Advertisement
'সেরে উঠুক নেপাল', ত্রাণ নিয়ে ছুটলেন সোনু সুদ! কৈলাস তীর্থে অল্পের জন্য প্রাণে বাঁচলেন মানসী-অঙ্কুর
বিধ্বস্ত নেপালের জন্য প্রার্থনা তারকামহলের। কঙ্গনার পোস্টে বিতর্ক! 'মায়ের থেকে মাসির দরদ বেশি', কেন খোঁটা শুনলেন সাংসদ?
প্রকৃতির রুদ্ররোষে বিধ্বস্ত নেপাল। তিব্বত থেকে ধেয়ে আসা হড়পা বানে ভয়াবহ পরিস্থিতি সেখানে! দানবীয় জলের ঢেউয়ে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়েছে গোটা জনপদ। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। নিঁখোজ দেড় হাজারেরও বেশি মানুষ। এমতাবস্থায় একাধিক সেলিব্রিটি আটকে পড়েছেন নেপালে। প্রলয়লীলার টুকরো ছবি-ভিডিও দেখে মন কাঁদছে তারকাদেরও। 'সেরে উঠুক নেপাল'- সকলেই একমনে প্রার্থনারত।
দুর্যোগের দিনে সোনু সুদ বরাবরই ত্রাতা। কোভিড কাল থেকেই ঈশ্বরের দূতের মতো দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। এবার হড়পা বানে বিধ্বস্ত নেপালের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। সোশাল মিডিয়া পোস্টে সোনু জানালেন, 'নেপাল, তুমি একা নও। আমরা খাবার, যাবতীয় ত্রাণসামগ্রী নিয়ে আসছি। তোমরা যাতে ফের উঠে দাঁড়াতে পারো সেই কামনা করে পুনর্বাসনের ব্যবস্থাও করব।' বলিউড অভিনেতার এহেন মানবিক উদ্যোগে কুর্নিশ জানিয়েছেন অনুরাগীরা।
প্রকৃতির রুদ্ররোষে বিধ্বস্ত জন্মভূমিকে দেখে মন কাঁদছে মণীষা কৈরালারও। নেপালের ভূমিকন্যা তিনি। কাঠমান্ডুতে জন্ম অভিনেত্রী। সম্প্রতি সেখানেই সপরিবারে জন্মদিন পালন করেন। তার দিন কয়েকের মধ্যে জলরোষে ছিন্নভিন্ন হওয়া স্বভূমের চেহারা দেখে কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। সকলের কাছে তাঁর আর্জি, 'আপনারা প্লিজ নেপালের জন্য প্রার্থনা করুন। আসুন এই কঠিন সময়ে সকলে একে-অপরের পাশে থাকি।'
অন্যদিকে তীর্থযাত্রায় গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী মানসী পারেখ। মানসী বর্তমানে সদগুরুর কৈলাস মানস সরোবর যাত্রার জন্য চিনে রয়েছেন। সেখান থেকেই জানালেন, "কী অবস্থা! ৫ দিন আগে এখানেই আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। এখন গোটা জায়গাটাই জলের তলায়। জীবন অনিশ্চিত! অত্যন্ত হৃদয়বিদারক। ইশা ফাউন্ডেশন আমাদের বাড়ি ফেরানোর পাশাপাশি বন্যার মধ্যে আটকে পড়া মানুষদের খোঁজার জন্যও যথাসাধ্য চেষ্টা করছে।"
বিধ্বস্ত নেপাল নিয়ে পোস্ট করে ফের বিতর্কে কঙ্গনা রানাউত। সাংসদের মন্তব্য, মর্মান্তিক বললেও কম বলা হয়! সবাই নেপালের কথা বলছে, কিন্তু চিনে ঘটা বিপর্যয়ের ভয়াবহতা সম্পর্কে কেউ জানেনই না। অথচ এর সূত্রপাত চিন থেকেই।' কঙ্গনার এহেন মন্তব্য শুনে নেটভুবনের একাংশের প্রশ্ন, 'মায়ের থেকে মাসির দরদ বেশি?' নেপালকে ব্রাত্য রেখে চিনের জন্য সুর চড়ানোয় ক্ষিপ্ত তাঁরা।
নেপালে হড়পাবানের ধ্বংসলীলা দেখে কলম ধরেছেন সঞ্জয় দত্তও। সঞ্জুবাবার মন্তব্য, "নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা রইল। এই কঠিন সময়ে আমি আপনাদের পাশে আছি এবং সাধ্যমতো যেকোনও উপায়ে আপনাদের সাহায্য করতে সর্বদা প্রস্তুত। সকলে নিরাপদে থাকুন। শক্ত থাকুন।"
কৈলাসতীর্থে গিয়ে নেপালে আটকে পড়েছেন অঙ্কুর রতন। অভিনেতা জানালেন, "১২ ঘণ্টা আগেই আমি, আমার স্ত্রী শিল্পা সুচক, ওর বোন এই জায়গা দিয়ে পার হলাম। কত ছবি তুললাম এখানে, এখন সবটাই জলের তলায়- ঈশ্বরের অশেষ কৃপা। এখন মানস সরোবরে যাচ্ছি। যাঁরা এই পবিত্র তীর্থে প্রাণ হারিয়েছেন তাদের জন্য ৫২ কিমি পায়ে হেঁটে পৌঁছব। যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাদের জন্য খুব কষ্ট হচ্ছে।"
দুর্যোগের নেপাল দেখে বুধবার মুম্বইতে বিনিদ্র রজনী কাটিয়েছেন ভুমিপুত্র প্রবাল গুরুং। বলিউডের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার লিখেছেন, 'এই ক্ষতি অপূরণীয়। অনেক প্রাণহানি হয়েছে। নিশ্চিন্ন জনপদ। পরিবারগুলো আতিপাতি করে তাদের প্রিয়জনদের খুঁজছে। বহু মানুষ বাস্তুচ্যুত। এহেন প্রতিকূলতার সঙ্গে লড়ে যাঁরা অক্লান্তভাবে উদ্ধারকাজ চালাচ্ছেন, তাঁদের জন্য, সকল দুর্গতদের জন্য প্রার্থনা।'
Published By: Sandipta BhanjaPosted: 04:45 PM Aug 27, 2026Updated: 04:49 PM Aug 27, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
