Advertisement
মদ্যপ পন্থের কাণ্ডে নিন্দার ঝড়, যুবি থেকে রাহুল, অতীতে বিতর্কে জড়ান আর কোন ভারতীয় তারকা?
অতীতেও একাধিক ভারতীয় ক্রিকেটারকে মদ্যপ অবস্থায় দেখা গিয়েছে। সেই তালিকা দেখলে চমকে যেতে পারেন।
অতীত ও সাম্প্রতিক সময়ে মদ্যপান বা মদ্যপ অবস্থায় প্রকাশ্যে আসা নিয়ে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি এক অভিজাত হোটেলে পার্টির পরিবেশে ঋষভ পন্থকে মদ্যপ অবস্থায় দেখা যায়। সেখানে দেখা গিয়েছে বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও। তবে মদ্যপান নিয়ে ক্রিকেটারদের বিতর্কে জড়ানোর ঘটনা নতুন নয়। অতীতেও একাধিক ভারতীয় ক্রিকেটারকে মদ্যপ অবস্থায় দেখা গিয়েছে। সেই তালিকা দেখলে চমকে যেতে পারেন।
একটা সময় সাড়া জাগানো ক্রিকেটার বিনোদ কাম্বলি। অনিয়ন্ত্রিত জীবনযাপন তাঁকে ক্রিকেট থেকে ক্রমে দূরে সরিয়ে দিয়েছে। নিজেকে যেন ‘রাজা’ ভাবতেন। ভুলে গিয়েছিলেন, কেউই খেলার চেয়ে বড় নয়। অতিরিক্ত মদ্যপানের অভ্যাসের জন্য একাধিকবার শিরোনামে এসেছেন। ২০২২-এ মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে অন্য গাড়িতে ধাক্কা মারেন। মুম্বই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। ২০২৪-এ রাস্তায় হেঁটে যাওয়ার সময় মদ্যপ অবস্থায় ভারসাম্য হারানোর ভিডিও ভাইরাল হয়।
চলতি বছর সাধারণতন্ত্র দিবসের মধ্যরাতে মদ্যপ অবস্থায় রাত আড়াইটে নাগাদ অ্যাকোটার পুনীতনগর এলাকায় মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পাশের পার্কিং লটে গিয়ে ধাক্কা মারেন জ্যাকব মার্টিন। নিজের বিলাসবহুল গাড়ি-সহ আরও তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা ছুটে এসে প্রাক্তন ওই ক্রিকেটারকে অপ্রকৃতস্থ অবস্থায় উদ্ধার করেন। পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, দুর্ঘটনার জন্য জ্যাকবই দায়ী। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় তাঁকে।
একটা সময় তাঁর সুইংয়ের কাছে ঘায়েল হত বিপক্ষের ব্যাটাররা। কিন্তু নিজেকে ধরে রাখতে পারেননি। ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা লোকজনের দাবি, অতিরিক্ত মদ্যপান করার জন্যই নাকি বাইশ গজের যুদ্ধ থেকে হারিয়ে গিয়েছিলেন প্রবীণ কুমার। যদিও ২০২৪ সালের একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “টিম ইন্ডিয়ার একাধিক ক্রিকেটার মদ্যপান করেন। বদনাম হয় কেবল পিকের নাম।”
২০১৮ সাল। ইতিহাস গড়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৩৭ বছর পর টেস্ট জেতে ভারত। এহেন সেলিব্রেশনের মধ্যেও বিতর্কে জড়িয়েছিলেন তৎকালীন কোচ রবি শাস্ত্রী। এক ভিডিওয় সেলিব্রেশনের সময় প্রকাশ্যেই বিয়ার পান করতে দেখা যায় টিম ইন্ডিয়ার হেডস্যারকে। টিম বাসের সামনে ভক্তদের নাচ দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি। বাস থেকে নেমেই বোতল থেকে এক চুমুক বিয়ার পান করে নেন। যা ক্যামেরাবন্দি হয়।
