যদি কোনও পরিচালক তাঁকে একজন ভালো অভিনেত্রী হিসাবে সুযোগ দেন। তবে শুধুমাত্র 'নো কিসিং' নীতির জন্য তাঁকে বাদ দেবেন না।
'নো কিসিং' নীতি মেনে চলেন ববি দেওল। ভরা শুটিং সেটে সকলের সামনে চুম্বনে অস্বস্তি হয় অভিনেতার। কাকতালীয়ভাবে আবার সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ছবিতে একটি চুম্বন দৃশ্য ছিল ববির। যদিও ওই চুমুটি ছিল ভাইয়ের প্রতি ভালোবাসা বোঝাতে। তবে পরবর্তীকালে পরিচালকের সিদ্ধান্তে ওই দৃশ্যটি মুছে দেওয়া হয়।
রিল লাইফে চুম্বন দৃশ্যে আপত্তি রয়েছে রীতেশ দেশমুখেরও। ২০১০ সালে মিলাপ জাভেরির 'জানে কাহা সে আয়ি হ্যায়' ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয়ের প্রস্তাব ফেরান। মনে করেন, শুটিং সেটের ভিড়ে এমন দৃশ্যে অভিনয় করার সময় একাত্ম হতে পারবেন না। তাই অনস্ক্রিন চুমু খাননি। ২০২২ সালে 'ভেদ' ছবিতে রিয়েল এবং রিল লাইফ পার্টনার জেনেলিয়া ডি'সুজাকে চুমু খান রীতেশ।
দক্ষিণী তারকা সাঁই পল্লবীও একই নীতিতে বিশ্বাসী। তিনি নাকি অনস্ক্রিন চুমুর দৃশ্যে অভিনয় করতে লজ্জা পান। সে কারণে এমন কোনও দৃশ্যে অভিনয় করেন না। ২০২১ সালে 'লাভ স্টোরি' ছবিতে তাঁকে নাগা চৈতন্যর সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছিল। এমন নানা ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়। তবে সেটি মোটেও আসল নয় বলেই জানান অভিনেত্রী।
Published By: Sayani SenPosted: 04:36 PM Apr 27, 2026Updated: 04:40 PM Apr 27, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
