দিগন্ত বিস্তৃত সমুদ্র। আর তা পার করলেই পাহাড়। সঙ্গে উচ্ছ্বল নাইটলাইফ। সেই টানে গোয়া বহু পর্যটকের প্রথম পছন্দ। ভরা বর্ষাতেও সেখানে পর্যটকের কোনও খামতি নেই। বরং সেখানে পর্যটনে জোয়ার। এবার বর্ষায় ৪০ শতাংশ পর্যটক বেড়েছে। হিসাব বলছে, তাদের মধ্যে বেশিরভাগই 'মাইক্রোকেশন' (Micro-Cations) উপভোগ করেছেন। পর্যটনের ধারায় এটি একেবারেই নতুন। আপনিও কি নয়া ধারায় গা ভাসিয়েছেন?
একটা সময় মানুষ বছরভর অপেক্ষা করে থাকতেন। দীর্ঘদিন আগে থেকে ট্রেন কিংবা বিমানের টিকিট বুকিং করতেন। তারপর ১০-১২ দিনের জন্য দূরে কোথাও বেড়াতে যেতেন। পর্যটনের নয়া ধারা 'মাইক্রোকেশন' একেবারেই তা নয়। 'মাইক্রোকেশন' হল সর্বোচ্চ চার রাতের ছুটি। হতে পারে আপনি বাড়ি থেকে কিছুটা দূরে অন্য কোনও শহরে যাচ্ছেন। কিংবা সেই শহরেই যাচ্ছেন কোথাও। তা হতে পারে রোড ট্রিপ কিংবা একটিমাত্র বিমানের দূরত্ব। খুব বেশি ভাবনাচিন্তা না করে শুধু বেড়িয়ে পড়ার নামই 'মাইক্রোকেশন'।
বর্তমানে আমরা সকলেই ভীষণ ব্যস্ত। অফিসের হাজারও ডেডলাইন। সাংসারিক কিংবা পারিবারিক দায়দায়িত্ব। সব মিলিয়ে ত্রাহি ত্রাহি রব। শ্বাস নিতে না পারার মতো কাজের ফলে বাড়তে থাকে অবসাদ। তার ফলে একটা সময় যেন কাজের এনার্জিই চলে যায়। হাজার ব্যস্ততার ফাঁকে একটু অক্সিজেন জোগাড় করে নেওয়ার নামই হল 'মাইক্রোকেশন'। তাই পর্যটনের নয়া এই ধারা বহু ভ্রমণপিপাসুর মন কেড়েছে।
দ্বিতীয়ত, ছোট ছুটি মানে খরচও কম। তাই দ্রব্যমূল বৃদ্ধির এই যুগে অনেক টাকা জোগাড় করার চাপও নেই। বছরে দু-তিনমাস অন্তর যেমন টাকা জোগাড় করলেন তেমন কোনও জায়গায় 'মাইক্রোকেশনে'র জন্য বেরিয়ে পড়া সম্ভব।
চলুন জেনে নেওয়া যাক, কীভাবে আপনিও 'মাইক্রোকেশনে'র পরিকল্পনা করবেন?
- সপ্তাহান্ত এবং গণছুটির দিকে খেয়াল রাখুন। ধরুন, কোনও সপ্তাহে শুক্রবার গণছুটি। সেক্ষেত্রে শনিবার একটা ছুটি নিয়ে নিন। আর টানা ৩-৪ দিনের ছুটিতে বেরিয়ে পড়ুন। সময় বাঁচাতে চাইলে বৃহস্পতিবার সন্ধ্যা কিংবা রাতে রওনা দিন।
- ছোট্ট ট্রিপে সময় বাঁচানোর চেষ্টা করুন। সেক্ষেত্রে যাতায়াতে বেশি সময় লাগে এমন কোনও জায়গাকে 'মাইক্রোকেশনে'র জন্য বাছবেন না।
- তিন-চারদিনে যেখানে যাচ্ছেন, সেখানকার সর্বত্র যাওয়ার চেষ্টা করবেন না। তাতে ক্লান্তি বেশি হবে। ছুটি কাটানোর স্বাদ উপভোগ করা সম্ভব হবে না। তাই নির্দিষ্ট কিছু জায়গা বেছে নিন। আর সেখানেই যান।
- 'মাইক্রোকেশনে'র জন্য সঠিক থাকার জায়গা বেছে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। নইলে ক্লান্তি আপনার সঙ্গী হবে। বেড়ানোর মজা উপভোগ করতে পারবেন না। তাই চেষ্টা করুন যাওয়ার আগে হোটেল বুক করে যেতে ভুলবেন না।
তাহলে আর দেরি কীসের, ৩-৪ দিনের ছোট্ট ছুটি জোগাড় করে বেরিয়ে পড়ুন।
