Advertisement
'মন্নত'-এর ঢিল ছোড়া দূরত্বে মৌনীর বাড়ি, ঘুরে দেখুন পাঁচতারা হোটেলের মতো ড্রইংরুম, ঠাকুর ঘর
ফারহা খানের ইউটিউব চ্যানেলে চোখ রাখলেই দেখা যায় সেলিব্রিটিদের বাড়ির অন্দরমহল। এই সপ্তাহে পৌঁছে গিয়েছিলেন বঙ্গললনা মৌনী রায়ের বান্দ্রার বাড়িতে। পাঁচ কামরায় বাড়ি হোটেলের থেকে কম কিছু নয়। প্রতিটি ঘর যেন ছবির মতোই সুন্দর। মৌনী যে ফ্ল্যাটে থাকেন সেটি শাহরুখের মন্নতের থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত। জানলায় চোখ রাখলেই দেখা যায় মুম্বইয়ের অন্যতম দর্শনীয় স্থান 'মন্নত'।
মৌনী রায়ের বাড়িতে রয়েছে সাজসজ্জার শৌখিন জিনিস। ছোট থেকেই মৌনী ঈশ্বরভক্ত। তাই বিলাসবহুল ফ্ল্যাটে ভগবানের জন্য বরাদ্দ রয়েছে নির্দিষ্ট স্থান। মৌনী যে বইপোকা সেটা তাঁর ঘরের বুক সেলফ থেকেই স্পষ্ট। অভিনেত্রীর বাড়ি ঘুরে আর কী দেখলেন ফারহা?
বাড়িতে ঢুকেই রয়েছে বসার ঘর। যেখানে রয়েছে বেশ কিছু মূল্যবান শোভাবর্ধক জিনিস। দেওয়ালজুড়ে রয়েছে রকমারি শিল্পকর্ম। বসার জন্য রয়েছে লেটেস্ট ডিজাইনের সোফা। তবে মৌনীর বাড়ি বেশ ছিমছাম। এই অনাড়ম্বর ব্যাপারটাই বেশ ভালো লেগেছে ফারহার।
বাড়িতে রয়েছে একটি সুন্দর ডাইনিং রুম তথা খাবার জায়গা। রয়েছে একটা সুন্দর বার কাউন্টারও। বাড়িতে বন্ধুদের সঙ্গে পার্টি করার নানা মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নেন মৌনী। চেয়ার-টেবিলের সেটটিও বেশ আকর্ষণীয়।
বঙ্গতনয়া মৌনী রায় ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। সমাজমাধ্যমে অভিনেত্রীর একাধিক পোস্টে তা কার্যত দিনের আলোর মতোই স্পষ্ট। বাড়িতেও ভগবানের আরাধনা করেন। বাঙালি বাড়ির ঠাকুরের সিংহাসনের মতোই তাঁরও রয়েছে রাধা, কৃষ্ণ, গণেশের মূর্তি। মৌনীর বাড়ির সৌন্দর্য থেকে সত্যিই চোখ ফেরানো দুষ্কর।
Published By: Kasturi KunduPosted: 06:12 PM Aug 31, 2026Updated: 06:13 PM Aug 31, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
