Advertisement
লাল-সবুজে 'ফিকে', গেরুয়াতেই রঙিন রুদ্রনীল, বাংলার কোন সেলেব প্রার্থীদের জন্য কী জনাদেশ?
বাংলার রায়ে 'হ্যাটট্রিক'-এর সুযোগ ফসকালো কোন সেলেব প্রার্থীদের?
জেতা আসন খড়গপুর কেন্দ্র হাতছাড়া হলেও ছাব্বিশের বিধানসভা ভোটে শ্যামপুর কেন্দ্রে পদ্ম ফোটালেন হিরণ চট্টোপাধ্যায়। গোড়ার দিকে তৃণমূল প্রার্থী নদেবাসী জানার থেকে পিছিয়ে থাকলেও পরে ২২ হাজার ২৬০ ভোটের ব্যবধানে জিতেছেন। দ্বিতীয় বিবাহ অভিযান বিতর্ক পেরিয়ে শ্যামপুরে শেষ হাসি হাসলেন 'মাচো মস্তানা'ই।
চলতিবারে যাদবপুরের বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়ের 'জেতা' নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। তবে ২৬ রাউন্ড ভোটগণনা শেষে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার ও বামপ্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতো পোড় খাওয়া দুই রাজনীতিকদের টেক্কা দিয়ে ২৩ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ের পথে শর্বরী মুখোপাধ্যায়।
সোনারপুর দক্ষিণে তৃণমূল-বিজেপি দুই তারকাপ্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই ছিল। তবে পাঁচ বছরের বিধায়ক লাভলি মৈত্রকে ৩৫ হাজার ৭৮২ ভোটের মার্জিনে পরাজিত করলেন রূপা গঙ্গোপাধ্যায়। ২০১৫ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন অভিনেত্রী রূপা। সক্রিয়ভাবে এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ৯ বছর।
অন্যদিকে ২০২১ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন লাভলি। বিরোধীদলের প্রার্থী হিসাবে ছিলেন অভিনেত্রী অঞ্জনা বসু। সেই সময়ে বিপুল সংখ্যক ভোটে বিজেপির অঞ্জনাকে হারিয়ে জয়ী হন লাভলি। তবে ছাব্বিশের ভোটে দুঁদে নেত্রী রূপাকে পরাস্ত করতে ব্যর্থ হলেন।
রুদ্রনীল ঘোষের হাত ধরে শিবপুরে ঘাসফুলের বাগানে উঁকি দিল পদ্ম। তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়কে ১৬ হাজারেরও বেশি ভোটের মার্জিনে পরাস্ত করে ভোটের ময়দানে প্রথমবার 'খাতা খুললেন' রুদ্রনীল। সোমবার সকাল থেকেই শিবপুরে পদ্ম-ঝড় উঠেছিল। শেষমেশ বাম থেকে ভায়া তৃণমূল হয়ে বিজেপিতে যাওয়া 'ঘরের ছেলে'কে জিতিয়ে আনন্দে ভাসল শিবপুর।
টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়েছেন পাপিয়া অধিকারী। টিকিট পেয়েই বলেছিলেন, 'সব কা সাথ, সব কা প্রয়াস, সব কা বিশ্বাস- মোদিজির এই মূলমন্ত্র নিয়েই ভোটের মাঠে নামব।' দীর্ঘদিন সিনেদুনিয়ায় ব্রাত্য থাকলেও ৬ হাজার ভোটের ব্যবধানে শেষ হাসি হাসলেন পাপিয়াই।
তৃণমূলপ্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়কে ৪০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে রেকর্ড মার্জিনে আসানসোল দক্ষিণে জিতলেন অগ্নিমিত্রা পল। গোড়া থেকেই নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। এবার ভোটে জিতে জানালেন, "মানুষই সব ঔদ্ধত্যের জবাব দিয়েছে।"
একুশের বিধানসভা ভোটে বারাকপুর কেন্দ্রে জিতে প্রথম বিধায়ক হন রাজ চক্রবর্তী। তবে দ্বিতীয়বার সংশ্লিষ্ট কেন্দ্র থেকে লড়লেও পাঁচ বছরেই আসন খোয়ালেন তৃণমূলের তারকাপ্রার্থী। রাজকে টেক্কা দিয়ে প্রায় ১৬ হাজার ভোটের ব্যবধানে বারাকপুরের মসনদ দখল করলেন প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী।
সোমবার সকালে ব্যাপক সংখ্যক ভোটে সোহম চক্রবর্তী এগিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবধান বাড়ে। করিমপুরের অচেনা পিচে প্রচারে ঝড় তুললেও শেষমেশ পদ্মপ্রার্থী সমরেন্দ্র ঘোষের থেকে ১০১৮৫ ভোটের ব্যবধানে পরাস্ত হলেন চণ্ডিপুরের বিদায়ী তৃণমূল বিধায়ক সোহম।
Published By: Sandipta BhanjaPosted: 10:18 PM May 04, 2026Updated: 11:14 PM May 04, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
