মণিশংকর চৌধুরি: ঘাসফুল শিবির ছেড়েছিলেন আগেই। সেবারে রাজনীতি থেকে সন্ন্যাস ঘোষণা করলেও ফের নয়া দল গড়ে মাঠে নামছেন ভারতের স্টার ফুটবলার বাইচুং ভূটিয়া। সূত্রের খবর, বৃহস্পতিবার দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করতে চলেছেন তিনি। সেখানে নয়া দলের নাম ঘোষণা করবেন বাইচুং। দলে থাকতে পারেন সিকিমের প্রথম আইএএস অফিসার মেঘনিধি দাহাল ও দিলীপ রাই।
[সিবিআই অফিসার সেজে প্রতারণা, চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে ২ লক্ষ হাতিয়ে চম্পট]
বাইচুংয়ের দল গড়া নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তুমুল জল্পনা। রাজনীতিবিদদের একাংশের মতে বাইচুংয়ের নিশানা সিকিম। আর তা হলে পবন কুমার চামলিংয়ের এসডিএফ ধাক্কা খাবে। চামলিং সিকিমের পর পর পাঁচবারে মুখ্যমন্ত্রী। পবন চামলিং-এর সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট কেন্দ্রের বিজেপি সরকারের শরিক। তাই বিজেপির সঙ্গে আপাতত কোনও রকম সংযোগ থাকছে না এই দলের। তবে অনেকেই আবার মনে করছেন দিল্লিতে দল ঘোষণা করা হলে সর্বভারতীয় স্তরেই তা হবে। এনিয়ে জল্পনা চলছে পশ্চিমবঙ্গেও। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বাইচুং। তা হলে কি পালটা বাংলার মাঠে এবার লড়াইয়ে নামছেন তিনি? উঠছে এমন প্রশ্নও। অনেকেই আবার মনে করছেন বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন বাইচুং।
ফেব্রুয়ারিরে একটি টুইট করে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করেছিলেন বাইচুং। বেশ কয়েকদিন ধরেই দলের সঙ্গে বাইচুংয়ের একটা দূরত্ব তৈরি হয়েছিল। গোর্খাল্যান্ড ইস্যুতে দলবিরোধী মন্তব্য করে শীর্ষ নেতাদের রোষের মুখেও পড়েছিলেন। তার উপর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিস্তর টানাপোড়েন চলছিল। তখন জল্পনা ছিল মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের সঙ্গে তাঁর কথাবার্তা একরকম চূড়ান্ত হয়ে গিয়েছে। সিকিম থেকে এনডিএ জোটের শরিক এসডিএফের প্রার্থী হিসাবে আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে পারেন বাইচুং। তবে এবার সমীকরণ পালটে নয়া দল নিয়ে মাঠে নামতে চলেছেন তিনি।
২০১১-য় পেশাদার ফুটবল থেকে অবসর নেন ‘সিকিমিজ স্নাইপার’ বলে পরিচিত বাইচুং। সিদ্ধান্ত নেন রাজনীতির ময়দানে নামবেন। সেই মতোই যোগ দেন তৃণমূল কংগ্রেসে। ২০১৩-তে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়ে বাইচুং বলেন, আরও বেশি ক্রীড়াবিদদের রাজনীতিতে যোগ দেওয়া দরকার। ২০১৪-তে দার্জিলিং থেকে লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপির প্রার্থী এসএস আলুওয়ালিয়ার কাছে ১,৯৬,৭৯৫ ভোটে পরাজিত হন। ২০০৮-তে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হন বাইচুং। ২০১৪-তে পান বঙ্গভূষণ। ফুটবল কেরিয়ারের মধ্যগগনে খেলেছেন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মতো দলে। কিন্তু তাঁর রাজনৈতিক কেরিয়ার কখনওই ফুটবলের মতো মসৃণ হয়নি। এবার নয়া দল গড়ে জাতীয় রাজনীতিতে সাফল্য পান কিনা এখন সেটাই দেখার।
[মিষ্টির লোভ দেখিয়ে নাবালিকাকে বাড়িতে তুলে এনে ধর্ষণ]
The post নয়া রাজনৈতিক দল গড়ছেন ‘বিক্ষুব্ধ’ বাইচুং, আগামিকাল দিল্লিতে ঘোষণা appeared first on Sangbad Pratidin.
