ভারত: ১৮৯ ও ২৭৪
অস্ট্রেলিয়া: ২৭৬ ও ১১২
৭৫ রানে জয়ী ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই জন্যই বলে, অনিশ্চয়তার খেলা ক্রিকেট। এই মুহূর্তে এর পাল্লা ভারী তো পরমুহূর্তে ওর। শেষ মিনিটেও পাল্টে যেতে পারে ছবিটা। বাইশ গজের এমন এক চড়াই-উতরাইয়ের সাক্ষী থাকল চিন্নাস্বামী। যেখানে ভারতের প্রথম ইনিংসের পর দর্শকরা ধরে নিয়েছিলেন, হয়তো এখানেও পুণের পুনরাবৃত্তি ঘটতে চলেছে। আর তৃতীয় দিন রাহানে-পূজারার ব্যাটে ভর করে জয়ের স্বপ্নে বুঁদ হয়েছিলেন। চূড়ান্ত পেশাদারিত্বের পরিচয় দিয়ে মাত্র চার ঘণ্টার মধ্যে অজি ব্যাটিং লাইন-আপকে দুরমুশ করে দিলেন ভারতীয় বোলাররা। ফল, সিরিজে ফিরল সমতা।
স্মিথদের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পরই প্রশ্ন উঠেছিল বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে। ঘূর্ণি পিচে পুণেতে মুখ থুবড়ে পড়তে হয়েছিল টিম ইন্ডিয়াকে। অজি স্পিন অ্যাটাকের সামনে ভারতীয় ব্যাটসম্যানদের হতশ্রী পারফরম্যান্সে বিস্মিত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সব মিলিয়ে স্মিথ অ্যান্ড কোম্পানিকে হারানোর বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন বিরাট, অশ্বিনরা। আর কথায় বলে, সব ভাল যার শেষ ভাল। ব্যাট-বল-ফিল্ডিং, স্লেজিং, রিভিউ-সহ গত তিনদিনে ঘটা ঘটনাগুলি এক নিমেষে ঢেকে দিল ৭৫ রানে ভারতের জয়। একরাশ হতাশা কাটিয়ে মধুরেন সমাপয়েতের মতো সিরিজে ফিরল দল।
(সুপ্রিম কোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন অনুরাগ)
পূজারা ও রাহানের পার্টনারশিপে তৃতীয় দিনের শেষে স্বস্তি ফিরেছিল ভারতীয় শিবিরে। তবে কাজটা অনেকটাই বাকি ছিল। অজি ব্যাটসম্যানরা যে ফর্মে ছিলেন, তাতে বড় রানের লিড না নিতে পারলে যে বিপদ কাটবে না, তা ভালই জানতেন পূজারারা। মঙ্গলবার সেই লক্ষ্যে যে খুব একটা সফল হল দল, তা বলা যায় না। পূজারাকে ৯২ রানেই ফিরিয়ে দিলেন হ্যাজেলউড। ৫২ রানে আউট হলেন রাহানে। টেস্টের নিরিখে যেখানে প্রায় দু’দিন এবং দশ উইকেট রয়েছে সেখানে ১৮৮ রান তোলাটা বিরাট কোনও চ্যালেঞ্জ নয়। ভারতীয়দের প্রথম ইনিংস শেষে হয়তো এমনটাই ভেবেছিলেন স্মিথরাও। তবে সব সমীকরণ পাল্টে দিলেন অশ্বিন। প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নিয়েছিলেন জাদেজা। এবার হাফ ডজন উইকেট পকেটে ভরলেন অশ্বিন। দু’টি উইকেট নেন উমেশ যাদব। ভারতীয় স্পিন অস্ত্রে এত কম সময়ে যে এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে অজি ব্যাটিং লাইন-আপ, তা অনেক প্রাক্তনই আন্দাজ করতে পারেননি।
(কথা রাখেনি সরকার, সাক্ষীর অভিযোগের জবাব ক্রীড়ামন্ত্রীর)
সোমবারই বিরাট কোহলির আগ্রাসন নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন অজি তারকা ইয়ান হিলি। এমনকী তাঁর প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলার কথাও বলেছিলেন তিনি। ফলাফলেই সব উত্তর দিয়ে দিলেন ক্যাপ্টেন ‘হট’। আর ম্যাচের সেরা লোকেশ রাহুল জানিয়ে দিলেন, আজ শুধু সেলিব্রেশনের পালা। বাকি সব ভাবনা পরে হবে।
The post অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করে সিরিজে ফিরল বিরাটবাহিনী appeared first on Sangbad Pratidin.
