shono
Advertisement
Supreme Court

১০৫ বছরে মুক্তির স্বাদ! খুনের মামলায় মালদহের শতায়ুর যাবজ্জীবন সাজা মকুব করল সুপ্রিম কোর্ট

১৯৮৮ সালে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে নিজের ভাই সুরেশ মণ্ডলকে খুনের অভিযোগ ছিল মালদহের বাসিন্দা রসিকচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে।
Published By: Arpita MondalPosted: 01:43 PM Aug 22, 2026Updated: 02:27 PM Aug 22, 2026

বছর ১০৫। জীবনের প্রায় কিনারায় দাঁড়িয়ে মুক্তির স্বাদ পেলেন মালদহের বৃদ্ধ। দীর্ঘদিন ধরে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়েছিলেন মালদহের বাসিন্দা রসিকচন্দ্র মণ্ডল। কিন্তু তাঁর যা বয়স এবং শারীরিক অবস্থা, সেদিকে নজর দিয়েই এবার ওই বৃদ্ধের সাজা মকুব করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার শীর্ষ আদালত জানায়, তাঁকে আর জেলে ফিরতে হবে না। বাকি জীবনটা স্বাধীন ভাবেই কাটাতে পারবেন তিনি।

Advertisement

১৯৮৮ সালে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে নিজের ভাই সুরেশ মণ্ডলকে খুনের অভিযোগ ছিল মালদহের বাসিন্দা রসিকচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে। সেই মামলায় ১৯৯৪ সালে তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন জেলে থাকার পর ২০১৮ সালে তাঁর করা আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রসিকচন্দ্র। শীর্ষ আদালতও সাজা বাতিল করেনি। তবে বয়স বৃদ্ধির সঙ্গে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ২০২০ সালে ৯৯ বছর বয়সে ফের তিনি আগাম মুক্তির আবেদন করেন।

২০২১ সালের মে মাসে এই আবেদনের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকারের কাছে জবাব চায় সুপ্রিম কোর্ট। এরপর ২০২৪ সালের নভেম্বর মাসে তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। সেই সময় থেকে জেলের বাইরে ছিলেন ওই বৃদ্ধ। শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার সঙ্গে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি করে। আদালত জানায়, রসিকচন্দ্রের বয়স বিবেচনা করে তাঁর যাবজ্জীবন সাজার বাকি সময়টুকু আর ভোগ করতে হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement