দিঘার জগন্নাথধামের (Digha Jagannath Temple) সঙ্গে বাস পরিষেবায় যুক্ত হল নবদ্বীপধাম (Nabadwip Dham)। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হল দিঘা থেকে নবদ্বীপ যাত্রী পরিবহণ। একই বাসে এবার মানুষ পৌঁছে যেতে পারবেন নবদ্বীপ থেকে দিঘা জগন্নাথধাম। পাশাপাশি দিঘা থেকে নবদ্বীপধামে পৌঁছনো আরও সহজ হয়ে গেল। ইতিমধ্যে পরিবহণ দপ্তরের তরফ থেকে নবদ্বীপ থেকে দিঘা জগন্নাথধাম যাওয়ার দু'টি সরকারি বাস চালু করা হয়েছে। মাত্র ২৫০ টাকার টিকিটে নবদ্বীপ এবং দিঘার জগন্নাথধামে পৌঁছতে পারবেন দর্শনার্থীরা।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফ থেকে গত রবিবার এই বাস পরিষেবার চালু করা হয়েছে। সোমবার থেকে সেই বাসে পর্যটকদের ভিড় বিশেষ লক্ষ্য করা যায়। অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট বুক করা শুরু হয়েছে। পরিবহণ দপ্তর সূত্রে খবর, দিঘা থেকে প্রতিদিন এই বাস ছাড়বে সকাল ৮টা নাগাদ। অন্যদিকে, নবদ্বীপ থেকে সকাল ৬টায় এই বাস ছেড়ে আসবে দিঘার উদ্দেশ্যে। গত বছর জগন্নাথধাম উদ্বোধনের পর থেকেই পরিবহণে জোয়ার এসেছে। জগন্নাথধামে মানুষের ভিড়ের কথা মাথায় রেখে পরিবহণ দপ্তরের তরফ থেকে আগেই দিঘাগামী বাসের সংখ্যা বাড়ানো হয়েছিল। উত্তরবঙ্গ থেকেও সরাসরি দিঘা পর্যন্ত বাস পরিষেবা চালু করা হয়েছে।
এবার পরিবহণ দপ্তরের উদ্যোগে সংযুক্ত হল দুই তীর্থক্ষেত্র। দিঘা জগন্নাথধাম (Digha Jagannath Temple) ট্রাস্ট কমিটির সদস্য তথা কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, "এই পরিষেবা বিশেষ করে বিদেশি ভক্তদের জন্য অত্যন্ত উপকারী হবে। প্রতিবছর বিশ্বের নানা দেশ থেকে কয়েক হাজার ইসকন ভক্ত মায়াপুরে আসেন। তাঁদের অনেকেই দিঘা জগন্নাথধাম দর্শন করতে চান। এই সরাসরি যোগাযোগ ব্যবস্থায় তাঁদের যাত্রাকে আরও সহজ, নিরাপদ এবং সুবিধাজনক করে তুলবে।"
