আপনি কি জানেন, আপনাকে সারাক্ষণ নজরে রাখা হচ্ছে? না, কোনও অশরীরী আত্মা কিংবা গোয়েন্দা নয়, আপনার সাধের আইফোনই করছে এই 'কীর্তি'। গত বছর থেকেই একটি নতুন ফিচার যুক্ত হয়েছে। আইওএস ২৬-এর সফ্টওয়্যার আপডেট করলেই সেই ফিচার ব্যবহার করতে পারছেন গ্রাহকরা। এর নাম ‘সিগনিফিক্যান্ট লোকেশানস’। এই প্রযুক্তির কাজই হল গ্রাহকের বহু তথ্য মনে রাখা। অর্থাৎ তিনি কখন কোথায় যাচ্ছেন, সবই রেকর্ড হয়ে যাচ্ছে।
স্বাভাবিক ভাবেই বিতর্ক তৈরি হয়েছে। তাহলে কি গ্রাহকদের গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে অ্যাপল? কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছে সংস্থা। জানিয়েছে, সমস্ত তথ্যই এনক্রিপ্টেড। সংস্থার পক্ষে তার নাগাল পাওয়াই সম্ভব নয়। তবে এরপরও বিশেষজ্ঞদের একাংশ কিন্তু বলছেন, এই ফিচারটি বন্ধ রাখাই ভালো। জেনে নিন কীভাবে তা করবেন।
প্রথমেই সেটিংসে যান। সেখান থেকে অ্যাপস, তারপর ম্যাপস। এরপর লোকেশন সেটিংসে গিয়ে 'প্রিসাইস লোকেশন অ্যান্ড ভিজিটেড প্লেসেস' গিয়ে সুইচ টার্ন অন করুন। এমনকী, ভিজিটেড প্লেসেসও অফ থাকলে সেটা অন করুন। এবার ফের সেটিংসে যান। সেখানে 'প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি' সিকেল্কেট করে লোকেশন সার্ভিসেসে গিয়ে টার্ন অন করুন। তারপর স্ক্রিনের নিচে গিয়ে 'সিস্টেম সার্ভিসেস' বেছে নিন। সেখান থেকে 'সিগনিফিক্যান্ট লোকেশনস অ্যান্ড রুটস'-এ ট্যাপ করুন। তা অন করুন। এবার অ্যাপল ম্যাপে 'ভিজিটেড প্লেসেস'-এ যান। এই ফিচারটি ব্যবহার করে দেখতে আপনার আইফোনে 'ম্যাপস' অ্যাপটি খুলুন। 'প্লেসেস' অপশনে ট্যাপ করুন এবং 'ভিজিটেড প্লেসেস' নির্বাচন করুন। এবার আপনি ম্যাপস-এর মাধ্যমে যেসব জায়গায় গিয়েছেন, তার তালিকা দেখতে পাবেন। এই তথ্যগুলি ৩ মাস সেভ থাকে। চাইলে ডিউরেশনও বাড়ানো যায়। তবে আপনি যেহেতু সব মুছে দিতে চাইছেন তাই 'ভিজিটেড প্লেসেস' ডিজেবল করে দিন। এর জন্য সেটিং থেকে অ্যাপস, সেখান থেকে ম্যাপস। তারপর 'সেটিং ফর লোকেশন'। এবার সুইচ বন্ধ করে দিন। তাহলেই আর আপনার আইফোন কোনও নজরদারি চালাতে পারবে না।
