গৃহযুদ্ধে জর্জরিত পাকিস্তান (Pakistan)। ফের আফগানিস্তান সীমান্তের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ (Blast)। এই ঘটনায় মহিলা, শিশু-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় মৃতদের দেহ। আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত চারজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ ও পাক সেনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বান্নু জেলা-র ডোমেল তহশিলে একটি থানাকে লক্ষ্য করে আত্মঘাতী হামলাকারীরা গাড়ি নিয়ে হামলা চালায়। বিস্ফোরণের পরপরই এলাকায় গুলি চলে। বহু দূর থেকে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলেও দাবি। বিস্ফোরণের পর দ্রুত উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে।
আফগান সীমান্তের বিদ্রোহীদের আত্মঘাতী হামলার পর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই হামলার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের কর্তারা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিদ্রোহী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র সঙ্গে পাক সেনার সংঘর্ষ বছরভর লেগে রয়েছে। বিদ্রোহীদের দাবি, পাকিস্তানে তারা অবহেলিত। স্বাধীন খাইবার পাখতুনখোয়ার স্বপ্ন দেখে তারা। অন্যদিকে পাক সেনার দাবি, আফগান মদতে পাকিস্তানকে অস্থীর করছে জঙ্গিরা।
