Advertisement
স্রেফ ওকালতি করে কোটি কোটি টাকা, একবার হাজিরা দিতে কত করে নেন দেশের সেরা আইনজীবীরা?
কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, মেনকা গুরুস্বামী, মুকুল রোহতগীদের বেতন কত?
স্রেফ ওকালতি করে কোটি কোটি টাকা রোজগার। সদ্যই রাজ্যসভার প্রার্থী হয়েছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। নিজের হলফনামায় তিনি ২,৮৬০.৩৬ কোটি টাকারও বেশি সম্পদের ঘোষণা করেছেন। হলফনামা অনুসারে তাঁর ঘোষিত আয় ২০২৪-‘২৫ সালে ৩৭৪ কোটি টাকারও বেশি।
গত পাঁচ বছরে মোট আয় ১,৫১৬ কোটি টাকারও বেশি ছাড়িয়ে গিয়েছে। অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং রাজ্যসভার সদস্য। একাধিক আইন সংক্রান্ত সংবাদমাধ্যমের সুপ্রিম কোর্টে স্রেফ একবার এজলাসে হাজিরা দিয়েই তিনি রোজগার করেন ৫ থেকে ১৫ লক্ষ। মামলার গুরুত্বে উপর নির্ভর করে তাঁর অ্যাপিয়ারেন্স ফি।
একা সিংভি নন, দেশে এমন বহু আইনজীবীই রয়েছেন যারা ওকালতি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করেন। এই তালিকাটা লম্বা। দেশের এই প্রথম সারির আইনজীবীদের অনেকে আবার রাজনীতিবিদ।
মেনকা গুরুস্বামী, সিংভির মতোই দেশের সেরা আইনজীবীদের অন্যতম। সদ্য তৃণমূলের তরফে রাজ্যসভার টিকিট পেয়েছেন। প্রতিবার সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়ার জন্য তিনিও ৫ থেকে ১০ লক্ষ টাকা করে নেন।
গোপাল সুব্রহ্মণ্যম। দেশের সেরা আইনজীবীদের মধ্যে তিনিও পড়েন। ২ জি কেলেঙ্কারি, রাইট টু এডুকেশনের মতো বড় বড় মামলার আইনজীবী ছিলেন তিনি। তাঁর অ্যাপিয়ারেন্স ফি ৮-১৫ লক্ষ।
হরিস সালভে। দেশের সেরা আইনজীবীদের মধ্যে তিনি একেবারে প্রথমের সারিতে। ২০১৭ সালে কূলভূষণ যাদব মামলায় বিনা পারিশ্রমিকে আন্তর্জাতিক আদালতে ভারতের প্রতিনিধিত্ব করেন। এছাড়া সবরিমালা মন্দির মামলা, টাটা-মিস্ত্রিদের বিবাদে তিনি আইনি পরামর্শ দিয়েছেন। সালভে প্রতিবার হাজিরা দিতে ১০ থেকে ২৫ লক্ষ টাকা নেন।
কেকে ভেনুগোপাল। দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল। বাবরি মসজিদ, কয়লা কেলেঙ্কারির মতো একাধিক মামলায় তিনি আইনজীবী ছিলেন। বহুবার মোদি সরকারের হয়ে বহু মামলা লড়েছেন। তাঁর অ্যাপিয়ারেন্স ফি ৫-১০ লক্ষ টাকা।
কেটিএস তুলসী। দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল। অধুনা রাজ্যসভার সাংসদ। জেসিকা লাল কেস, কয়লা কেলেঙ্কারি, টুজি কেলেঙ্কারিতে মামলা লড়েছেন তিনি। তাঁর অ্যাপিয়ারেন্স ফি ৫-১০ লক্ষ টাকা।
কপিল সিব্বাল। প্রাক্তন কংগ্রেস নেতা। অধুনা রাজ্যসভার সাংসদ। হাজারো মামলায় কংগ্রেসকে বিপদ থেকে বাঁচিয়েছেন। টুজি, রাফালে, তিন তালাক, রাম মন্দির মামলায় তিনি লড়েছেন। তিনি ৮-১৫ লক্ষ টাকা নেন সুপ্রিম কোর্টে হাজিরা পিছু।
Published By: Subhajit MandalPosted: 07:44 PM Mar 11, 2026Updated: 07:44 PM Mar 11, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
