Advertisement
হোয়াটসঅ্যাপের বিশ্বনেতা ভারতীয় উদ্যোগপতি, চমক দিয়ে বিরাট দায়িত্ব নেওয়া কুণালকে চেনেন?
ডিজিটাল লেনদেনের প্রথম যুগে বিপুল সাফল্য পেয়েছিল ফ্রিচার্জ। সেই সাফল্যের রূপকার কুণালই।
দর্শন পড়তে ভালো লাগত। স্নাতক হয়েছিলেন দর্শনেই। কিন্তু এরপর ভর্তি হন এমবিএ করার জন্য। সেই পড়া আর শেষ হয়নি। একবছরের মধ্যেই ছেড়ে দেন পড়াশোনা। সেই কুণাল শাহই এবার হোয়াটসঅ্যাপের নতুন বিশ্বনেতা। গ্লোবাল সিইও। এই সাফল্যের কাহিনি যেন এক আশ্চর্য রূপকথা!
'ক্রেড'-এ ৯০ কোটি ডলার অর্থাৎ প্রায় ৮,৫৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটা প্ল্যাটফর্মস। আর এই একই চুক্তির আওতায়, ক্রেডের প্রতিষ্ঠাতা কুনাল শাহ হোয়াটসঅ্যাপের নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি উইল ক্যাথকার্টের স্থলাভিষিক্ত হলেন, যিনি গত সাত বছর ধরে এই মেসেজিং প্ল্যাটফর্মটির নেতৃত্ব দিয়েছেন। স্বাভাবিক নেটভুবনে নতুন করে চর্চায় এই খ্যাতনামা উদ্যোগপতি।
জনপ্রিয় ভারতীয় ফিনটেক অ্যাপ ক্রেড এবং অনলাইন রিচার্জ প্ল্যাটফর্ম ফ্রিচার্জের প্রতিষ্ঠাতা কুণাল শাহ মুম্বইয়ের উইলসন কলেজে ভর্তি হন ১৯৯৪ সালে। ২০০০ সালে দর্শনে স্নাতক হন তিনি। আর এরপরই ভর্তি হন এমবিএ পড়তে। অবশ্যই পার্ট টাইমে। কেননা ততদিনে, তিনি ব্যবসায় নেমে পড়েছেন। কিন্তু একসঙ্গে দু'টো কাজ করা সম্ভব হল না। বছরখানেকের মধ্যেই রণে ভঙ্গ দিলেন তিনি।
তবে এমবিএ পড়া ছাড়লেও স্বপ্ন দেখা ছাড়েননি কুণাল। ২০১০ সালে তিনিই প্রতিষ্ঠা করলেন ফ্রিচার্জ। যে সংস্থাটি ২০১৫ সালে প্রায় ৪৫০ মিলিয়ন ডলারে স্ন্যাপডিল অধিগ্রহণ করে নেয়। পরবর্তী সময়ে সিকোইয়া ক্যাপিটালের উপদেষ্টা হওয়ার সঙ্গে সঙ্গেই ২০১৮ সালে ক্রেড প্রতিষ্ঠা। সেখানেই ছিলেন। সোমবার অবশ্য সরে দাঁড়িয়েছেন সেই দায়িত্ব থেকে। এবার তাঁর নতুন 'অফিস' হোয়াটসঅ্যাপ।
কুণাল এখন বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের সিইও। একটি ঘোষণায় তিনি জানিয়েছেন, হোয়াটসঅ্যাপকে আরও বহু দূর এগিয়ে নিয়ে যেতে চান তিনি। তাঁর কথায়, 'হোয়াটসঅ্যাপ অনেক দূর এগিয়ে এলেও বর্তমানে তার অবস্থান ও পূর্ণ সম্ভাবনার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে।' তিনি যে নতুন দায়িত্বপালনে উন্মুখ হয়ে রয়েছেন সেকথাও জানাচ্ছেন কুণাল। এদিকে মেটার চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্স কুনাল শাহকে স্বাগত জানিয়েছেন।
ভারতে ডিজিটাল লেনদেনের প্রথম যুগে বিপুল সাফল্য পেয়েছিল ফ্রিচার্জ। পাশাপাশি বহু বছর ধরেই ক্রেডও রচনা করেছে সাফল্যের নতুন খতিয়ান। এবার হোয়াটসঅ্যাপকে তিনি নতুন দিশা দেখাবেন, এমনটাই মনে করা হচ্ছে। নিয়ম মেনে ক্রেডের সিইও পদ ছাড়বেন কুণাল। তারপর শুরু হবে তার নতুন পথ চলা। হোয়াটসঅ্যাপের জন্য তিনি কোন নতুন অধ্যায় রচনা করবেন সেটাই এখন দেখার।
Published By: Biswadip DeyPosted: 09:17 PM Jun 22, 2026Updated: 09:17 PM Jun 22, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
