Advertisement
নেতা-মন্ত্রীর 'সেক্স টেপ' কেলেঙ্কারি নিয়ে সিনেমা, আইনি বিতর্কে তাবড় নায়িকা! গুনতে হয় মাশুলও
কেঁচে খুড়তে কেউটে! 'ডার্টি পলিটিক্স'-এ কোন সত্যি সামনে আনতে চেয়েছিলেন নায়িকা?
বাস্তবের যৌন কেচ্ছা-কেলেঙ্কারির ঘটনা যখন পর্দায় ফুটে ওঠে, সেই ছবি নিয়ে বরাবরই দর্শকমহলে কৌতূহল থাকে। 'ডার্টি পলিটিক্স' ছবির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। যে ছবির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। এমনকী নেতা-মন্ত্রীদের 'সেক্স টেপ' অবলম্বনে তৈরি ছবিতে মুখ দেখানোয় রোষানলে পড়তে হয় সিনেমার নায়িকাকেও। ২০১৫ সালে 'ডার্টি পলিটিক্স' সিনেমায় সাহসী অবতারে ধরা দিয়ে বিতর্কের শিরোনামে নাম লেখান মল্লিকা শেরাওয়াত।
কিন্তু বছর দশেক বাদে আচমকাই কেন সেই ছবি চর্চায়? আসলে 'দ্য ট্রেইটরস'-এর দ্বিতীয় সিজনে যোগ দিয়ে লাইমলাইটে মল্লিকা। নজর কেড়েছে শোয়ে হলিউড ফেরত নায়িকার দৃঢ় ব্যক্তিত্ব, নির্ভীক বার্তালাপ। আর সেকারণেই চর্চায় তাঁর 'ডার্টি পলিটিক্স'। ভানওয়ারি দেবী মামলা অবলম্বনে তৈরি এই ছবিতে ওম পুরী, নাসিরুদ্দিন শাহ, জ্যাকি শ্রফ, অনুপম খের, আশুতোষ রানার মতো দক্ষ অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন মল্লিকা শেরাওয়াত।
২০১১ সালে রাজস্থানের নেতা-মন্ত্রীর সঙ্গে ভানওয়ারি এক সেক্স টেপ নিয়ে দ্বন্দ্বে জড়ান। যে ঘটনা তোলপাড় করে দিয়েছিল গোটা দেশ। স্বাস্থ্যকর্মী ভানওয়ারির অন্তর্ধান রহস্য সমাধান করতে গিয়ে পুলিশি তদন্তে জুড়ে যায় সিবিআই এবং এফবিআই। চাকরী খোয়া যাওয়ায় ভানওয়ারি দুই মন্ত্রীর দ্বারস্থ হন। ক্ষমতার দাপটে সাক্ষাৎ গড়ায় বিছানা অবধি। অর্থপ্রাচুর্যে রাতারাতি বদলে যায় ভানওয়ারির জীবন। কিন্তু একদিন আচমকাই কর্পূরের মতো উবে যান!
এরপরই থানা-পুলিশ করে কেঁচে খুড়তে কেউটে বেরয়! তদন্তে জানা যায়, ভানওয়ারি মন্ত্রীদের সঙ্গে শারীরিক সম্পর্কে ছিলেন। আর ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি করে ভোটের টিকিট পাওয়ার জন্য ব্ল্যাকমেল করছিলেন। তারপর? 'সেক্স টেপ' ফাঁস করার হুমকিও দেন মন্ত্রী মহিপাল মদের্না, বিধায়ক মলখান সিংদের। তদন্তে সিবিআই জানতে পারে মলখান ভানওয়ারির ছোট মেয়ের বাবাও। এরপরই ফাঁস হয় অন্তর্ধান রহস্য।
সেঘটনা অবলম্বনে তৈরি সিনেমা 'ডার্টি পলিটিক্স'-এ রাজস্থানের নৃত্যশিল্পী আনোখি দেবীর ভূমিকায় ছিলেন মল্লিকা শেরাওয়াত। প্রভাবশালী রাজনীতিবিদ দিননাথ চরিত্রে ওম পুরি। ভানওয়ারির মতো আনোখিও মন্ত্রী ভোটের টিকিটের জন্য 'সেক্স টেপ' নিয়ে মন্ত্রীকে ব্ল্যাকমেইল করতে থাকে। তারপর?
'ডার্টি পলিটিক্স'-এর গল্প অনুযায়ী বাস্তবের মতোই খুন হন আনোখি দেবী। এহেন পলিটিক্যাল ড্রামার পোস্টারে খোলা শরীরে তেরঙ্গা জড়ানোয় হায়দরাবাদ, বিহারে মামলার মুখে পড়েছিলেন মল্লিকা শেরাওয়াত। সমালোচিত হতে হয় ওম পুরীর মতো প্রবীণ অভিনেতার সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয়ের জন্যেও। এমনকী রাজস্থানের প্রশাসন, রাজনৈতিক দলগুলিও মল্লিকার ছবি নিষিদ্ধ করতে উঠে-পড়ে লাগে।
Published By: Sandipta BhanjaPosted: 03:14 PM Aug 29, 2026Updated: 03:14 PM Aug 29, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
