Advertisement
আপনার গার্লফ্রেন্ড কি 'ব্ল্যাক ক্যাট'? এমন নারীর আদর্শ সঙ্গী কারা
মনোবিদরা যে ধরনের তরুণীদের এই অভিধায় ভূষিত করেন তাঁদের নির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্য রয়েছে।
আপনার বান্ধবী একজন 'ব্ল্যাক ক্যাট'! এমন কথা শুনে কি আপনি রেগে যাবেন? কেননা কালো বিড়ালের রূপকল্পটা বিশেষ সুবিধার নয়। তাহলে জানিয়ে দেওয়া যাক, এক্ষেত্রে কিন্তু বিষয়টা তা নয়। মনোবিদরা যে ধরনের তরুণীদের এই অভিধায় ভূষিত করেন তাঁদের নির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। তাঁদের সঙ্গে চমৎকার জুটি গড়ে উঠতে 'গোল্ডেন রিট্রিভার'-এর। তাঁরাই বা কারা?
নিউ ইয়র্কের এক ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও অধ্যাপক ড. সাবরিনা রোমানফ জানিয়েছেন অন্তর্মুখী ধাঁচের মেয়েরাই 'ব্ল্যাক ক্যাট'। অন্তর্মুখিনতার পাশাপাশি তাঁদের অন্য বৈশিষ্ট্যগুলি হল- রক্ষণশীল স্বভাব, সঙ্গীর ওপর আস্থা তৈরি হতে সময় নেয়, শান্ত ও রহস্যময় প্রকৃতি, মনোযোগী শ্রোতা, বাইরে থেকে কঠোর, মার্জিত বা অভিজাত ভাবমূর্তি।
এরই পাশাপাশি সাবরিনা জানাচ্ছেন, একবার প্রেমিকের প্রতি আস্থা তৈরি হয়ে গেলে শান্ত, অন্তর্মুখী মেয়েটিই হয়ে ওঠে প্রগলভা। অনেক বেশি খোলামেলা। তখন তার সঙ্গে সংযোগ গড়ে তোলা যায় সহজেই। আর এই ধরনের প্রেমিকার আদর্শ প্রেমিকরা 'গোল্ডেন রিট্রিভার' ধাঁচের। জেনে নেওয়া যাক তাদের বৈশিষ্ট্য কী।
গোল্ডেন রিট্রিভার প্রজাতির কুকুরদের সঙ্গে এই ধাঁচের পুরুষদের বৈশিষ্ট্যের দারুণ মিল। যেমন এঁরা বহির্মুখী, আন্তরিক ও উষ্ণ স্বভাবের, মিশুকে, বন্ধুভাবাপন্ন ও সামাজিক। এঁরা সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। স্বভাবে চঞ্চল ও মুখর এবং সহজেই বিশ্বাসপ্রবণ। সব সময় অন্যকে খুশি করার ব্যাপারে আগ্রহী। অর্থাৎ কালো বিড়ালদের একেবারে বিপরীত। তবে গোল্ডেন রিট্রিভারদের এই বৈশিষ্ট্যগুলোর অর্থ এই নয় যে কালো বিড়ালরা বন্ধুত্বপূর্ণ নয়।
তবে এই দুই ধরনের ব্যক্তিত্বের সম্পূর্ণ বিপরীতধর্মী স্বভাব সম্পর্কের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি করে। সম্পর্কের গতিপ্রকৃতিতে ঘনিষ্ঠতা ও দূরত্ব বজায় রাখার যে নিরন্তর খেলা, তা এক ধরনের উত্তেজনা তৈরি করে। তবে এই বৈপরীত্যই তৈরি করে সম্পর্কের মজবুত ভিত। মনোবিদরা বলেন 'ইন ও ইয়াং'-এর কথা। এই বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো একে অপরের পরিপূরক। যা একে অপরের ভিতর থেকে সেরা গুণগুলি বের করে আনে।
তবে সমস্যাও আছে। মনোবিদরা বলেন, সঙ্গী যদি নিজেদের চাহিদা স্পষ্টভাবে জানাতে না পারে তাহলে সমস্যা তৈরি হতে পারে। তবে মনে রাখতে হবে, কোনও তকমাই সম্পর্কের প্রকৃত ছবি পুরোপুরি তুলে ধরে না। সময়ে সময়ে কালো বিড়ালও পার্টিতে যেতে চাইতে পারে। আবার গোল্ডেন রিট্রিভারও বাড়িতেই থাকতে চায় কখনও সখনও। কাজেই ব্যক্তিবিশেষের চারিত্রিক বৈশিষ্ট্যও যে কোনও সম্পর্কের অন্যতম বুনিয়াদ হয়ে ওঠে।
Published By: Biswadip DeyPosted: 08:29 PM Jun 30, 2026Updated: 08:29 PM Jun 30, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
