shono
Advertisement
EPFO

চাকরি বদলালেও চিন্তা নেই, পিএফের টাকা ইউপিআই-এর মাধ্যমে ঢুকবে অ্যাকাউন্টে, জানুন পদ্ধতি

প্রদীপের নিচে এতদিন অন্ধকার ছিল। নিজেদের জমা টাকা হাতে পেতে এতদিন অনলাইনে আবেদন করাই ছিল দস্তুর। সেই ঝক্কির দিন শেষ হতে চলেছে। এবার এক ক্লিকেই পিএফ-এর টাকা সরাসরি ঢুকবে আপনার অ্যাকাউন্টে। কীভাবে? জেনেন নিন।
Published By: Buddhadeb HalderPosted: 06:42 PM Apr 20, 2026Updated: 06:42 PM Apr 20, 2026

প্রদীপের নিচে এতদিন অন্ধকার ছিল। নিজেদের জমা টাকা হাতে পেতে এতদিন অনলাইনে আবেদন করাই ছিল দস্তুর। সেই ঝক্কির দিন শেষ হতে চলেছে। এবার এক ক্লিকেই পিএফ-এর টাকা সরাসরি ঢুকবে আপনার অ্যাকাউন্টে। সৌজন্যে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) নতুন প্রযুক্তি ‘সাইটস ২.০’ (CITES 2.0)।

Advertisement

ডিজিটাল বিপ্লবে আমূল বদল
এতদিন পিএফ-এর টাকা তুলতে বেশ ঝক্কি সামলাতে হত। অনলাইনে ফর্ম ফিলাপ থেকে শুরু করে বেশ কয়েকটি ধাপ পেরিয়ে তবেই পাওয়া যেত টাকা। আবার অনেক ক্ষেত্রে আবেদন না-মঞ্জুর হওয়ার আশঙ্কাও থাকত। কিন্তু কেন্দ্রীয় সরকার এবার ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আওতায় এই ব্যবস্থাকে সম্পূর্ণ আধুনিক করার সিদ্ধান্ত নিয়েছে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই ব্যবস্থাকে এবার সরাসরি পিএফ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এর ফলে জমানো টাকা তোলার গতি বেশ কয়েক ধাপ সহজ হয়ে যাবে।

৭৫ শতাংশ টাকা হাতের মুঠোয়
নতুন এই ব্যবস্থায় গ্রাহকরা তাঁদের মোট জমানো পিএফ ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা ইউপিআই-এর মাধ্যমে মুহূর্তের মধ্যে তুলে নিতে পারবেন। বাকি ২৫ শতাংশ টাকা অবসরকালীন সঞ্চয় হিসেবে গচ্ছিত থাকবে। এই জমা টাকার ওপর আগের মতোই নিয়মিত সুদ দেবে সংস্থা। মূলত চাকরি পরিবর্তনের সময় বা জরুরি প্রয়োজনে টাকা তোলা নিয়ে যে সমস্যা তৈরি হত, তা দূর করতেই এই উদ্যোগ।

আসছে নিজস্ব মোবাইল অ্যাপ
এতদিন 'UMANG' অ্যাপের মাধ্যমে পিএফ সংক্রান্ত কাজ চলত। এবার ইপিএফও নিজস্ব একটি স্বতন্ত্র মোবাইল অ্যাপ আনতে চলেছে। এই অ্যাপটি সরাসরি ভীম (BHIM) বা অন্য ইউপিআই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকবে। ফলে আলাদা করে দীর্ঘ ফর্ম পূরণ করার ঝামেলা থাকবে না।

পুরো ব্যবস্থাকে আরও মসৃণ করতে ‘সাইটস ২.০’ প্রযুক্তিকে ছ'টি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সদস্যের অ্যাকাউন্ট, নিয়োগকর্তার তথ্য প্রদান, দাবি নিষ্পত্তি, পেনশন, অর্থ এবং অভিযোগ প্রতিকার। জানা গেছে, এর মধ্যে পাঁচটি মডিউলের কাজ প্রায় শেষ। শেষ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা চলছে।

প্রযুক্তিবিদদের মতে, এই ব্যবস্থা চালু হলে পিএফ দপ্তরে দুর্নীতির সুযোগ কমবে। সাধারণ মানুষ ঘরে বসেই স্বচ্ছভাবে নিজ আমানতের হিসাব পাবেন। সরকারি পরিষেবাকে আরও জনমুখী করতেই এই বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র। ওয়ান নেশন, ওয়ান পেমেন্ট ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement