ভারতের উপর শুল্ক (US Tariff on India) চাপাতে ডোনাল্ড ট্রাম্প যেন মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু সেই ইস্যুতে এবার নিজের দেশেই ধাক্কা খেতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। জানা গিয়েছে, প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে আমেরিকার ২৫টি প্রদেশ। প্রত্যেকটি প্রদেশই ডেমোক্র্যাটশাসিত। তাদের অভিযোগ, ট্রাম্পের শুল্কনীতিকে ইতিমধ্যেই বেআইনি বলে জানিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও নিজের ইচ্ছামতো একাধিক দেশের উপর শুল্ক চাপিয়ে যাচ্ছেন ট্রাম্প।
সোমবার নিউ ইয়র্কের বাণিজ্য আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগ, আদালতের রায় অমান্য করে ঘুরপথে শুল্ক চাপাচ্ছেন ট্রাম্প। আইনের ৩০১ ধারা এতদিন ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট কিছু দেশের জন্য যারা অনৈতিকভাবে ব্যবসা করে। কিন্তু ট্রাম্পের শুল্কবাণে আমেরিকার সামগ্রিক আমদানি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে শুল্কনীতি মার্কিন আদালত ইতিমধ্যেই একবার খারিজ করেছে সেই নীতিই আবারও ঘুরপথে বলবৎ করতে চাইছেন ট্রাম্প, এই মর্মে মামলা দায়ের করে বারাক ওবামা-জো বাইডেনের দল ডেমোক্র্যাট শাসিত প্রদেশগুলি।
দিনকয়েক আগেই মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়, মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারা মেনে নতুন শুল্ক চাপানো হয়েছে। জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য তৈরি রুখতে যেসব দেশ যথাযথ আইন প্রণয়ন করতে পারেনি, তাদের উপরেই বসানো হচ্ছে এই নতুন শুল্ক। এবার থেকে ভারতীয় পণ্যের উপর ১০ শতাংশ কর চাপবে। বলপূর্বক শ্রমের বিরুদ্ধে ব্যবস্থা পদক্ষেপ না করার অভিযোগে ৬০টি দেশের উপর নতুন করে শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এই তালিকায় ভারতের পাশাপাশি নাম রয়েছে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, সুইৎজারল্যান্ডের মতো দেশগুলির।
এখানেই শেষ নয়, ভারতীয় পণ্যের উপর আলাদা করে ১০০ শতাংশ শুল্ক চাপানোর চিন্তাভাবনাও চলছে মার্কিন প্রশাসনের অন্দরে। সম্প্রতি নতুন এক আইন পাশের প্রক্রিয়া শুরু করেছে আমেরিকা। এই আইনের মর্মার্থ, যেসমস্ত দেশ রাশিয়া থেকে এখনও শক্তিসম্পদ আমদানি করছে তাদের উপর বিপুল অঙ্কের শুল্ক চাপানো। ভারত দীর্ঘদিন ধরেই রুশ তেলের বড় ক্রেতা। তবে মার্কিন সেনেটে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ট্রাম্পের দল রিপাবলিকের। সেখানে এই বিল পাশ হয়ে যেতেই পারে।
