shono
Advertisement
Rupa Bhattacharya

নিরাপদ নয় পাটুলি! দু'দিন রাস্তায় হেনস্তার শিকার হয়ে থানায় অভিনেত্রী রূপার, ওগরালেন ক্ষোভ

একদিনের ব্য়বধানে দু'বার পাটুলির রাস্তায় শারীরিক আক্রমণ এবং 'ইভটিজিং'য়ের শিকার অভিনেত্রী। নারী নিরাপত্তার কথা ভেবে নিজের পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পালকেও ট্যাগ করেছেন রূপা ভট্টাচার্য।
Published By: Sandipta BhanjaPosted: 11:19 AM Jun 27, 2026Updated: 02:59 PM Jun 27, 2026

পর পর দু'দিন প্রকাশ্য দিবালোকে রাস্তায় হেনস্তার শিকার রূপা ভট্টাচার্য (Rupa Bhattacharya)। অভিনেত্রী আদতে পাটুলির বাসিন্দা। কলকাতার অন্যতম শান্ত, নিরাপদ এবং জনবহুল এলাকা হিসেবেই পরিচিত পাটুলি। এবার সংশ্লিষ্ট এলাকায় হেনস্তাকারীদের দৌড়াত্ম্য নিয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন রূপা। অভিনেত্রীর দাবি, নারীদের জন্য পাটুলি আর নিরাপদ নয়। কেন? ঘটনার বর্ণনা দিয়ে দীর্ঘ ফেসবুক পোস্টে ক্ষোভও উগরে দিয়েছেন তিনি।

Advertisement

"ঘটনার আকস্মিকতায় তাকে ধাক্কা মারতে গিয়ে আমার ডান হাতে কেটে যায়। ছেলেটা সাইকেল নিয়ে ঝড়ের বেগে পালিয়ে যায়। পাটুলি থানায় অভিযোগ জানাতে গিয়ে দেখি, আরও একটি মেয়ে একই ঘটনার বর্ণনা দিচ্ছে। তার সাথেও মঙ্গলবার..."

টেলি অভিনেত্রীর অভিযোগ, গত ২৪ জুন, বুধবার এবং ২৬শে জুন, শুক্রবার একদিনের ব্য়বধানে দু'বার পাটুলির রাস্তায় শারীরিক আক্রমণ এবং 'ইভটিজিং'য়ের শিকার হয়েছেন তিনি। এহেন ভয়ংকর অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েই পাটুলির মহিলাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, 'বহিরাগত অপরাধী'দের উদ্দেশে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন রূপা ভট্টাচার্য। অভিনেত্রীর পোস্টে উল্লেখ, "আমি প্রায় ৪ বছর পাটুলিতে থাকি। সপ্তাহে অন্তত ৫ দিন আমি এখানে ২ কিলোমিটার করে হাঁটি। কোনও দোকানে গয়না কিনি, কোথাও ফুচকা খাই। রাস্তায় অনেক রাত অবধি মেয়েরা নিরাপদে ঘুরে বেড়ায় এখানে। মোটের উপর পাটুলি যথেষ্ট শান্তিপূর্ণ এবং নিরাপদ ছিল এতদিন। 'ছিল এতোদিন'- বলছি কারণ সরকার বদলের পর গত এক মাস ধরে পাটুলির নানা জায়গায় কিছু বাইরের ছেলেদের অস্বস্তিকর জটলা এবং বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করছি যখন এক সন্ধেয় হাঁটতে বেরচ্ছি।" কীরকম?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পালকেও ট্যাগ করেছেন রূপা ভট্টাচার্য।

রূপা জানালেন, "গত বুধবার সন্ধে ৭টা নাগাদ যখন রোজের মতো পাটুলি আর ব্লকের যে রাস্তা বাইপাসের ব্রিজের তলায় এসে মিশেছে, সেখান দিয়ে হেঁটে মোড়ের হনুমান মন্দিরের দিকে যাচ্ছি, তখন বেনুবন ছায়ার কিছুটা আগেই ব্রিজের পাশে একজন বছর কুড়ির সাইকেল আরোহী আমায় পিছু নেয়। তারপর সামনে গিয়ে ইউ টার্ন নিয়ে আবার আমার দিকে ধেয়ে আসে এবং আমায় শারীরিকভাবে হেনস্তা করার জন্যও আক্রমণ করে। ঘটনার আকস্মিকতায় তাকে ধাক্কা মারতে গিয়ে আমার ডান হাতে কেটে যায়। এবং ছেলেটা সাইকেল নিয়ে ঝড়ের বেগে পালিয়ে যায়। পাটুলি থানায় অভিযোগ জানাতে গিয়ে দেখি, আরও একটি মেয়ে একই ঘটনার বর্ণনা দিচ্ছে। তার সাথেও মঙ্গলবার অর্থাৎ ঠিক আগের দিন এক ঘটনা ঘটেছে পাটুলি মোড় থেকে ঢালাই ব্রিজ যাওয়ার রাস্তায় বাইপাসের উপরেই। এতে স্পষ্ট হয়ে যায় যে এলাকায় কোনও অভিজ্ঞ 'সিরিয়াল অফেন্ডার' সক্রিয় রয়েছে।" এরপর পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে রূপা ভট্টাচার্যকে নিয়ে ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে।" পরের ঘটনা গতকাল অর্থাৎ শুক্রবারের।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার সন্ধে পৌনে সাতটা নাগাদ পাটুলি টি ব্লকের খেলার মাঠের পাশে আবারও হেনস্থার শিকার হন অভিনেত্রী। রূপার দাবি, উলটোদিক থেকে আসা এক ডেলিভারি বয় বাইক নিয়ে এসে ইচ্ছে করে তাঁর গা ঘেঁষে গিয়ে ছোঁয়ার চেষ্টা করে। রূপা চমকে সরে গিয়ে তাকানোয় ওই ডেলিভারি বয় বাইক থামিয়ে হিন্দিতে রূপাকে হুমকি ও গালিগালাজ করতে শুরু করে। রূপার কথায়, "লোকটা হিন্দিতে আমায় গালিগালাজ করা শুরু করে এই বলে যে- 'আমি তো তোকে কিছু করিনি কিন্তু তুই পাক্কা কিছু বলেছিস।' অন্য জায়গা থেকে নিজের পেশার খাতিরে আসা এক ডেলিভারি বয়ের এখন এত সাহস বাড়ছে!" সংশ্লিষ্ট ঘটনায় রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তনকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন টেলিঅভিনেত্রী। নারী নিরাপত্তার কথা ভেবে নিজের পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পালকেও ট্যাগ করেছেন রূপা ভট্টাচার্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement