shono
Advertisement
Google Chrome

গুগল ক্রোমে এআই বিপ্লব, নয়া ফিচারে বিনামূল্যে কী কী করা যাবে জানেন?

ইন্টারনেট দুনিয়ায় একাধিপত্য বজায় রাখতে এবার কৃত্রিম মেধা বা এআই-কে আরও শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করছে গুগল। ইউজারদের সুবিধার্থে তাদের জনপ্রিয় ব্রাউজার ক্রোমে যুক্ত হয়েছে এক নতুন চমক।
Published By: Buddhadeb HalderPosted: 06:07 PM Apr 15, 2026Updated: 06:07 PM Apr 15, 2026

ইন্টারনেট দুনিয়ায় একাধিপত্য বজায় রাখতে এবার কৃত্রিম মেধা বা এআই-কে আরও শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করছে গুগল। ইউজারদের সুবিধার্থে তাদের জনপ্রিয় ব্রাউজার ক্রোমে যুক্ত হয়েছে এক নতুন চমক। এর নাম দেওয়া হয়েছে 'স্কিলস'। মূলত জেমিনি এআই-এর হাত ধরে এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের দৈনন্দিন কাজকে আরও নিখুঁত করে তুলবে। এর ফলে বারবার একই নির্দেশ বা প্রম্পট টাইপ করার ঝক্কি থেকে মুক্তি মিলবে।

Advertisement

প্রতীকী ছবি

কী এই গুগল ক্রোম স্কিলস?
সহজ ভাষায় বলতে গেলে, 'স্কিলস' হল আপনার পছন্দের বা নিয়মিত ব্যবহৃত কিছু নির্দেশিকার সমষ্টি। ধরুন, আপনি বারবার ইন্টারনেটে রান্নার রেসিপি খোঁজেন অথবা বিভিন্ন ওয়েবসাইটের জিনিসের দাম চেক করেন। আগে এই কাজটির জন্য বারবার একই ধরণের নির্দেশ টাইপ করতে হত। এখন থেকে সেই নির্দেশটি একবার 'স্কিল' হিসেবে সেভ করে রাখলেই কেল্লাফতে। এরপর মাত্র একটি ক্লিকেই জেমিনি আপনার হয়ে সেই কাজ করে দেবে। এমনকী ব্রাউজারে খোলা একাধিক ট্যাবের তথ্য ঘেঁটে নিমেষের মধ্যে আপনার সামনে সব তথ্য হাজির করবে এই প্রযুক্তি।

কীভাবে ব্যবহার করবেন ফিচারটি?
এই ফিচারটি ব্যবহারের পদ্ধতিও বেশ সহজ। ক্রোম ব্রাউজারের উপরের ডানদিকের কোণে জেমিনি আইকনে ক্লিক করলেই এই দুনিয়ায় প্রবেশ করা সম্ভব। সেখানে গিয়ে নিজের পছন্দমতো প্রম্পট লিখে সেটিকে স্কিল হিসেবে সেভ করা যাবে। পরে ব্যবহারের সময় কেবল একটি 'স্ল্যাশ' (/) টাইপ করলেই বা প্লাস চিহ্নে ক্লিক করলেই সেভ করা স্কিলগুলো সামনে চলে আসবে। গুগল ইতিমধ্যেই ৫০টির বেশি প্রি-সেট স্কিল তৈরি করে রেখেছে। যার মাধ্যমে প্রোটিন ক্যালকুলেট করা থেকে শুরু করে দীর্ঘ কোনও নথির সারসংক্ষেপ তৈরি— সবই হবে চোখের পলকে।

প্রতীকী ছবি।

তবে শুধু উৎপাদনশীলতা বাড়ানোই নয়, কেনাকাটা বা ব্যক্তিগত কাজের ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। জামাকাপড় কেনার সময় বিভিন্ন সাইটের দামের তুলনা করা এখন সময়ের অপেক্ষা মাত্র। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে গুগল জানিয়েছে, ইমেল পাঠানো বা ক্যালেন্ডারে কোনও ইভেন্ট যোগ করার মতো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এআই আগে ইউজারের অনুমতি নেবে। বর্তমানে এই সুবিধাটি কেবল ডেস্কটপ ইউজারদের জন্য এবং মার্কিন ইংরেজি ভাষায় রোল-আউট করা হচ্ছে। খুব শীঘ্রই এটি অন্যান্য ভাষাতেও উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে। প্রযুক্তির এই নতুন মোড়কে ক্রোম ব্যবহারকারীদের অভিজ্ঞতা যে আমূল বদলে যেতে চলেছে, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement