Advertisement
অগ্নিমূল্য খাবার, উর্ধ্বমুখী বাস-অটোর ভাড়া! ভোট মিটতেই মহার্ঘ আর কোন কোন জিনিস?
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তোপ, "আগেই বলেছিলাম ভোটের পরই মূল্যবৃদ্ধির কোপটা পড়বে।"
আমজনতার আশঙ্কা সত্যি করে বেড়েছে গ্যাসের দাম। ভোটের আবহে খবর ছড়াচ্ছিল, নির্বাচন শেষ হলেই তেল, গ্যাস এবং অন্যান্য জ্বালানির দাম বাড়বে। সেই আশঙ্কাই সত্যি হয়েছে বৃহস্পতিবার।
প্রথম কোপটা এল বাণিজ্যিক গ্যাসের উপর। ১০০-২০০ টাকা নয়, একধাক্কায় সিলিন্ডারপিছু ৯৯৩ টাকা করে বাড়ানো হল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম। এটাই ইতিহাসে একদিনে সর্বাধিক মূল্যবৃদ্ধি।
এই বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর তোপ, "আগেই বলেছিলাম ভোটের পরই মূল্যবৃদ্ধির কোপটা পড়বে। এটাই তো ভোটের খরচের বিল।" চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন রাহুল।
পরিসংখ্যান তুলে ধরে রাহুল বলেন, "ফেব্রুয়ারি থেকে স্রেফ ৩ মাসে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ১ হাজার ৩৮০ টাকা। প্রায় ৮১ শতাংশ।" রাহুলের আশঙ্কা, এবার অন্যান্য জ্বালানির উপরেও কোপ পড়বে।
ভোটের পর জ্বালানির দাম বাড়তে পারে, এই আশঙ্কায় বেশ কিছু জায়গায় শুরু হয় প্যানিক বাইইং। প্রায় ৩৩ শতাংশ বেড়ে যায় পেট্রলের চাহিদা। প্যানিক বাইংয়ের খবর প্রকাশ্যে আসতেই মুখ খোলে মোদি সরকার।
পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি সুজাতা শর্মা বলেন, পেট্রল-ডিজেলের দাম বাড়ানো নিয়ে এখনও কোনও পরিকল্পনা নেই। দাম বাড়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেন।
কিন্তু এই ঘোষণার ঠিক দু'দিনের মধ্যে প্রায় হাজার টাকা বেড়ে গেল বাণিজ্যিক গ্যাসের প্রত্যেক সিলিন্ডারের দাম। কলকাতায় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ৩২০২ টাকা। দিল্লিতে নতুন দাম বেড়ে দাঁড়িয়েছে ৩০৭১.৫ টাকা।
মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস। লাগাতার মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তরাঁ খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা।
গ্যাসের দাম বাড়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন আমজনতা। হোটেল-রেস্তরাঁয় খাওয়াদাওয়ার শখ শিকেয় তুলতে হবে। অনলাইনে খাবার অর্ডার দেওয়ার খরচও একইভাবে পাল্লা দিয়ে বাড়বে।
Published By: Anwesha AdhikaryPosted: 06:57 PM May 01, 2026Updated: 06:57 PM May 01, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
