ভারত- ৬২২/৯ ডিঃ (পূজারা ১৩৩, রাহানে ১৩২, হেরাথ ৪/১৫৪)
শ্রীলঙ্কা – ১৮৩ অল আউট, ৩৮৬ অল আউট
ভারত জয়ী এক ইনিংস ও ৫৩ রানে
দেবাশিস সেন, কলম্বো: গল টেস্টের পুনরাবৃত্তি ঘটল কলম্বোয়। নিজেদের ঘরের মাঠে ফের একবার ধরাশায়ী লঙ্কা ব্রিগেড। দ্বীপরাষ্ট্রে চলতি টেস্ট সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিলেন বিরাটরা। শ্রীলঙ্কাকে হারালেন এক ইনিংস ও ৫৩ রানে। সেই সঙ্গে তিন টেস্টের সিরিজও নিজেদের পকেটে পুরলেন বিরাটরা। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত লড়াই করলেও রবিবার রবীন্দ্র জাদেজার পাঁচ উইকেটই ভারতকে প্রয়োজনীয় জয় এনে দিল। জাদেজাই দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল। ১৫২ রান দিয়ে নিলেন পাঁচ উইকেট। অন্যান্য বোলাররাও তাঁকে যোগ্য সঙ্গত দেন। এই ম্যাচ জিতে বিরাটরা সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন। অতএব সিরিজের শেষ ম্যাচটি হয়ে দাঁড়াল নিয়মরক্ষার। এর পাশাপাশি প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার মাটিতে দু’টি সিরিজ জয়ের রেকর্ডও করে ফেললেন কোহলি।
[বেলাইন বোল্ট! শেষ ১০০ মিটার রেসে পেলেন তৃতীয় স্থান]
ম্যাচ শেষ হতে বাকি ছিল দু’দিন। দল পিছিয়ে ২৩০ রানে। হাতে আট উইকেট। এই অবস্থাতে চতুর্থ দিনে ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা। কিন্তু করুণারত্নের শতরান এবং ম্যাথেউজ-ডিকওয়েলার লড়াইও দলের হার বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। দিনের খেলা শুরু হতেই নাইটওয়াচম্যান হিসেবে পুষ্পাকুমারাকে ফিরিয়ে দেন অশ্বিন। এরপরই মাত্র ২ রান করে জাদেজার বলে ফিরে যান শ্রীলঙ্কান অধিনায়র দীনেশ চান্ডিমাল। তবে এরপরই শ্রীলঙ্কান ওপেনার করুণারত্নে এবং ম্যাথিউজ দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু সেটা যে কোনওভাবেই ভারতের জয় আটকানোর যথেষ্ট ছিল না, বোঝার জন্য অতিবড় ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন ছিল না। শ্রীলঙ্কার রান যখন ৩১০, তখন করুণারত্নেকে প্যাভিলিয়নে ফেরান জাদেজা। শ্রীলঙ্কান ওপেনারই দলের হয়ে সবচেয়ে বেশি ১৪১ রান করেন। এরপর একে একে ফিরে যান ম্যাথেউজ (৩৬)-সহ বাকিরা। শেষপর্যন্ত ৩৮৬ রানেই শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। শেষদিকে ডিকওয়েলা(৩১) কিছুটা চেষ্টা করলেও ম্যাচ বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না।
ভারতীয় বোলারদের মধ্যে জাদেজা সবথেকে বেশি পাঁচ উইকেট পেয়েছেন। এছাড়া পাণ্ডিয়া ও অশ্বিন দু’টি করে উইকেট পেয়েছেন। এর আগে প্রথম ইনিংসে পূজারা-রাহানের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৬২২ রান করেছিল ভারত। সেই বিশাল রান তাড়া করতে নেমে অশ্বিন (৫/৬৯) ও অন্যান্য ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৮৬ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। গল টেস্টে তিনশোরও বেশি রানে এগিয়ে থেকে কেন শ্রীলঙ্কাকে ফলো-অন করালেন না ক্যাপ্টেন কোহলি? দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়াকে নামতে দেখে এমন প্রশ্নই তুলেছিলেন বিশেষজ্ঞরা। তাতে বিরাটের সাফাই ছিল গলে কোনওরকম ঝুঁকি নিতে চাননি তিনি। তবে কলম্বোয় শ্রীলঙ্কাকে ফলো-অন করান বিরাট। প্রথম দিকে লড়াই করলেও শেষপর্যন্ত আর পারলেন না করুণারত্নেরা।
[ভাইরাল হল বান্ধবীর সঙ্গে রোনাল্ডোর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি]
এই নিয়ে টানা আটটি সিরিজ জিতল ভারত। টানা সিরিজ জয়ের তালিকায় সামনে শুধু অস্ট্রেলিয়া। টানা ন’টি সিরিজ জয়ের রেকর্ড রয়েছে অজিদের। খাতায় কলমে শ্রীলঙ্কা দলটি দুর্বল হলেও বিশেষজ্ঞদের মতে, বিরাটের টিম ইন্ডিয়া সেই রেকর্ডও ভেঙে দিতে পারে।
The post শ্রীলঙ্কার ভরাডুবি, এক টেস্ট বাকি থাকতেই সিরিজ বিরাটদের appeared first on Sangbad Pratidin.
