সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলগঠনের শুরুতেই বড়সড় চমক দিল গঙ্গাপারের ক্লাব। ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কেড়ে চার্চিলের লাইবেরিয়ান মিডফিল্ডার ক্রোমাকে সই করিয়ে নিল মোহনবাগান। তবে শুধু ইস্টবেঙ্গল নয়, ক্রোমার সঙ্গে চুক্তি নিয়ে কথা চালাচ্ছিল আই লিগের আরও দু’টি ক্লাব। সেখান থেকে প্রতিপক্ষদের ড্রিবল করে রথযাত্রার দিন বেশি রাতে কলকাতায় বসে ক্রোমাকে চুক্তিপত্রে সই করিয়ে নিলেন সবুজ-মেরুন কর্তারা। মোহনবাগানে এসে স্বভাবতই খুশি লাইবেরিয়ান মিডফিল্ডার। সবুজ-মেরুন জার্সিতে সইয়ের পর ক্রোমা বলছিলেন, “অনেকদিনের ইচ্ছে ছিল, মোহনবাগানের মতো বড় ক্লাবে খেলব। এবার আমার স্বপ্নের দিন শুরু হল।”
[ড্রেসিংরুমে মারামারি করছেন পাণ্ডিয়া-জাদেজা! ভাইরাল ভিডিও]
আইএসএল-আই লিগ নিয়ে মোহনবাগানকে সঙ্গী করে আন্দোলনের রাস্তায় হাঁটলেও নিঃশব্দে নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল ইস্টবেঙ্গল। সেখানে আইএসএল না আই লিগ, কোন লিগে খেলা হবে, তা নিশ্চিতভাবে না জানার আগে দলবদলের বাজারে শুরু থেকে ঝাঁপাতে রাজি হননি মোহনবাগান কর্তারা। এখনও পর্যন্ত আইএসএল-আই লিগ নিয়ে সরকারি কোনও সিদ্ধান্ত না হলেও বেসরকারিভাবে কর্তারা জেনে গিয়েছেন, এবারের জন্য আইএসএলে খেলা সম্ভব হচ্ছে না। তারপরেই দলবদলের বাজারে নেমে দ্রুত রান তুলতে শুরু করে দিয়েছেন বাগানের দুই কর্তা সৃঞ্জয় বোস এবং দেবাশিস দত্ত। প্রথমে নিঃশব্দে কিংসলেকে সই। তারপর ইস্টবেঙ্গল, আইজল আর চার্চিলকে হারিয়ে গোয়ার ক্লাব থেকে ক্রোমাকে তুলে
নেওয়া।
[অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে এই রেকর্ডটি এখন বিরাটদের পকেটে]
চার্চিল মিডফিল্ডারের সঙ্গে এক মরশুমের চুক্তি হলেও, ক্রোমাকে জানানো হয়েছে, কলকাতা লিগের পর কিন্তু তাঁর পারফরম্যান্স আতসকাচের নিচে ফেলে পর্যবেক্ষণ করবেন কোচ সঞ্জয় সেন। তিনিই সিদ্ধান্ত নেবেন, আই লিগেও তাঁকে খেলানো হবে কি না। মোহনবাগানের সব প্রস্তাবেই রাজি হয়ে চুক্তিপত্রে সই করে দিয়েছেন নতুন বিদেশি তারকা। গত মরশুমে বারাসতে একাই মরগ্যানের ইস্টবেঙ্গল ডিফেন্সকে নাস্তানুবাদ করে দিয়েছিলেন ক্রোমা। ড্রিবলে নাজেহাল করে দিয়েছিলেন বুকেনিয়াদের। মিডফিল্ড থেকে শুধু আক্রমণে যাওয়া নয়, দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে গোলটাও করতে পারেন ক্রোমা। প্রমাণ, গত মরশুমে চার্চিলের জার্সিতে ১৩ ম্যাচে ৬ গোল। তারপর থেকেই ক্রোমাকে নজরে রাখতে শুরু করেছিলেন লাল-হলুদ
কর্তারা। নজরে পড়ে যান মোহনবাগান কর্তাদেরও। আগ্রহ দেখায় আইজলও। এদিকে, ক্রোমার পুরোনো ক্লাব চার্চিলও জানিয়ে দেয়, তাঁকে রাখতে আগ্রহী তারা। সব জেনেই পাশাপাশি কথা চালিয়ে যান মোহনবাগানের দুই কর্তা সৃঞ্জয় আর দেবাশিস। তিন মাস ধরে টানা লেগে থেকে সই করানোর জন্য ক্রোমাকে রাজি করিয়ে ফেলেন তাঁরা। সইয়ের পর হাসি মুখে ক্রোমা জানিয়ে দেন, অন্য কোনও ক্লাব নয়, এখন তিনি মোহনবাগানেরই।
The post ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে নয়া বিদেশি সই করাল বাগান appeared first on Sangbad Pratidin.
