shono
Advertisement
Amazon cargo jet

রানওয়ে থেকে ছিটকে ট্রাকে ধাক্কা! মিয়ামিতে আমাজনের কার্গো বিমানে অগ্নিকাণ্ডে মৃত ৫

দুর্ঘটনার পর অগ্নিকাণ্ডের জেরে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দুর্ঘটনার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
Published By: Amit Kumar DasPosted: 09:52 AM Sep 07, 2026Updated: 10:03 AM Sep 07, 2026

অবতরণের পর ভয়াবহ দুর্ঘটনা। রানওয়ে থেকে ছিটকে গিয়ে ট্রাকে ধাক্কা মারল পণ্য বিপণন সংস্থা আমাজনের কার্গো বিমান। দুর্ঘটনার জেরে আগুন লেগে যায় বিমানটি। রবিবার দুপুরে আমেরিকার মিয়ামিতে মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর অগ্নিকাণ্ডের জেরে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দুর্ঘটনার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisement

মিয়ামি বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে সকালে রওনা দিয়েছিল আমাজনের বোয়িং ৭৬৭-৩০০ কার্গো বিমানটি। স্থানীয় সময় অনুযায়ী দুপুর ২টো নাগাদ সেটি মিয়ামিতে অবতরণ করে। রানওয়েতে নামার পরই বিমানটির নিয়ন্ত্রণ হারান পাইলট। রানওয়ে পেরিয়ে রাস্তায় নেমে যায় বিমানটি। পরপর দুটি ট্রাককে ধাক্কা মেরে রাস্তার ধারে মুখ থুবড়ে পড়ে বিমানটি। সংঘর্ষের জেরে তাতে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকল। আগুন নেভানোর পাশাপাশি শুরু হয় উদ্ধারকাজ। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

দুর্ঘটনার একাধিক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর দাউদাউ করে জ্বলছে বিমান। ভীষণ কালো ধোঁয়া ঢেকে ফেলেছে গোটা এলাকা। বিমানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েচেহ একটি ট্রাক। যদিও কেন এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। এদিকে এই দুর্ঘটনার জেরে মিয়ামির রানওয়ে ও নিকটবর্তী রাস্তা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। অন্তত ২৫০টি বিমান দেরিতে ছেড়েছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement