দীপাঞ্জন মণ্ডল, নয়াদিল্লি: জল্পনার অবসান। নয়া রাজনৈতিক দল ঘোষণা করলেন বাইচুং ভূটিয়া। রাজনৈতিক সন্ন্যাস ত্যাগ করে ফের মহড়ায় নামলেন ভারতের স্টার ফুটবলার।বৃহস্পতিবার, নয়াদিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নয়া দল ঘোষণা করেন বাইচুং। দলের নাম ‘হামরো সিকিম পার্টি’। জানিয়ে দেন, রাজনীতির মাঠে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। লক্ষ্য এবার সিকিম।
[ডিভোর্স মামলায় গরহাজির শোভন, ফের দম্পতিকে তলব আদালতের]
বুধবারই নয়া দল গঠনের কথা জানিয়েছিলেন বাইচুং। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের সঙ্গে নিয়ে, স্বচ্ছ রাজনীতির পথেই তাঁর দল হাঁটবে বলে জানিয়েছিলেন। সেই মতোই তাঁর দলে রয়েছেন সিকিমের প্রথম আইএএস অফিসার মেঘনিধি দাহাল ও দিলীপ রাই। রয়েছেন ডাক্তার ও ইঞ্জিনিয়ারও। তবে সিকিমে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার কথা তিন-চার সপ্তাহ পরে করা হবে। তাঁকে নিয়ে জোর জল্পনা ছিল সিকিমের রাজনৈতিক দলগুলির মধ্যে। বাইচুংকে পাশে পেতে কার্যত মরিয়া ছিল রাজ্যের প্রধান বিরোধী দল ‘সিকিম ক্রান্তিকারী মোর্চা’ (এসকেএম)। চামলিংয়ের ‘চার্ম’ ফিকে করতে বাইচুংয়ের জাদুতেই ভরসা ছিল দলটির। ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে সিকিমের মোট ৩২টি আসনের মধ্যে ১০টি দখল করেছিল এসকেএম। তবে নয়া দল গড়ে আপাতত তাদের পরিকল্পনায় জল ঢেলেছেন ওই তারকা ফুটবলার বলেই মনে করছেন রাজনীতিবিদদের একাংশ।
আগামী বছরই বিধানসভা নির্বাচন হতে চলেছে পাহাড়ি রাজ্যটিতে। ওয়াকিবহাল মহল মনে করছে, এই মওকা কাজে লাগাতে চাইছেন বাইচুং। প্রায় দু’দশকেরও বেশি গ্যাংটকে দাপট রয়েছে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের। জাঁদরেল রাজনীতিবিদ পাঁচবারের মুখ্যমন্ত্রী পবন চামলিং। তাই লড়াই খুব সহজ হবে না ‘সিকিমিজ স্নাইপারের’। তবে খেলার মাঠে বহুবার ‘ড্রিবল’ করে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন বাইচুং। এবার চামলিংয়ের গড়ে কতটা ফাটল ধরাতে সক্ষম হবেন তিনি তা সময়ই বলবে।
ফেব্রুয়ারি মাসে একটি টুইট করে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করেছিলেন বাইচুং। বেশ কয়েকদিন ধরেই দলের সঙ্গে বাইচুংয়ের একটা দূরত্ব তৈরি হয়েছিল। গোর্খাল্যান্ড ইস্যুতে দলবিরোধী মন্তব্য করে শীর্ষ নেতাদের রোষের মুখেও পড়েছিলেন। তার উপর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিস্তর টানাপোড়েন চলছিল। তখন জল্পনা ছিল, মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের সঙ্গে তাঁর কথাবার্তা একরকম চূড়ান্ত হয়ে গিয়েছে। সিকিম থেকে এনডিএ জোটের শরিক এসডিএফের প্রার্থী হিসাবে আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে পারেন বাইচুং। তবে এবার সমীকরণ পালটে নয়া দল নিয়েই মাঠে নামলেন তিনি।
[ভাগাড় থেকে মাংস যাবে হোটেলে, হিমঘরে মজুত টন টন মাংস]
The post নয়া দল ঘোষণা করে রাজনীতির ময়দানে লড়াই শুরু বাইচুংয়ের appeared first on Sangbad Pratidin.
