shono
Advertisement

মোহনবাগান রত্নের জন্য সৃঞ্জয়ের প্রস্তাব খারিজ, বদলে গেল ক্লাবের সহ-সচিবই

এতদিন পর আচমকা গ্রহণ করা হল সৃঞ্জয় বোসের পদত্যাগপত্র। The post মোহনবাগান রত্নের জন্য সৃঞ্জয়ের প্রস্তাব খারিজ, বদলে গেল ক্লাবের সহ-সচিবই appeared first on Sangbad Pratidin.
Posted: 09:20 PM Jul 16, 2018Updated: 09:58 PM Jul 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাকে এবার মোহনবাগান রত্ন হিসেবে সম্মানিত করা হবে, সোমবার কার্যকরী কমিটির বৈঠকেই সেই সিদ্ধান্ত হয়ে গেল। তবে নাটকীয়ভাবে এদিন সহ-সচিবের সুপারিশ তো খারিজ হলই, উলটে সহ-সচিবের পতদ্যাগপত্র গ্রহণ করে নতুন সহ-সচিবের নামও ঘোষণা করে দিলেন অঞ্জন মিত্র।

Advertisement

সোমবার যে কার্যকরী কমিটির বৈঠক হবে, সে কথা একেবারে শেষমুহূর্তে জানতে পারেন সৃঞ্জয় বোস। এই খবর পাওয়ার পরই অবশ্য সচিবকে মোহনবাগান রত্নের জন্য তিনটি নাম সুপারিশ করেছিলেন তিনি এবং দেবাশিস দত্ত। অশোক চট্টোপাধ্যায়, প্রণব গঙ্গোপাধ্যায় এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম সুপারিশ করা হয়েছিল। যদিও সে নাম বিবেচনা করা হয়নি। বরং সচিব অঞ্জন মিত্র গোষ্ঠীর তরফে জানিয়ে দেওয়া হল, ক্লাবের সহ-সচিব হিসেবে সৃঞ্জয় বোসের জায়গায় আজ থেকে এলেন স্বাধীন মল্লিক। উল্লেখ্য, সৃঞ্জয় বোস আগেই সহ-সচিব পদ থেকে ইস্তফা দিলেও তা এতদিন গ্রহণ করা হয়নি। তবে এদিন আচমকাই তা গ্রহণ করে নতুন সহ-সচিবের নামও ঘোষণা করে দেওয়া হল।

এদিন ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হয়, এবার মোহনবাগান রত্নে ভূষিত করা হবে প্রাক্তন ফুটবলার প্রদীপ চৌধুরিকে। পাশাপাশি বাংলার প্রাক্তন তারকা ক্রিকেটার অরুণলালকে দেওয়া হবে লাইফ-টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। হকিতে জীবনকৃতী সম্মানে ভূষিত হবেন গুরবক্স সিং। এই দুটি নাম সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্তর তরফেও সুপারিশ করা হয়েছিল। বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষিত হয়েছে সুদীপ চট্টোপাধ্যায়ের নাম। সবুজ-মেরুনের বাজপাখি শিল্টন পালকে এবারের সেরা গোলকিপার বেছে নেওয়া হয়েছে। এদিকে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করায় সংবর্ধনা জানানো হবে রহিম আলিকে।

[কোচ সাউথগেটকে সম্মান জানাতে ইংল্যান্ডে বদলে গেল স্টেশনের নাম]

এদিকে ফের বাগান সচিবের কাছে অসম্মানিত টুটু বোস। ক্লাবের বার্ষিক সাধারণ সভার দিন তাঁকে সভাপতি হিসাবে মেনে নিলেও ফের তা অস্বীকার করা হয়। যার পরিপ্রেক্ষিতে ফের অঞ্জন মিত্রকে চিঠি পাঠান টুটুবাবু। তিনি লেখেন, গত ১৪ তারিখ কার্যকরী কমিটির সভা হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সভা বাতিল হয়। সেখানে তাঁকে ‘প্রাক্তন সভাপতি’ হিসাবে সম্মোধন করা হয়। যাতে তিনি অসম্মানিত হয়েছেন। অথচ ৬ জুলাই ক্লাবের মেইল থেকে তাঁকে পাঠানো হয়েছিল, তাতে তাঁকে সভাপতি বলেই সম্মোধন করা হয়। কিন্তু আচমকা কী হল, তা তাঁর বোধগম্য হচ্ছে না।

১৯৯৫ সাল থেকে মোহনবাগানের সভাপতি টুটু বোস। অথচ চলতি বছরের ১২ জুলাই তাঁকে প্রাক্তন সভাপতি হিসাবে সম্মোধন করায় তিনি অসম্মানিত। ক্লাবের প্রয়োজনে সম্প্রতি ১ কোটি টাকাও দিয়েছেন। কিন্তু তারপরেও তাঁকে সভাপতি মানতে চাইছেন না অঞ্জন মিত্ররা। এসবের পরও তিনি ক্লাবের পাশে দাঁড়াতে চান বলে জানিয়েছেন। যদি তাঁকে কেউ ভুল বসত প্রাক্তন সভাপতি বলা হয়ে থাকে তাহলে আলাদা ব্যাপার। তাঁর অনুরোধ, ভুল যেন শুধরে নেওয়া হয় এবং তাঁকে প্রত্যেক সভায় সভাপতি হিসাবে সম্মোধন করা হয়।

[গুগল সার্চে ট্রেন্ডিং হিমা, সোনার মেয়ের জাত খুঁজছেন নেটিজেনরা]

The post মোহনবাগান রত্নের জন্য সৃঞ্জয়ের প্রস্তাব খারিজ, বদলে গেল ক্লাবের সহ-সচিবই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement