প্রথম দফার শেষলগ্নে রক্তাক্ত খয়রাশোল। ইভিএমে কারচুপির অভিযোগে গণ্ডগোলের সূত্রপাত। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় খয়রাশোল ব্লকের বুধপুর গ্রাম। ভোটারদের অভিযোগ, ৬৫ নম্বর বুথে তৃণমূলের প্রতীকে ভোট দিলে, তা বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে খয়রাশোলে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড!
খয়রাশোলের ৬৫ নম্বর বুথে ইভিএমের বিভ্রাটের অভিযোগ পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে দুপুর থেকেই। বিকেল গড়াতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে খয়রাশোল। ইভিএম কারচুপির অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ আছড়ে পড়ে। ভোটকর্মীদের চাপ দিয়ে ভোট বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বাহিনীকে লক্ষ্য করে শুরু হয় হামলা। মুহুর্মুহু ইটবৃষ্টিতে পরিস্থিতি কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। একের পর এক গাড়িতে দেদার ভাঙচুর করা হয়। পালটা লাঠি উঁচিয়ে উত্তেজিত জনতাকে তাড়া করে বাহিনী। ক্ষুব্ধ জনতার ইটবৃষ্টিতে জখম হন বেশ কয়েকজন জওয়ান। গোটা এলাকায় ছেয়ে যায় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পকেট থেকে পিস্তল বের করতে হয় পুলিশকে।
পরিস্থিতি সামাল দিতে পিস্তল বের করতে হয় পুলিশকে।
সকাল থেকেই মোটের উপর শান্তিপূর্ণ ভোট দেখেছে বাংলা। দুপুর গড়াতেই ধীরে ধীরে বদলাতে শুরু করে ছবিটা। অশান্তির আশঙ্কায় আগেই বাহিনীকে সতর্ক করে কমিশন। মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম– বিকেল ৪টের পর এই তিন জেলায় অশান্তির আশঙ্কা নজর রাখছিল কমিশন। আশঙ্কা কার্যত সত্যি করেই খয়রাশোলে ব্যাপক উত্তেজনা তৈরি হয় প্রথম দফার শেষলগ্নে।
উল্লেখ্য, এদিন সকালেই হুমায়ুনের কবীরের দলের সঙ্গে তৃণমূলের অশান্তি ঘিরে দিনভর উত্তপ্ত ছিল নওদা। দুপুর থেকেই অশান্তির ছবি দেখা যায় কুমারগঞ্জে, লাভপুর সহ একাধিক জায়গায়। পটাশপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। অন্যদিকে আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে।
বীরভূমের মুরারইতেও উত্তেজনার পরিস্থিতি। গোরসা গ্রামের ৩১নং বুথে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ। জখম ইমাম শেখ ও কবিরুল শেখ নামে ২ কংগ্রেস কর্মী। অভিযোগ, কংগ্রেসের সমর্থকরা ভোট দিতে যাওয়ার সময় তাদেরকে জোড়াফুল প্রতীকে ভোট দিতে বলা হয়। সে সময় কংগ্রেস কর্মীরা প্রতিবাদ করতেই হামলার অভিযোগ। তৃণমূল কর্মীরা কংগ্রেসের দু'জনকে মারধর করে ও দু'জন কংগ্রেস কর্মীর মাথা ফাটানো হয় বলে অভিযোগ। দু'পক্ষের মধ্যে ঝামেলায় বেশ কয়েকজন আহত হয়। দু'পক্ষেরই কয়েকজনকে আটক করে পুলিশ।