বর্তমান যুগের অন্যতম সেরা ফিট অ্যাথলিট বিরাট কোহলি নিজেই স্বীকার করেছেন, ২০১২ সালের আগে তাঁর জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস একেবারেই ভালো ছিল না। একটা সময় পার্টিতে মদ্যপান করতেন। ২০১২ সালের আইপিএলে ব্যর্থতার পর ফিটনেসের গুরুত্ব বুঝে তিনি অনিয়ন্ত্রিত জীবনযাপন সম্পূর্ণ ত্যাগ করেন। এর আগে বিভিন্ন ইভেন্টে তাঁকে দেখা গিয়েছে মদের গ্লাস হাতে। এখন মদের গ্লাস ছুঁয়েই দেখেন না তিনি।
২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় সোশাল মিডিয়ায় হাতে বিয়ারের গ্লাস নিয়ে ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন কেএল রাহুল। তাঁর সঙ্গে উমেশ যাদব, স্টুয়ার্ট বিনি, টিম ম্যানেজমেন্টের এক সদস্যকেও দেখা গিয়েছিল। যা নিয়ে শোরগোল পড়ে। বিসিসিআই দলের ম্যানেজারকে জানায়, একজন ক্রিকেটারের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত। বিতর্কের কয়েক মিনিটের মধ্যেই রাহুল তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ছবিটি মুছে দেন।
বলিউডের পার্টি হোক বা পরিবারের অনুষ্ঠান, যুবরাজ সিংকে একাধিকবার মদ্যপান করতে দেখা গিয়েছে। তাঁর বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগও করেছিলেন বিগবস ১০-এর প্রতিযোগী আকাঙ্ক্ষা শর্মা। তবে যুবরাজের বাবা যোগরাজ সিং অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেন। যুবরাজের মা মানহানির মামলার প্রস্তুতি নেন। ২০১৭-তে আকাঙ্ক্ষা গার্হস্থ্য হিংসার মামলাও করেন। ২০১৯ সালে চার বছরের আইনি লড়াইয়ের পর বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। ক্ষমাও চেয়ে নেন আকাঙ্ক্ষা।
২০১৫ সালে অস্ট্রেলিয়া সফরের সময় ইশান্ত শর্মার একটি ছবি ভাইরাল হয়েছিল। সিডনির ‘বলিউড ক্লাব’-এর পার্টিতে ইশান্তের সঙ্গে ছিলেন সুরেশ রায়না ও ভুবনেশ্বর কুমার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারত পিছিয়ে থাকার সময় এই নাইটআউটের ছবি নিয়ে ব্যাপক আলোচনা হয়। চোটের কারণে ইশান্ত সিডনিতে সিরিজের চতুর্থ টেস্টে খেলেননি। ছবিটি নিয়ে তখন নানা বিতর্কও তৈরি হয়েছিল।
হোটেলঘরের মাঝের টেবিলে ছড়িয়েছিটিয়ে বিয়ারের ক্যান। সেখানে ধোনি-পন্থ ছাড়াও উপস্থিত কয়েকজন। এক সময় সোফায় এক বয়স্ক ব্যক্তির পাশে হেলান দিয়ে বসে থাকতে দেখা যায় পন্থকে। কয়েকবার ধোনিকেও ডাকেন। এগিয়ে আসেন ধোনি। হাসিমুখে পন্থের সঙ্গে হাত মেলান বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক। ভিডিওয় ধোনির মুখে শোনা যায়, “জরা হুঁকো পিকে আতা হুঁ।” সম্প্রতি ভাইরাল এই ভিডিওয় পন্থকে একেবারে টালমাটাল অবস্থায় দেখা গিয়েছিল।
Published By: Prasenjit DuttaPosted: 04:54 PM Sep 03, 2026Updated: 04:54 PM Sep 03, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
