shono
Advertisement
UPI Payment

আর লাগবে না ইন্টারনেট, অফলাইনেই করা যাবে ইউপিআই লেনদেন!

আগেও ইন্টারনেট ছাড়া ইউপিআইয়ের সাহায্যে টাকা পাঠানো যেত। তবে সেজন্য কোনও না কোনও ধরনের নেটওয়ার্কের প্রয়োজন হত।
Published By: Biswadip DeyPosted: 02:01 PM Jul 21, 2026Updated: 07:07 PM Jul 21, 2026

৫ টাকা হোক বা ৫০ হাজার, এখন সকলেই ইউপিআই (UPI Payment) লেনদেনই করেন। কারণ, এতে ক্যাশ বয়ে বেড়ানোর ঝক্কি নেই। কিন্তু সমস্যা একটাই, ধরুন রেস্তরাঁয় গিয়ে খাওয়া দাওয়া শেষে দেখলেন, ইন্টারনেট কাজ করছে না! তাহলেই সর্বনাশ! কারণ, ইন্টারনেট ছাড়া তো অনলাইন পেমেন্ট সম্ভব না। কিন্তু জানেন কি নেট ছাড়াও ইউপিআই লেনদেন করা সম্ভব হবে এবার! এক সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, এবার ইউপিআইয়ে আনা হচ্ছে নতুন একটা ফিচার। সেই ফিচারের সাহায্যে অনায়াসেই অফলাইনে লেনদেন করা যাবে।

Advertisement

কীভাবে হবে এই লেনদেন? বলা হচ্ছে, ইউজাররা অফলাইন মার্চেন্ট টার্মিনালে 'নিয়ার-ফিল্ড কমিউনিকেশন' প্রযুক্তির মাধ্যমে লেনদেন করতে পারবেন। এটা একধরনের স্বল্প-পাল্লার তারবিহীন প্রযুক্তি। যা কাছাকাছি দূরত্বে ব্লুটুথের তুলনায় দ্রুত ও অধিক সুরক্ষিতভাবে কাজ করে। তবে এই পদ্ধতিতে লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ ২,০০০ টাকার সীমা নির্ধারণ করা হবে বলে জানা গিয়েছে। আর সেজন্য প্রথমেই ডিভাইসে থাকা 'ইউপিআই লাইট' নামের এক ডিজিটাল ওয়ালেটে টাকা জমা করতে হবে। ইন্টারনেট সংযোগ নেই এমন স্থানে কিংবা অফলাইন টার্মিনালেও কোনও ইউপিআই পিন ছাড়া তারা সেই ব্যালেন্স ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন।

বলে রাখা ভালো, আগেও কিন্তু ইন্টারনেট ছাড়া ইউপিআইয়ের সাহায্যে টাকা পাঠানো যেত। *99# ডায়াল করে কিংবা ইউপিআই ১২৩পে-র মতো পরিষেবার সাহায্যে। কিন্তু সেটা ছিল একেবারেই সীমাবদ্ধ পদ্ধতি। এমনকী বর্তমানে প্রচলিত অফলাইন পদ্ধতিগুলোর জন্যও কোনও না কোনও ধরনের নেটওয়ার্কের প্রয়োজন হয়। কিন্তু নতুন ইউপিআই ফিচারের ক্ষেত্রে হয়তো তারও প্রয়োজন হবে না।

প্রসঙ্গত, ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’। ভারতের তৈরি অভিনব এই প্রযুক্তি এই মুহূর্তে ব্যবহার করছে পৃথিবীর বহু দেশ। এহেন ইউপিআই-কে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার আইএমএফ। আন্তর্জাতিক এই সংস্থা স্বীকার করে নিয়েছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম হল ভারতের ইউপিআই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement