Advertisement
'৬০-এ বিয়ে বেমানান' বলেও জুলাইয়ে ছাঁদনাতলায় আমির, জানেন কীভাবে গৌরীর সঙ্গে প্রেম জমে?
কিরণের সঙ্গে ডিভোর্সের পর নিঃসঙ্গ হয়ে পড়েন আমির খান! নিচ্ছিলেন থেরাপি। এমন সময়ে বসন্তের মতো কীভাবে গৌরী এলেন জীবনে?
ষাট বছরের জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপ করিয়েছিলেন। সেসময়েই মিস্টার পারফেকশনিস্টের জীবনে নতুন বসন্ত উঁকি দেওয়ার জল্পনায় সিলমোহর পড়ে। মায়ানগরীর সেলেব পাড়ার অন্দরে ফিসফাস, সেই সম্পর্ককে এবার একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন ষাটোর্ধ্ব সুপারস্টার। গৌরীর সঙ্গে বিয়ের পথে আমির।
কানাঘুষো, জুলাই মাসে নিজের বাসভবনে সই সাবুত করে গৌরী-আমির নিকাহ সারবেন। ঘনিষ্ঠ মহল বলছে, এবারের বিয়েটা সাদামাটাভাবেই সারতে চাইছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। শুধু উপস্থিত থাকবে পরিবারের সদস্যরা। দুই স্ত্রী, তিন সন্তান আর বোনদের সাক্ষী রেখেই গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন দাম্পত্যের সূচনা করতে চলেছেন আমির খান। থাকতে পারেন শাহরুখ-সলমনও।
কিন্তু পঁচিশ সালে গৌরী জীবনে আসার পর এক সাক্ষাৎকারে আমির জানিয়েছিলেন, "আমি একা থাকতে পারি না। আমার সঙ্গীর প্রয়োজন হয়। সম্পর্কে থাকতে ভালোবাসি। আমার দুই প্রাক্তন স্ত্রী রিনা-কিরণের সঙ্গে আমি এখনও ঘনিষ্ঠ। কিন্তু আমার এখন ষাট ছুঁইছুই। আর কী বিয়ে করব? বড় কঠিন বিষয়। আমার দুটো বিয়েই তো অসফল।" কিন্তু একথা বলার পরও কেন গৌরীর সঙ্গে শুভ পরিণয়ের সিদ্ধান্ত নিলেন?
আমির অবশ্য আগেই জানিয়েছিলেন যে, মনে মনে তিনি গৌরীর সঙ্গে বিবাহিত। গত একবছর ধরেই গৌরীর সঙ্গে সহবাসে রয়েছেন অভিনেতা। এবার পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সেই সম্পর্ককেই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জানেন ডিভোর্সের পর কীভাবে গৌরীর সঙ্গে প্রেম জমে ওঠে আমিরের? অভিনেতা জানান, ওঁর সঙ্গে আমার দেখা আকস্মিকভাবেই। আমাদের একটা কানেকশন তৈরি হল, আমরা বন্ধু হলাম- আর এভাবেই জীবনে প্রেম এল।"
আমির এও বলেন, "গৌরীর সাথে দেখা হওয়ার আগে, মনে হত আমি যেন বুড়িয়ে গেছি। ভাবতাম, এই বয়সে আর কাকেই বা খুঁজব! তাছাড়া, তখন আমার থেরাপিও শুরু হয়েছিল। আমি বুঝলাম, সবার আগে আমাকে নিজেকে ভালোবাসতে হবে এবং নিজেকে মানসিকভাবে সুস্থ করে তুলতে হবে। তাই প্রথমে সেটার কাজ শুরু করলাম।" তারপর? এরপরই নিঃসঙ্গ আমিরের জীবনে বসন্তের মতো এলেন গৌরী।
অভিনেতা মন্তব্য, "ডিভোর্সের পরও কিরণ-রিনার সঙ্গে আমার সুসম্পর্ক। পরস্পরের প্রতিও শ্রদ্ধা অটুট রয়েছে। কিন্তু আমি কখনও ভাবিনিই যে, এমন কারও সাথে আমার দেখা হবে যার সঙ্গে আমি এতটা গভীর বন্ধনে জড়িয়ে পড়ব।" পঁচিশের এপ্রিলে দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গেও প্রেমিকা গৌরীর আলাপ করান আমির। সপরিবারে একসঙ্গে অভিনেতার জন্মদিনও পালন করেছিলেন তাঁরা।
এরপর কখনও 'সিতারে জমিন পর' সিনেমার প্রিমিয়ার তো কখনও বা চিনের অনুষ্ঠান থেকে হাসপাতাল-শুটিং, সর্বত্রই আমিরের হাতে হাত ধরে দেখা গিয়েছে গৌরী স্প্র্যাটকে। আমির এও বলেছিলেন যে, "দেখুন, গৌরী আর আমি একে অপরের ব্যাপারে সত্যিই ভীষণ সিরিয়াস। আমরা সঙ্গী হিসেবে পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এখন একসাথেই থাকি।" আমির-গৌরী যে লিভ ইন করছেন, সেখবর জানুয়ারিতেই ফাঁস হয়।
খবর, ২৫ বছর আগে বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপ মিস্টার পারফেকশনিস্টের। তাঁর একসন্তানও রয়েছে। তবে প্রেম শুরু হয় বছর দুয়েক আগে। বলিউড মাধ্যম সূত্রে খবর, চব্বিশ সালের শেষের দিকে গৌরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। এবার সেলেব পাড়ায় ফিসফাস, চুপিসারেই তৃতীয় বিয়ের প্রস্তুতি শুরু করেছেন আমির খান। আগামী ৫ জুলাই নিকাহর আয়োজন কেমন থাকে? নজর থাকবে সেদিকে। (ছবি- সং-গৃহীত)
Published By: Sandipta BhanjaPosted: 08:13 PM Jun 03, 2026Updated: 08:13 PM Jun 03, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
