Advertisement
রহস্য-রোমাঞ্চের জাল বুনেও বক্স অফিসে ফ্লপ, রুদ্ধশ্বাস এই ৭ থ্রিলার ছবি মাঝপথে ছাড়া দায়!
রহস্য-রোমাঞ্চের জাল বুনেও 'আন্ডাররেটেড'। ছুটির দিনে রুদ্ধশ্বাস এই থ্রিলার ছবিগুলি গোগ্রাসে গিলতে পারেন সিনেপোকারা!
গল্পের পরতে পরতে রহস্য-রোমাঞ্চ। সিনেসমালোচকদের মার্কশিটেও ঝকঝকে নম্বর। তবুও সেভাবে লাইমলাইটে আসেনি কিংবা চর্চা হয়নি, এমন সিনেমার সংখ্যা নেহাত কম নয়। সময়ের অন্তরালে চাপা পড়ে থাকা সেসব 'সিনে রত্ন'র তালিকায় নিঃসন্দেহে শীর্ষে 'আ ডেথ ইন দ্য গঞ্জ'। কঙ্কণা সেনশর্মার পরিচালনায় মাস্টারপিস পারফরম্যান্স দিয়েছিলেন বিক্রান্ত ম্যাসি। একাকীত্বে ভোগা এক তরুণের করুণ পরিণতির গল্প বলে এই ছবি।
অভয় দেওল অভিনীত 'মনোরমা সিক্স ফিট আন্ডার' বিশেষভাবে উল্লেখযোগ্য। 'নিও-নয়ার' ঘরানার থ্রিলার ছবি। গল্পের মুখ্য চরিত্র আসলে হতে চেয়েছিলেন অপরাধমূলক লেখক। কিন্তু ভাগ্যের পরিহাসে এক প্রভাবশালী নেতার স্ত্রীর অনুরোধে সেই রাজনীতিকের বিরুদ্ধে তদন্তে নামেন অভয়। এরপরই গল্পে অপ্রত্যাশিত মোড় আসে। চমৎকার নির্মাণশৈলী এবং গুরুত্বপূর্ণ বার্তার জন্য এই ছবি দেখা মাস্ট!
হনসল মেহতা পরিচালিত এবং রাজকুমার রাও, কেকে মেনন, তিগমাংশু ধুলিয়া অভিনীত 'শহিদ' এই তালিকার অন্যতম। আইনজীবী তথা মানবাধিকার কর্মী শহীদ আজমির জীবন অবলম্বনে তৈরি। ভুলভাবে 'সন্ত্রাস' হিসেবে দোষী সাব্যস্ত হওয়া মানুষদের অধিকার রক্ষার্থে লড়েছিলেন যিনি। এই সিনেমার জন্য রাজকুমার রাও এবং হনসল মেহতা জাতীয় পুরস্কারও জিতেছিলেন।
মুম্বইয়ের অন্ধকারজগতের প্রেক্ষাপটে তৈরি 'পরিন্দা' দুই অনাথ ভাইয়ের গল্প। এক গ্যাংওয়ারে যারা একে-অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। ১৯৮৯ সালের এই সিনেমা সিনেসমালোচকদের প্রশংসা অর্জনের পাশাপাশি দুটি জাতীয় পুরস্কার এবং পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল।
২০১১ সালে মুক্তি পায় 'শয়তান'। মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে একদল বন্ধু দু'জনকে চাপা দেয়। তবে পালিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলেও শেষপর্যন্ত ব্ল্যাকমেইল, খুন, মাদক, ভুয়ো অপহরণের মতো ভয়ানক পরিস্থিতির জালে জড়িয়ে পড়ে। টানটান চিত্রনাট্য। এই সিনেমা মিস করে থাকলে এবেলাই দেখে নিন।
কে কে মেনন, আরবাজ খান অভিনীত 'দ্য স্টোনম্যান মার্ডারস' সিনেমাটি আশির দশকের শুরুর দিকে মুম্বইতে ঘটে যাওয়া 'স্টোনম্যান' সিরিয়াল কিলিং বা ধারাবাহিক হত্যাকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা। সেই সিরিয়াল কিলার একের পর এক ফুটপাতের বাসিন্দাকে পাথর দিয়ে থেতলে খুন করত। গা শিউড়ে ওঠার মতো এই সিনেমা দেখতে বসলে ছেড়ে ওঠা দায়!
Published By: Sandipta BhanjaPosted: 05:41 PM Jul 02, 2026Updated: 05:41 PM Jul 02, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
