shono
Advertisement
Google

এআই সামারি ভুল তথ্য দিলে দায় গুগলের! আদালতের রায়ে কী জবাব সংস্থার?

সম্প্রতি এক রিপোর্টে অসংখ্য উদাহরণ দেওয়া হয়েছিল গুগল এআইয়ের বিচিত্র 'ভ্রান্তিবিলাস'-এর।
Published By: Biswadip DeyPosted: 04:32 PM Jun 11, 2026Updated: 07:05 PM Jun 11, 2026

সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের ধারেকাছে আজও কেউ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে এআইয়ের সাহচর্য। কিন্তু এতে 'হিতে বিপরীত'ও হচ্ছে বলে দাবি অনেকের। অনেক সময়ই গুগলের এআই সামারিতে ইউজারদের বিভ্রান্ত হতে হচ্ছে! এই পরিস্থিতিতে জার্মানির এক আদালত জানিয়ে দিল, যদি গুগলের এআই ভুল তথ্য সরবরাহ করে তার দায় নিতে হবে সংস্থাকে। এমন রায়ের জবাবে বক্তব্যও রেখেছে। কী জানিয়েছে সুন্দর পিচাইয়ের সংস্থা?

Advertisement

মিউনিখের দুই প্রকাশনা সংস্থার দাবি ছিল, গুগল এআই তার সামারিতে তাদের বিরুদ্ধে নাম ভাঁড়ানো, সাবস্ক্রিপশনের ফাঁদ ও সন্দেহজনক ব্যবসায়িক কার্যক্রমের অভিযোগ এনেছিল। কিন্তু দুই সংস্থারই দাবি, ওই সব তথ্য সম্পূর্ণ ভুয়ো। আদালতের দ্বারস্থ হয় তারা। এরপরই সেই স্থানীয় আদালত জানিয়ে দেয়, যে তথ্য দেওয়া হয়েছে তার কোনও ভিত্তি নেই। যা যা দাবি করা হয়েছে, সবই ভুল। এবং এই ধরনের ভুলের দায় নিতে হবে গুগলকেই।

এই রায়ের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছে গুগলও। সংস্থাটি জানিয়েছে তাদের ‘এআই ওভারভিউ’ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা ওয়েবে থাকা তথ্য প্রতিফলিত করে। এবং এই ফিচারের সরবরাহ করা তথ্য অধিকাংশ ক্ষেত্রেই সঠিক। সেই সঙ্গেই আশ্বাস দেওয়া হয়েছে, যাবতীয় বিভ্রান্তিকর বা ভুল তথ্য শনাক্ত করে তার সমাধান করার ক্ষেত্রেও বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে।
গুগল এআই সামারির বিরুদ্ধে ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগ নতুন নয়। সম্প্রতি ‘দ্য গার্ডিয়ান’-এর এক রিপোর্টে অসংখ্য উদাহরণ দেওয়া হয়েছিল গুগল এআইয়ের 'ভ্রান্তিবিলাস'-এর। যার মধ্যে একটা হল লিভার ফাংশন টেস্ট। দেখা যাচ্ছে, যকৃতের গুরুতর সংক্রমণের ক্ষেত্রেও রোগীর টেস্টের ফলকে ‘স্বাভাবিক পরিসরের মধ্যেই’ বলে দাবি করছে গুগল এআই! ফলে আক্রান্ত ব্যক্তিরও মনে হতে পারে তিনি সুস্থই রয়েছেন। পরে দেখা গিয়েছে, গুগল নিঃশব্দে এই বিষয়ক তথ্যের ক্ষেত্রে ‘স্বাভাবিক পরিসর’ সংক্রান্ত বিষয়ে সব তথ্য সরিয়ে দিয়েছে।

এখানেই শেষ নয়। আরেকটি সার্চের ক্ষেত্রে দেখা যাচ্ছে, মেডিক্যাল ওয়েবসাইট থেকে তথ্য না নিয়ে ইউটিউবের ভিডিও থেকে তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নের জবাব দিচ্ছে গুগল এআই। প্রতি মাসে প্রায় ২০০ কোটি মানুষ গুগল সার্চ করেন। ফলে এই ধরনের ভুয়ো তথ্য জনসাধারণকে কতদূর বিভ্রান্ত করতে পারে তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement