Advertisement
সংসারে নতুন অতিথির অপেক্ষায়? বিপদ এড়াতে হবু মায়েরা এই বাস্তু টিপস মানতে ভুলবেন না
বাস্তুশাস্ত্রবিদদের মতে, বাড়ির উপরেই নাকি অন্তঃসত্ত্বার সুস্থতাও নির্ভরশীল।
একজন মহিলার জীবনে অন্তঃসত্ত্বা হওয়ার মতো সুন্দর অভিজ্ঞতা আর কিছুই হতে পারে না। এই সময় অন্তঃসত্ত্বা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। না হলে মা এবং সন্তান - দু'জনেরই চরম ক্ষতি হতে পারে। একজন মা সন্তানের জন্য প্রাণ বাজি রাখতে পারেন। তাই সন্তান জন্মের আগে থেকেই তার শুভকামনায় কত কিছুই না করেন।
অন্তঃসত্ত্বা হওয়ার আগে এবং পরে অনেকেই নানা সমস্যার সম্মুখীন হন। বাস্তুশাস্ত্রবিদদের মতে, বাড়ির উপরেই নাকি অন্তঃসত্ত্বার সুস্থতাও নির্ভরশীল। বাস্তুদোষের ফলে অন্তঃসত্ত্বার শারীরিক সমস্যা হতে পারে। তাঁর গর্ভস্থ সন্তানেরও ক্ষতির আশঙ্কা থাকেই। সে কারণে বাস্তুশাস্ত্রের কথা মাথায় রেখে সেই সময় গৃহসজ্জার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
অন্তঃসত্ত্বা হতে চাইলে দম্পতির ঘরের শয্যাসজ্জার উপর বিশেষ নজর দেওয়া প্রয়োজন। যৌন সম্পর্কের উন্নতিতে অবশ্যই দক্ষিণ পূর্ব দিকে বিছানা রাখা উচিত। উত্তর পশ্চিম দিকেও মাথা দিয়ে ঘুমোতে পারেন। তাতে শারীরিক সমস্যা দূর হবে। মানসিক শান্তিও বজায় থাকবে। অন্তঃসত্ত্বা হওয়ার পর অবশ্যই দক্ষিণ পশ্চিম দিকে ঘুমনো প্রয়োজন। তাতে গর্ভস্থ সন্তানের স্বাস্থ্যোন্নতি হবে।
বাস্তুশাস্ত্রবিদদের মতে, আপনার শোওয়ার ঘর দক্ষিণ কিংবা দক্ষিণ পশ্চিম দিকে হলে অন্তঃসত্ত্বা হওয়া কার্যত অসম্ভব। ঠিক একইভাবে শোওয়ার ঘর পূর্ব এবং দক্ষিণ পূর্ব অথবা পশ্চিম কিংবা উত্তর পশ্চিম দিকে হলে অন্তঃসত্ত্বা হওয়ার ক্ষেত্রে বাধা দেখা দিতে পারে। ঘরের সঙ্গে লাগোয়া শৌচালয় যাতে দক্ষিণ পশ্চিম দিকে না হয়, সেদিকে খেয়াল রাখুন।
পুরুষদের জন্য দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিকে শৌচালয় থাকা ক্ষতিকর। আবার বাড়ির উত্তর পূর্ব দিকে রান্নাঘর থাকাও বাস্তুশাস্ত্রবিদদের মতো মোটেও শুভ নয়। তাতে সন্তানধারণের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। অন্তঃসত্ত্বা হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বাড়ির মাঝের সিঁড়ি।
বাড়ির উত্তর পশ্চিম দিকে গোপালের ছবি টাঙাতে পারেন। নেতিবাচক শক্তি দূর করতে বাড়িতে রাখতে পারেন টাটকা ফুল। তবে তা শুকিয়ে যাওয়ার পর আর ভুলেও বাড়িতে রাখবেন না। তা নেতিবাচকতার লক্ষণ।
অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে কিছু কিছু কাজ করা অনুচিত। বাস্তুশাস্ত্রবিদদের মতে তাতে বিরাট ক্ষতি হতে পারে। ঠিক যেমন ভুল করেও অন্ধকার ঘরে কিংবা অন্ধকার জায়গায় দীর্ঘক্ষণ থাকা উচিত নয়। তাতে অন্তঃসত্ত্বা এবং গর্ভস্থ সন্তানের জীবনে অন্ধকার নেমে আসতে পারে।
অন্তঃসত্ত্বাদের মুড সুইংয়ের সমস্যা হয়। এই হাসছেন তো, এই কাঁদছেন এমন ছবিও ব্যতিক্রমী নয়। একজন অন্তঃসত্ত্বাকে সবসময় ফুরফুরে মেজাজে থাকতে হয়। নইলে ঘোর সর্বনাশ। তাই ভুলেও দুঃখের কিংবা যুদ্ধের কোনও সিনেমা দেখা উচিত নয়। সবসময় হাসিখুশি থাকুন।
অন্তঃসত্ত্বাদের পোশাক বাছাইয়ের ক্ষেত্রেও সাবধানী হওয়া উচিত। ভুল করেও কালো কিংবা গাঢ় লাল রঙের পোশাক পরা উচিত নয়। পরিবর্তে হালকা রঙের পোশাক পরুন। নইলে সমস্যা হতে পারে। এছাড়া অবশ্যই ঢিলেঢালা পোশাক পরুন। নইলে অস্বস্তি হতে পারে।
Published By: Sayani SenPosted: 08:05 PM May 01, 2026Updated: 08:12 PM May 01, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
