Advertisement
ফুটবল বিশ্বকাপের জার্সিতে আপনার প্রিয় পোষ্য! সংস্থার অভিনব প্রচারের নেপথ্য কারণ কী?
এবার আদরের পোষ্যকে প্রিয় দলের জার্সি পরিয়েই একসঙ্গে বিশ্বকাপের আনন্দ উপভোগ করতে পারেন!
ফুটবল বিশ্বকাপের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রিয়জনদের সঙ্গে বসে ম্যাচ দেখার পরিকল্পনা করছেন অনেকেই। কেউ আবার বন্ধুদের সঙ্গে প্রিয় দলের জার্সি গায়ে চাপিয়ে মেসি-রোনাল্ডোদের জন্য গলা ফাটানোর অপেক্ষায়। বিশ্বকাপের উন্মাদনায় শামিল হতে চাইছেন পোষ্যপ্রেমীরাও। আদরের কুকুর বা বিড়ালকে পাশে নিয়েই ফুটবলের আনন্দ উপভোগ করতে চান অনেকে। তাঁদের জন্য এবার এসেছে সুখবর।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী অ্যাডিডাস বাজারে এনেছে বিশেষ ‘পেট কালেকশন’। বিড়াল ও কুকুরের জন্য তৈরি এই আকর্ষণীয় জার্সিগুলি ইতিমধ্যেই ফুটবলপ্রেমী ও ফ্যাশনপ্রেমীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। অনেকেই এখন ভাবছেন, প্রিয় দলের জার্সি পরিয়ে আদরের পোষ্যের সঙ্গে একসঙ্গে বিশ্বকাপ উপভোগ করবেন। অভিনব এই উদ্যোগ বিশ্বকাপের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে পোষ্যপ্রেমীদের কাছে।
তবে শুরুতেই সব দেশের জার্সি নয়, আপাতত বিশেষ এই কালেকশনের জন্য বেছে নেওয়া হয়েছে মেক্সিকো, কলম্বিয়া, আর্জেন্টিনা এবং জাপানকে। প্রতিটি জার্সিতেই ধরা পড়েছে সেই দেশের ফুটবল সংস্কৃতির ছোঁয়া। কোথাও উজ্জ্বল রঙের ঝলক, কোথাও আবার ঐতিহ্যবাহী নকশার ছাপ। আর্জেন্টিনার আকাশি-সাদা, জাপানের সিগনেচার নীল, মেক্সিকোর প্রাণবন্ত সবুজ কিংবা কলম্বিয়ার উজ্জ্বল হলুদ, সব মিলিয়ে আদুরে পোষ্যদের জন্যও তৈরি হয়েছে জার্সি।
অ্যাডিডাস জানিয়েছে, জার্সিগুলিতে থাকবে হিট ট্রান্সফার প্রযুক্তিতে তৈরি দলের প্রতীক ও সংস্থার নিজস্ব ব্র্যান্ডিং। মানুষের জার্সির আদলে ছোট আকারে ডিজাইন করা হয়েছে পোশাকগুলি, যাতে পোষ্যদের জন্য আরামদায়ক হয়।
সংস্থার দাবি, এটি নিছক মজা করার জন্য করা হয়নি। বিশ্বকাপের আবেগকে নতুনভাবে সেলিব্রেট করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটবলকে শুধু মাঠের খেলায় সীমাবদ্ধ না রেখে, দৈনন্দিন জীবনযাপন ও ফ্যাশনের অংশ করে তুলতেই পোষ্যদের জন্য এই বিশেষ কালেকশন বাজারে আনা হচ্ছে।
এর আগেও পোষ্যদের জন্য বিশেষ ট্র্যাকস্যুট এনেছিল অ্যাডিডাস। চলতি বছরের ফেব্রুয়ারিতে চিনা নববর্ষ উপলক্ষেও তারা আলাদা পেট কালেকশন প্রকাশ করেছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নতুন ‘পেট কালেকশন’ বাজারে আনছে সংস্থাটি। বিড়াল ও কুকুরের জন্য তৈরি এই বিশেষ সিরিজ ইতিমধ্যেই নজর কেড়েছে ফুটবল ও পোষ্যপ্রেমীদের।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে সংস্থাটি ক্রীড়া পণ্যের পাশাপাশি লাইফস্টাইল ও সংস্কৃতিভিত্তিক ব্র্যান্ডিংয়ে বেশি জোর দিচ্ছে। ফলে শুধু খেলোয়াড় নয়, সাধারণ ফ্যাশনপ্রেমী এবং পোষ্যপ্রেমীদের কাছেও নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর কৌশল নিচ্ছে সংস্থাটি।
অ্যাডিডাসের এমন ‘কলাবরেশন স্ট্রাটেজি’ নতুন কিছু নয়। ১৯৮০-র দশকে জনপ্রিয় র্যাপ গ্রুপ রান-ডিএমসি-র সঙ্গে কাজ করে ব্যাপক সাড়া ফেলেছিল তারা। সেই সময় থেকেই ক্রীড়া সংস্কৃতিকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে ব্র্যান্ডটি।
বর্তমানে অ্যাডিডাসের সঙ্গে যুক্ত রয়েছেন লিওনেল মেসি ও ডেভিড বেকহ্যাম। পাশাপাশি ফ্যাশন দুনিয়ায় ফ্যারেল উইলিয়ামস, ইওজি ইয়ামামোতো এবং বিলাসবহুল ব্র্যান্ড গুচি-র মতো ফ্যাশন ও সংস্কৃতির বড় নামদের সঙ্গেও হাত মিলিয়েছে সংস্থাটি।
এই ধরনের উদ্যোগই বারবার সাফল্য এনে দিচ্ছে অ্যাডিডাসকে। ২০২৫ সালের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, সংস্থার মোট বিক্রি প্রায় ২৯.১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। জুতোর বিক্রি বেড়েছে ১২ শতাংশ। পোশাকের বিক্রিতেও হয়েছে উল্লেখযোগ্য বৃদ্ধি। শুধু পোষ্যদের জার্সি দিয়ে বড় পরিবর্তন না এলেও, নতুন নতুন ভাবনায় ব্র্যান্ডকে আরও জনপ্রিয় করে তুলতেই এই পথে হাঁটছে অ্যাডিডাস।
Published By: Prasenjit DuttaPosted: 08:10 PM May 14, 2026Updated: 09:34 PM May 14, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
