'উলটো করে ঝুলিয়ে দেওয়া' মন্তব্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী সভায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিংসা ও সন্ত্রাসের কথা বলেছেন বলে দাবি করেন তিনি। আইনজীবীদের উদ্দেশে মমতা বলেন, "কেস করবেন। আমার কাছে ভিডিও আছে। এটা অপরাধ। স্বরাষ্ট্রমন্ত্রী এরকম কথা বলতে পারেন না। আমি যেমন বলতে পারি না, অন্যরাও বলতে পারেন না। আইন সবার জন্য এক।"
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন একাধিক সভা থেকে তৃণমূলের গুন্ডাদের উলটো করে ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মন্তব্য নিয়েই এবার ফুঁসে উঠলেন মমতা। তিনি বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারের একটা দায়িত্ব আছে। সেই চেয়ারে বসে কীভাবে ভরা সভা থেকে তিনি বলছেন, ঝুলিয়ে দেওয়া হবে, পা উপরে আর মাথা নিচে!"
এদিনের সভা থেকে ফের একবার নরেন্দ্র মোদি ও অমিত শাহকে আমোদী-প্রমোদী বাবু বলে তোপ দাগেন মমতা। জীবন্ত অবস্থায় নিজের নামে স্টেডিয়াম বানানোয় মোদির কটাক্ষও করেন তিনি। তিনি জানান, বিজেপি দেশটাকে শেষ করে দিয়েছে। কাশী বিশ্বনাথ মন্দির করতে গিয়ে অজস্র মন্দির ভেঙেছে। দিল্লিতে বাঙালিদের উৎখাত করতে গিয়ে কালীমন্দিরও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিজেপি। তাঁদের মুখে ধর্মের কথা শুনতে রাজি নন মমতা। তাঁর কথায়, "হিন্দু ধর্মের সর্বনাশ করছে বিজেপি। এরা চার নম্বরি। গান্ধীজিকে ৩টে বুলেট চালিয়েছিল। সেই ৩টে বুলেটের উত্তর চাই।" মমতা জানান, সেই তিন বুলেটের একটি হল, প্রতি বছর ২ কোটি বেকারকে চাকরি দেবেন বলেছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু দেশে ৪০ শতাংশ বেকার বেড়েছে। বাংলায় ৪০ শতাংশ বেকার কমেছে। চারিদিকে শুধু ইন্ডাস্ট্রি। প্রত্যেকটা হাসপাতালকে ঢেলে সাজানো হয়েছে। দ্বিতীয় বুলেট হল, বিজেপি ক্ষমতায় এলে বলা হয়েছিল, সবার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। মমতার প্রশ্ন, "দিয়েছেন?" কালো টাকা ফেরত নিয়ে আসবে বলে মানুষের সব টাকা ফেরত নিয়েছিল। তৃতীয় বুলেট হল, "কালো টাকা ফেরত এসেছে?"
মোদির নৌকাবিহার নিয়েও ফের কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, "আমরা ঘাটগুলি করে দিয়েছি, নিশ্চয়ই দেখতে দেখতে গিয়েছেন? তোমরা কোভিডের সময় ডেডবডি ভাসিয়ে দিয়েছিলে। মালদহে আমরা সেই বডিগুলি উদ্ধার করেছি। আমার রিকোয়েস্ট, মোদিজি আপনি তো থাকেন দিল্লিতে? সেখানে যমুনাতে গিয়ে ডুব দিয়ে আসুন না। ওটা দূষণে ভর্তি হয়ে গিয়েছে।" মুখ্যমন্ত্রীর অভিযোগ, গঙ্গা ভাঙন, ড্রেজিং, বন্যার জন্য টাকা দেয় না বিজেপি। বাংলায় ট্রেন ও বাসে করে বহিরাগতদের ঢোকানো হচ্ছে বলে অভিযোগ করেন মমতা।
গটগটের পালটা খটখটের দাওয়াই দেন মমতা। তাঁর অভিযোগ, হরিনাম সংকীর্তন বা আজানের আওয়াজ নয়, গোটা বাংলায় কেন্দ্রীয় বাহিনীর বুটের গটগটের শব্দ শোনা যাচ্ছে। তার পালটা হিসেবে মহিলাদের হিল পরে খটখট করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশ থেকে হেঁটে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
