shono
Advertisement

পাকিস্তানে কয়লা খনির দখল নিয়ে ভয়াবহ লড়াই, নিহত অন্তত ১৫

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
Posted: 10:11 AM May 16, 2023Updated: 10:11 AM May 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে কয়লা খনির দখল নিয়ে ভয়াবহ লড়াই। এই গোষ্ঠী সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। আহত বহু। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া প্রদেশে। দীর্ঘদিন ধরেই অশান্ত প্রদেশটির কোহাট জেলায় দারা আদম খেল এলাকায় একটি কয়লা খনিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতের মেঘ জমছিল। সোমবার সেই সংঘাত গড়ায় ভয়াবহ সংঘর্ষে। গতকাল সান্নিখেল ও জারঘুন খেল নামের দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে খনির দখল নিয়ে হওয়া লড়াইয়ে প্রাণ হারিয়েছেন অন্তত পনেরো জন। আহতদের পেশোয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

[আরও পড়ুন: ‘ওরা জঙ্গি, ওদের সঙ্গে আলোচনা করা যায় না’, পিটিআই সমর্থকদের তোপ বিলাওয়ালের]

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এই সংঘর্ষ নিয়ে দেরা আদম খেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। ভবিষ্যতে যাতে এহেন ঘটনার ফের না ঘটে তা নিশ্চিত করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই আদিবাসী গোষ্ঠীর লড়াইয়ে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। ভয়াবহ গুলি বিনিময়ের ফলে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঘটনাস্থলে দ্রুত নিরাপত্তারক্ষীরা না পৌঁছলে পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে দাঁড়াত। ঠিক কতজন আহত তা এখনও পর্যন্ত জানা যায়নি।

উল্লেখ্য, কয়েক বছর ধরেই খাইবার পাখতুনখোয়ার দারা আদম খেল এলাকায় ওই কয়লা খনিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। রফা সূত্রের খোঁজে বহুবার ‘জিরগা’ বা আলোচনা সভার আয়োজন করেন স্থানীয় মুরব্বিরা। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও কোনও সমাধান মেলেনি। যার পরিণতিতে এই ভয়াবহ সংঘর্ষ।

[আরও পড়ুন: ইউক্রেনের ফাঁদে পা! ধ্বংস রাশিয়ার অত্যাধুনিক সুখোই-৩৫-সহ চার বিমান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement