Advertisement
আহত বাবার স্বপ্নপূরণে মঞ্চে 'খুদে হারকিউলিস', ৬ বছরের বডিবিল্ডারকে দেখে মুগ্ধ নেটপাড়া
অনেকেই তাকে ডাকতে শুরু করেছেন 'খুদে হারকিউলিস'।
অনেকেই তাকে ডাকতে শুরু করেছেন 'খুদে হারকিউলিস'। বলা হচ্ছে, ছ'বছর বয়সি বডিবিল্ডার রচিত পাঞ্চালের কথা। এই নামে সাধে ডাকা হচ্ছে না তাকে। নেপথ্য কারণ শুনলে চমকে যাবেন।
রচিত মুম্বইয়ের জুনিয়র শ্রী বডিবিল্ডিং ইভেন্টে অংশ নিয়েছে। সেখানে অংশ নিয়েছিলেন তার চেয়ে চার গুণ বয়সি শক্তিশালী দেহসৌষ্ঠববিদ। গল্পটা এখানেই শেষ নয়। যার পরের পর্ব শুনলে আবেগঘন হয়ে উঠবে মন।
রচিতের এই মঞ্চে পদার্পণ নিছক কোনও প্রতিযোগিতা নয়। বরং দু'বছর আগের থমকে যাওয়া এক স্বপ্নের পুনর্নির্মাণ। এক কথায় বললে, পথ দুর্ঘটনায় আহত বাবার স্বপ্নকে এগিয়ে নিয়ে গিয়েছে ছোট্ট রচিত।
৫৫ কেজি বিভাগে অংশ নিয়েছিল সে। রচিতের প্রতিদ্বন্দ্বীরা ছিলেন সকলেই প্রাপ্তবয়স্ক। সকলের বয়স ছিল ২৩ বছরের মধ্যে। যদিও 'হংস মাঝে বক যথা'র মতো উপস্থিতি ছিল না রচিতের। একেবারে পেশাদারদের মতোই মঞ্চে বিচরণ ছিল তার।
প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে দেহসৌষ্ঠব প্রদর্শন করতে দেখা যায় তাকে। এতটুকু জড়তা ছিল না। 'ছোট পকেট বড় ধামাকা'র নির্ভীক মনোভাব এবং শৃঙ্খলা ধরা পড়েছে প্রতিটি স্টেপে। যা দর্শকদের কেবল নয়, প্রবল আনন্দ দিয়েছে বিচারকদেরও।
ইভেন্টটি মুম্বইয়ের উত্তর শহরতলি মালাড এলাকার জয় ভবানী জিম এবং গ্রেটার বোম্বে বডিবিল্ডিং অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল। সেখানে ওয়াডালার সেন্ট জোসেফস হাই স্কুলের কেজি ক্লাসের ছাত্র রচিত অংশ নেয়।
রচিতের বাবা উমেশ মধুসূদন পাঞ্চাল। পারেলের বাসিন্দা। বডিবিল্ডিংয়ে রুপোর পদকও জিতেছেন। আরও বড় মঞ্চে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর। ৯ মার্চ, ২০২৪। একটা দুর্ঘটনা সমস্ত কিছু ওলটপালট করে দেয়।
সেই বছর মুম্বই শ্রী বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা ছিল উমেশের। সেই মতো প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু প্রতিযোগিতার দু'দিন আগেই বিপত্তি। আন্ধেরির অফিস থেকে মোটরসাইকেলে ভাসাই যাচ্ছিলেন একজনের সঙ্গে দেখা করতে। সেই সময় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি।
উমেশের বাঁ-পায়ের হাড়ে আঘাত লাগে। দু'টি অস্ত্রোপচারও হয়। এরপর পুরোপুরি শয্যাশায়ী ছিলেন। সুস্থ হতে আটটা মাস সময় লেগেছিল। থমকে যাওয়ার সময়টাতে নিরাশার পাখি যেন হাত বাড়িয়েছিল। মন যখন নির্জন কোন খুঁজছে, সেই সময় ভিতরে ভিতরে আরও এক স্বপ্ন লালিত হচ্ছিল তাঁর ছেলে রচিতের মধ্যে।
Published By: Prasenjit DuttaPosted: 07:21 PM Feb 25, 2026Updated: 12:18 AM Feb 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
