সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরু টেস্টে ডিআরএস কাণ্ড নতুন করে মাঙ্কিগেট-এর স্মৃতি উসকে দিয়েছে। সেই বর্ডার-গাভাসকর সিরিজ। এবার যেখানে ঘরের মাটিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দুই দলের নেতা বিরাট কোহলি ও স্টিভ স্মিথ। সেবার সিডনিতে সেই ভূমিকায় ছিলেন হরভজন সিং ও অ্যান্ড্রু সায়মন্ডস। রাঁচি টেস্টের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে ফিরে এল সেই ঘটনার কথা।
[১৪০ বছর আগের ক্রিকেট ইতিহাসকে মনে করাল গুগল ডুডল]
আত্মজীবনী ‘মাই স্টোরি’ প্রকাশ অনুষ্ঠানে শহরে হাজির হয়েছিলেন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। সেই অনুষ্ঠানেই ওঠে মাঙ্কিগেট প্রসঙ্গ। তখনই সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “মাঙ্কিগেট নিয়ে ক্লার্কের বইয়ে কী লেখা আছে জানি না। তবে আমি নিশ্চিত বইয়ে সব সত্যিটা লেখা নেই।” তবে মজা করে এর ব্যাখ্যাও দিয়েছেন দেশের সর্বকালের অন্যতম সেরা নেতা। মহারাজ বলছেন, “একজন সর্দারজিই বুঝবেন আরেক সর্দার হরভজন সেই সময় আসলে কী বলতে চেয়েছিল। একে ‘মাঙ্কিগেট’ বা ‘হনুমানগেট’ যে নামেই ডাকা হোক। আমি তখন হরভজনের পাশেই দাঁড়িয়েছিলাম। আমি জানি ও ঠিক কী বলতে চেয়েছিল। তবে ‘মাঙ্কি’ কথাটা ও বলেনি। অন্যকিছু বলেছিল।” অর্থাৎ সৌরভ বুঝিয়ে দিলেন, ভাজ্জির কথা থেকে সায়মন্ডস ‘মাঙ্কি’ বুঝলেও আসল সিক্রেটটা কিন্তু তাঁর কাছেই বন্দি রয়েছে।
[ডিআরএস কাণ্ডের পর বদলে গেল রাঁচি টেস্টের ম্যাচ রেফারি]
চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজও সাক্ষী থেকেছে অন-ফিল্ড স্লেজিংয়ের। বেঙ্গালুরু টেস্টে যা বড়সড় আকার ধারণ করেছিল। তবে আইসিসি তা বিশেষ আমল না দেওয়ায় বিষয়টি আপাতত মিটে গিয়েছে। বাকি আরও দু’টি টেস্ট। সেখানে দুই দলের ক্রিকেটাররা পারফরম্যান্সের পাশাপাশি ভবিষ্যতের জন্য আর কী ‘কাণ্ড’ মজুত করেন, সেদিকেই এখন নজর ক্রিকেটমহলের।
The post ‘মাঙ্কিগেট’ বিতর্কের ‘সিক্রেট’ ফাঁস করলেন সৌরভ appeared first on Sangbad Pratidin.
